১১:৪৯ এম
জাতিসংঘ সাধারণ পরিষদ আগামী ১ জানুয়ারি, ২০২৭ থেকে দুই বছর মেয়াদের জন্য নতুন ৫ দেশকে নির্বাচিত করেছে। অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত নতুন দেশগুলো হলো—অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ ও টোবাগো এবং জিম্বাবুয়ে।
নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনে জয়লাভের পর পর্তুগিজ প্রতিনিধিদল উল্লাস প্রকাশ করছে। বুধবার (৩ জুন) সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য দেশগুলো তাদের বেছে নেয়। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গণমাধ্যমটির তথ্য মতে, ইউরোপ থেকে জার্মানিকে হারিয়ে সদস্য নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া এবং পর্তুগাল। অন্যদিকে, ফিলিপাইনকে হারিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সদস্যপদ পেয়েছে কিরগিজস্তান।
আরও পড়ুন: নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?
বাকিরা নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে নির্বাচিত দেশগুলো। ভোটাভুটির মাধ্যমে প্রতি বছর ৫টি করে দেশ ২ বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো ১৫, যার মধ্যে ১০টি অস্থায়ী সদস্য।
নিরাপত্তা পরিষদের এই নির্বাচনের আগের দিন (মঙ্গলবার) জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের সমন্বয়ে গঠিত সাধারণ পরিষদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত করেছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে তার এই ঐতিহাসিক মেয়াদকাল শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন