০১:১০ পি.এম
কুয়েতে বিদ্যুৎ অবকাঠামোর ক্যাবল চুরি করে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে মিশরীয় ও বাংলাদেশি। অভিযানে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল, তামার সামগ্রী এবং তার কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা সন্দেহভাজনদের আটক করার জন্য দীর্ঘদিন নজরদারি এবং অনুসন্ধানের কার্যক্রম চালিয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল, তামার সামগ্রী এবং তার কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা এই অপরাধের কথা স্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা বিদ্যুৎ অবকাঠামোর ক্যাবল বারবার চুরি করে সেগুলো বিক্রি করেছে।
তদন্তের একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী একটি গুদামের সন্ধান পায়, যেখানে চুরি করা মালামাল সংরক্ষণ করা হতো। তদন্তের সময় জানা যায়, গুদামটি কুয়েতের একজন নাগরিকের মালিকানাধীন এবং মাসিক ২০০ কুয়েতি দিনারের বিনিময়ে অভিযুক্তদের কাছে ভাড়া দেয়া হয়েছিল।
আরও পড়ুন: গৃহবন্দির শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক
পরিদর্শনের সময় গুদামটিতে পৌরসভার বিধিমালা ও কুয়েত ফায়ার ফোর্সের অগ্নি-নিরাপত্তা নির্দেশনা লঙ্ঘনের প্রমাণও পাওয়া যায়। পরবর্তীতে কুয়েত ফায়ার ফোর্স আইনগত ব্যবস্থা গ্রহণ করে গুদামটি বন্ধের নির্দেশ দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি অবকাঠামো চুরি ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন