ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবিতে গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, চালক শিক্ষকপুত্র আটক


ঢাবিতে গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত, চালক শিক্ষকপুত্র আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনের সড়কে গাড়ির ধাক্কায় সাত শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে ভাষাবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর পায়ে গুরুতর আঘাত লেগেছে। এ ছাড়া তার মাথায়ও আঘাত রয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গাড়িটি প্রথমে ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম তাহিয়াকে ধাক্কা দেয়। পরে আরও ছয় শিক্ষার্থী গাড়ির ধাক্কায় আহত হন। গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শহীদুল ইসলামের ছেলে সাদমান সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাদমানের দাবি, গাড়ি চালানোর সময় আতঙ্কিত হয়ে ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে চাপ দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মুহূর্তের মধ্যেই ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বদলে যায় আতঙ্কে। গাড়ির ধাক্কায় কয়েকজন শিক্ষার্থী ছিটকে পড়েন। তাঁদের মধ্যে তাহিয়ার আঘাত ছিল সবচেয়ে গুরুতর। তাঁর পায়ে গুরুতর জখম হয় এবং মাথায়ও আঘাত লাগে। মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল বলে জানান মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মুসফিকুল ইসলাম। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অন্য আহত শিক্ষার্থীদেরও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

দুর্ঘটনার পর উপস্থিত শিক্ষার্থীরা গাড়িচালক সাদমান সাকিবকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাঁদের দাবি, ক্যাম্পাসের ভেতরে এমন দুর্ঘটনার দায় নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

‘ব্রেক নিতে গিয়ে অ্যাক্সিলারেটরে চাপ দিই’

দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে সাদমান সাকিব ‘আমার দেশ’-কে বলেন, ‘আমি আগে তেমন গাড়ি চালাইনি। আজকে শখের বসে গাড়ি নিয়ে বের হয়েছিলাম। সঙ্গে ড্রাইভারও ছিল। চালাতে চালাতে আমি কলা ভবনে একটা রাউন্ড দিয়ে আসি। ওই মুহূর্তে বেশি মানুষ দেখে আমি ভয় পেয়ে যাই। এফবিএসের সামনে এসে ব্রেক নিতে গিয়ে আমি অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে দিই।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গে গাড়ি দ্রুতগতিতে ছুটতে থাকে। সামনে থাকা কয়েকজন শিক্ষার্থীকে প্রথমে গাড়ি ধাক্কা দেয়। পরে ড্রাইভারের সহায়তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে আসে।

তবে দুর্ঘটনার আগেও গাড়িটির চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিনহা মল্লিক। তাঁর ভাষ্য, গাড়িটি একাধিকবার সড়কে ঘোরাঘুরি করছিল এবং চলার সময় সামনে থাকা রিকশা ও শিক্ষার্থীদের উদ্দেশে জোরে হর্ন দিচ্ছিল।

সিনহা মল্লিক বলেন, আমি আনুমানিক সাড়ে ১০টার দিকে স্যাডো থেকে সাইকেল নিয়ে এফবিএস রোডে উঠতেই গাড়িটি আমাকে অস্বাভাবিকভাবে ওভারটেক করে এফবিএসের দিকে যায়। সামনে যত রিকশা বা শিক্ষার্থী আসছিল, তাদের উদ্দেশে অনেক জোরে হর্ন দিচ্ছিল। সম্ভবত সেবার দুর্ঘটনাটি ঘটেনি। পরবর্তী চক্করে ঘটেছে।

আহতদের চিকিৎসা, মামলা নিয়ে প্রশাসনের আশ্বাস

আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত রামেক ডেন্টাল শিক্ষার্থী নুর ফাতেমার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার প্রয়োজন

আহত সাত শিক্ষার্থীর মধ্যে ছয়জন মার্কেটিং বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থী। তাঁদের হাত, পা, হাঁটু ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। অন্য আহত শিক্ষার্থী ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জান্নাতুল ইসলাম তাহিয়া। তাঁর পায়ের আঘাতের মাত্রা এবং হাড় ভেঙেছে কি না, তা চিকিৎসকদের পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতালে নেওয়ার পর আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে একজন আতঙ্কিত হয়ে পড়লে তাঁকে অক্সিজেন দেওয়া হয়। অন্যদের ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়। আহতদের চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনার ঘটনায় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁদের সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতোমধ্যে তাঁদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর প্রক্টর কার্যালয়ে উপস্থিত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করার আহ্বান জানান। এ দাবির পক্ষে তারা লিখিত আবেদন তৈরি করে শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করেন।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া বলেন, আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলা করার জন্য লিখিতভাবে আমাদের কাছে দাবি জানানো হয়েছে। প্রক্টর অফিসও এ বিষয়ে ইতিবাচক।

তিনি আরও বলেন, প্রক্টর অফিসের উদ্যোগে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করবে বলে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করছি।

এ বিষয়ে গণিত বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।

আরও পড়ুন: জবির দ্বিতীয় ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে দুই হাজার মাছের পোনা অবমুক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সুজুকি ডে ২০২৬’-এ উন্মোচিত নতুন ‘সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০’, মূল্য ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


‘সুজুকি ডে ২০২৬’-এ উন্মোচিত নতুন ‘সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০’, মূল্য ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা

সুজুকি বাংলাদেশ (র‍্যাংকন মোটর বাইকস লিমিটেড) আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে নতুন অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরবাইক ‘সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০’ উন্মোচন করেছে। এই উন্মোচন অনুষ্ঠানটি পূর্বাচলস্থ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (BCFEC) অনুষ্ঠিত হয়, যেখানে ‘সুজুকি ডে ২০২৬’ উপলক্ষে হাজারো বাইকার ও বাইকিংপ্রেমী উপস্থিত ছিলেন। নতুন মডেলটির পর্দা উন্মোচন করা হয় এক জমকালো অনুষ্ঠানে।

নতুন ভি-স্ট্রোম এসএক্স ২৫০ মডেলটির বাজারমূল্য (MRP) ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে, বাজার উন্মোচন উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ লঞ্চ অফার ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে বাইকটি প্রি-বুক অথবা ক্রয় করলে গ্রাহকরা ২০ হাজার টাকা ছাড়ে ৪ লাখ ২৯ হাজার ৯৫০ টাকায় বাইকটি কেনার সুযোগ পাবেন।

দিনব্যাপী এই মেগা ইভেন্টে আমন্ত্রিত বাইকারদের জন্য লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স এবং বাইকিং অ্যাকসেসরিজ এক্সিবিশনসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে শেষের দিকে অনুষ্ঠিত হয় মেগা মিউজিক্যাল কনসার্ট, যেখানে দেশের শীর্ষস্থানীয় ও কিংবদন্তি রকব্যান্ড জেমস, ওয়ারফেজ এবং কার্নিভাল তাদের রোমাঞ্চকর পারফরম্যান্সে পুরো প্রাঙ্গণ মাতিয়ে তোলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের গাছায় মাদক কারবারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


গাজীপুরের গাছায় মাদক কারবারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

গাজীপুর মহানগরীর গাছা থানার গুতিয়ারা এলাকায় মাদক কারবারিদের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের স্থানীয় জয়নুল আবেদীন মেমোরিয়াল হাইস্কুলের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেছেন যে, এলাকার রাসেল ও জসিমের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত রয়েছে। প্রতিবাদ করায় গত ১১ অক্টোবর রাতে দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুর রহমান রুবেলের পরিবারের ওপর হামলা চালানো হয়। এ হামলায় হাফিজুর রহমান, তাঁর ভগ্নিপতি হাসান শরীফ ও বাবা হযরত আলীসহ বেশ কয়েকজন আহত হন। বক্তাদের অভিযোগ, হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়।

বক্তারা জানিয়েছেন, এ ঘটনায় গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পরও অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তার, আহতদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা রুবেল, শাহ-আলম, অহনা, ইউসুফ, সেলিম, রাফাত, তানভীর, রাসেল খান ও সোহাগ হুজুরসহ অনেকে।

বক্তারা সতর্ক করে বলেছেন, যদি দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয়, তাহলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে গাছা এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এ বিষয়ে গাছা থানার ওসি মোহাম্মদ গোলাম রাব্বানী জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, "অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ মহড়া

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলা, অগ্নিকাণ্ডের সময় করণীয় এবং নিরাপদে আগুন নেভানোর কৌশল সম্পর্কে ধারণা দিতে অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়। মহড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনুর রশীদ, ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. আঃ সোবহান, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামিম হাওলাদার, উপজেলা যুবদল নেতা আলামিন হাওলাদার এবং যুব রেড ক্রিসেন্ট সোসাইটির উপদলনেতা সজীব কুমার হালদার শাওনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার ওপর এ কর্মসূচিতে গুরুত্ব দেওয়া হয়।

মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও  মাদক কারবারি সহ গ্রেপ্তার ৩৮

 রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদক মামলায় ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৮ জন এবং অন্যান্য মামলায় ১৩ জন রয়েছেন। 

পৃথক অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা উদ্ধারের পাশাপাশি অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, নগরীর রাজপাড়া, চন্দ্রিমা, বেলপুকুর, শাহমখদুম ও মতিহার থানা পুলিশ পৃথক অভিযানে  ছয়জনকে মাদক কারবারের অভিযোগে এবং একজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৩০ পিস ট্যাপেন্টাডল, ৬৪ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৯০০ টাকা জব্দ করা হয়। 

এর মধ্যে নগরীর রাজপাড়া থানা পুলিশ বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ট্যাপেন্টাডল ৩জনকে গ্রেপ্তার করে। একই সময় ৭৮ পিস ট্যাপেন্টাডল ফেলে পালিয়ে যায় অপর এক মাদক কারবারি। চন্দ্রিমা থানা পুলিশ মুশরইল বাগান এলাকা থেকে ৫৭ পিস ইয়াবা ও ৫১ পিস ট্যাপেন্টাডল সহ ১জনকে গ্রেপ্তার করে। বেলপুকুর থানা পুলিশ ১০ পিস ট্যাপেন্টাডল ও ৭ পিস ইয়াবাসহ রেলগেট এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করে। শাহমখদুম থানা পুলিশ ফুলতলা বাজার এলাকা থেকে ১১০ গ্রাম গাঁজা সহ ১জনকে গ্রেপ্তার করে। মতিহার থানা পুলিশ ধরমপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজনকে মাদক সেবনের অভিযোগে আটক করে।

এদিকে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে শাহমখদুম থানা পুলিশ পবাপাড়ার থানার মোড় এলাকা থেকে ইমন সরদার (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। তাঁর ব্যবহৃত স্মার্টফোনে তিনটি জিমেইল আইডি, মোবাইল ব্যাংকিংয়ে ব্যবহৃত দুটি নম্বর এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত সাতটি অ্যাপ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইনে পৃথক মামলা করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন মুখপাত্র।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%