০২:২৮ পি.এম
ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময়ে বলিউড অভিনেত্রী এবং সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাজ সকলের নজর আকর্ষণ করেছে। তিনি হালকা নীল রঙের রেশমের শাড়ি, সাদা ব্লাউজ এবং হালকা রঙের জুতা পরে ছিলেন। তবে তার পোশাকের চেয়েও বেশি আলোচনা হয়েছে তার দামি ব্যাগ এবং হাতঘড়ি নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।
বর্ষাকালীন সংসদ অধিবেশন চলাকালীন সম্প্রতি কঙ্গনাকে সংসদ ভবন থেকে বের হতে দেখা যায়। তিনি ভারতের মণিপুরের একটি ব্র্যান্ডের তৈরি হালকা নীল রঙের রেশমের শাড়ি পরেন, যার সঙ্গে সাদা ব্লাউজ এবং হাতির দাঁতের মতো হালকা রঙের জুতাও ছিল।
আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই
কঙ্গনার সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তার হাতে থাকা দামি ব্যাগটি। তিনি একটি হার্মেসের বারকিন ব্যাগ বহন করছিলেন। টোগো চামড়ার তৈরি এই ব্যাগটির বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লাখ রুপি, যা বাংলা টাকায় ৪৫ লাখ ৩৫ হাজার ৬৩৪ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে দাঁড়ায়।
টোগো চামড়া বানানো হয় বাছুরের চামড়া দিয়ে। এর বিশেষত্ব হলো এটি নরম এবং উঁচু দানাদার গঠন বিশিষ্ট। এই চামড়া সহজেই আঘাত সহ্য করে এবং পানির প্রভাব কম পড়ে। এর পাশাপাশি এটি হালকা এবং টেকসই হওয়ায় বিলাসবহুল ব্যাগের মানের জন্য জনপ্রিয়।
কঙ্গনার হাতের ঘড়িটিও সবার নজর কাড়ে। তার হাতে ছিল রোলেক্সের লেডি-ডেটজাস্ট ঘড়ি। বাদামি রঙের ডায়ালের এই ঘড়িটির আনুমানিক মূল্য ২১ লাখ রুপি, যা বাংলা টাকায় ২৭ লাখ ২১ হাজার ৩৮০ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে যায়।
রোলেক্সের তথ্য অনুযায়ী, ডেটজাস্ট ঘড়ির যাত্রা শুরু হয় ১৯৪৫ সালে। এটি স্বয়ংক্রিয়ভাবে চলা, পানি প্রতিরোধী এবং তারিখ দেখানোর সুবিধা সম্বলিত ঘড়ি ছিল। পরে ১৯৫৩ সালে এতে বিশেষ কাচ যুক্ত করা হয় যাতে তারিখটি বড় করে দেখা যায়।
আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে
কঙ্গনার সাজে আরও একটি গুড আর্থের ছাপা নকশার ছাতা বিদ্যমান ছিল। এর দাম প্রায় ৬ হাজার ১০০ রুপি, যা বাংলা টাকায় ৭ হাজার ৯০৪ টাকা (১ রুপী = ১.৩০ টাকা হিসেবে) হয়ে যায়। ছাতাটিতে ভারত মহাসাগর থেকে অনুপ্রাণিত নকশা ব্যবহার করা হয়েছে, বাইরের অংশে বিশেষ ছাপ এবং ভেতরের অংশে তীরচিহ্নের মতো নকশা রয়েছে।
সব মিলিয়ে কঙ্গনার ব্যাগ, ঘড়ি এবং ছাতার মূল্য প্রায় ৫৬ লাখ রুপি। দামি অনুষঙ্গের সঙ্গে তার পরিমিত পোশাকের এই সমন্বয় কঙ্গনার উপস্থিতিকে সংসদ চত্বরে আলোচনায় নিয়ে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন