০৫:২০ পি.এম
ভারতের মাটিতে পা রেখেই ক্রিকেটের উন্মাদনায় মেতে উঠেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে গলি ক্রিকেট খেলেন এই রাজদম্পতি। প্রিন্সেস অব ওয়েলস কেট শচীনের বলে বিশাল এক ছক্কা হাঁকিয়ে সবাইকে চমকে দেন।
বার্মিংহাম নাউয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মর্যাদাপূর্ণ পরিবেশবিষয়ক পুরস্কার ‘আর্থশট প্রাইজ’-এর আসরকে সামনে রেখে এই দম্পতি তিন দিনের ভারত সফরে এসেছেন। সফরের শুরুতেই ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের মাধ্যমে স্থানীয়দের সঙ্গে যুক্ত হন তাঁরা। মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটের বাণিজ্যিক এলাকার একটি বন্ধ রাস্তায় আয়োজিত গলি ক্রিকেটে শচীন টেন্ডুলকারের মুখোমুখি হন উইলিয়াম ও কেট।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নামেন প্রিন্স উইলিয়াম। প্রথমে একটি বড় শট খেলে কেটের করতালি কুড়ালেও, কয়েক বল পরেই এক তরুণ খেলোয়াড়ের বলে বোল্ড হন তিনি। তবে বোলিংয়ে এসে উইলিয়াম চমক দেখান; তার একটি ফুলটস বলে শচীন টেন্ডুলকার ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান।
আরও পড়ুন: আবারও জ্বলে উঠবে স্পেন; ইংল্যান্ডের কাছে হারের পর দে লা ফুয়েন্তে
এরপর ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন প্রিন্সেস কেট। ভক্তদের কাছে ‘লিটল মাস্টার’ খ্যাত শচীনের একটি ডেলিভারি সজোরে মাঠের বাইরে পাঠিয়ে ছক্কা হাঁকান তিনি। কেটের এমন শটে হাততালি দিয়ে প্রশংসা করেন স্বয়ং শচীন। পরে স্বামী উইলিয়ামের বলেও একইভাবে ছক্কা মারেন কেট। তবে শেষ হাসি হেসেছেন উইলিয়ামই; তার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কেট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন