০৯:২০ এম
রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের এক নারী নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত্যুর ঘটনা ঘটে রোববার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে। মৃত নারীর নাম মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে রেফার হয়ে ওই ফিলিপাইনের নাগরিক জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। জানা যায়, ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বনানীর বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। এই দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায় এবং শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত
ডা. সুলতান মাহমুদ আরও জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে সর্বোচ্চ চিকিৎসা প্রদান করা হচ্ছিল। তবে রোববার দিবাগত রাতে তিনি মারা যান।
তার পরিচিতরা জানান, গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন ওই নারী। ২৮ অক্টোবর থেকে বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাড়ির বি/১ নম্বর ফ্ল্যাটে তিনি বসবাস শুরু করেন। ওই দিন রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে হঠাৎ আগুন ধরে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন