ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আফগান প্রতিনিধিদল বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে


আফগান প্রতিনিধিদল বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদার করবে

আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঁচ সদস্যের একটি কারিগরি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছে, যা দ্বিপাক্ষিক স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে। কাবুল টাইমস আজ বুধবার এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার, আফগানিস্তানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওপিএইচ) অধীনে ন্যাশনাল ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির (এনএফডিএ) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই পাঁচ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন ওষুধ কারখানার পরিদর্শন করবে। তারা সেখানে উৎপাদিত ওষুধের গুণগত মান ও কার্যকারিতা মূল্যায়ন করবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে নিম্নমানের ওষুধ আমদানি প্রতিরোধের উদ্দেশ্যে ওষুধের প্রয়োজনীয় মানদণ্ড নিশ্চিত করা এই সফরের প্রধান লক্ষ্য।

আরও পড়ুন: ভারতে স্বামীর বন্ধুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে ‎শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


পিরোজপুরে ‎শ্রী গুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী আবির্ভাব উৎসব শুরু
 
 রাস পূর্ণিমা উপলক্ষে শ্রীগুরু সঙ্ঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসবকে ঘিরে পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে পাঁচ দিনব্যাপী বার্ষিক উৎসব শুরু হয়েছে। 
আজ বুধবার সকালে এ উৎসবের উদ্বোধন করা হয়।
 
প্রতিবছর রাস পূর্ণিমায় এ উৎসব অনুষ্ঠিত হয়। সকালে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে সঙ্ঘের পতাকা উত্তোলনের পর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাউখালী বন্দর প্রদক্ষিণ করে। 
 
অনুষ্ঠানের শুরুতে অনলাইনে যুক্ত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর উৎসবের উদ্বোধন করেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আয়োজকদের দাবি, পাঁচ দিনব্যাপী এ উৎসবে পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। উৎসবটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন তারা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে অনুষ্ঠিত আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


ফেনীতে অনুষ্ঠিত আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬

ফেনী, ২৫ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ‘আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন ও সম্প্রীতি অলিম্পিয়াড-২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ফেনীর একটি কনভেনশন সেন্টারে দেশের ৬টি জেলার ১৩টি উপজেলার তরুণ শান্তি সহায়কদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক তায়বুল হক।

‘দক্ষ যুব, গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সম্মেলনটি আয়োজন করে।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম, এমআইপিএস প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর লুবনা এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ফেনীর উপ পরিচালক মো: জাকির হোসেন।

বক্তারা উল্লেখ করেন, পৃথিবীতে কোনো মানুষ একা একা ভালো থাকতে পারে না। ভালো থাকার জন্য পরিবেশ, প্রতিবেশী, সমাজ ও রাষ্ট্রের ভালো থাকা প্রয়োজন। সুতরাং, সবাইকে নিয়ে ভালো থাকার আয়োজন করতে হবে এবং এই দায়িত্ব তরুণদের নিতে হবে। প্রস্তুতি গ্রহণের প্রয়োজন রয়েছে।

তারা আরও বলেন, যাদের কথা আমাদের সাথে মেলে, তাদের কথা আমাদের ভালো লাগে, আর যাদের কথা আমাদের সাথে মেলেনা, তাদের কথায় আমরা উগ্র হয়ে যাই। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের সব মত ও পথের মানুষের কথা শুনতে হবে। সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্র আরো সুন্দর হয়ে উঠবে।

অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মো: রাসেল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া এবং পিএফজির ফেনী সদর কো-অর্ডিনেটর মোর্শেদ হোসেন।

জেলা পর্যায়ে শান্তি সহায়ক তরুণদের পক্ষে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জোবায়ের আহমেদ, মুন্সিগঞ্জের জারা, নরসিংদীর মাহফুজ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার জারিন মুনতাহা, কুমিল্লার মাহমুদুল হাসান এবং ফেনীর মিরাজ হোসেন ও আরিফ হোসেন শুভ। অনুষ্ঠান শেষে সম্প্রীতি অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বিজয়ী ১৫ তরুণকে ক্রেস্ট ও মেডেল প্রদান করেন অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জের অরাজক পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের উদ্বেগ সত্যি হলো: আবদুল্লাহ আল জাবের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


গোপালগঞ্জের অরাজক পরিস্থিতি নিয়ে ইনকিলাব মঞ্চের উদ্বেগ সত্যি হলো: আবদুল্লাহ আল জাবের

গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সেই আশঙ্কার কথা শহীদ ওসমান হাদি পূর্বেই উল্লেখ করেছিলেন। আজ তার সেই আশঙ্কা বাস্তবে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ১০ মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র এখনও ন্যায়বিচার নিশ্চিত করতে পারেনি। বরং বিচারের দাবি আড়াল করতে তার ‘চরিত্রহননের’ অপচেষ্টা চলছে।

বুধবার (২৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এসব কথা বলেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে আবদুল্লাহ আল জাবের জানান, গতকাল গোপালগঞ্জে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে (এসআরবি কোম্পানি কমান্ডার) জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি প্রশাসনে দায়িত্বরত অবস্থায় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে গোপালগঞ্জের সহিংসতায় মদদ দিয়েছেন। শহীদ ওসমান হাদি যে সতর্কবার্তা দিয়েছিলেন, তা আজ সত্য প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, এতদিন ধরে যে ‘সুশীলপনা’ প্রদর্শন করা হয়েছে, তা দিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব নয়।

হত্যাকাণ্ডের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, জনগণের ন্যায্য অধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে যখনই ওসমান হাদি হত্যার বিচার ত্বরান্বিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়, তখনই একটি মহল তার অবদান কী—এমন প্রশ্ন তোলে। এর মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কণ্ঠ উচ্চারণকারী একজন দেশপ্রেমিকের যাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

সুশীল সমাজ ও রাজনৈতিক মহলের সমালোচনা করে আবদুল্লাহ আল জাবের বলেন, রাষ্ট্র ১০ মাসেও কেন এই হত্যার বিচার নিশ্চিত করতে পারল না, সেই প্রশ্ন না তুলে ওসমান হাদির ক্ষোভের বহিঃপ্রকাশকে সামনে এনে তাঁকে ‘গালিবাজ’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। অথচ সংসদে বিএনপির একজন সংসদ সদস্য বলেছেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শহীদ ওসমান হাদিকে ধারণ করেন। ‘বিপদে পড়লে মানুষ চেনা যায়’—এ কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সেটিই স্পষ্ট হয়ে উঠছে।

শহীদ ওসমান হাদিকে কেবল রাজপথের কর্মী নয়, বরং একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, কবি ও দার্শনিক হিসেবে অভিহিত করে তিনি বলেন, তার বক্তব্য আজকের সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ইনকিলাব মঞ্চ কেবল এই হত্যার বিচারই চায় না, বরং কাদের স্বার্থে ও কোন কারণে তাকে হত্যা করা হলো তা-ও জাতির সামনে উন্মোচন করতে চায়।

সবশেষে আবদুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদির সাংস্কৃতিক ও আধিপত্যবাদবিরোধী লড়াইকে জাগ্রত করার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের ঠিকানা খুঁজে পাওয়া গেছে। কেবল ক্ষমতা থেকে স্বৈরাচারকে সরানোই নয়, বরং মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন ঘটাতে একটি শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলাই ইনকিলাব মঞ্চের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ, বিশ্বে ১৯২তম বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ায় ষষ্ঠ, বিশ্বে ১৯২তম বাংলাদেশ

কানাডাভিত্তিক প্রতিষ্ঠান আর্টন ক্যাপিটলের পাসপোর্ট সূচক অনুযায়ী, বাংলাদেশের অবস্থান বিশ্বে ১৯২তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান ষষ্ঠ। বুধবার (২৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তালিকায় এই তথ্য উল্লিখিত হয়েছে।

আর্টন ক্যাপিটলের পাসপোর্ট ইনডেক্সে মোট ১৯৯টি দেশের পাসপোর্টের অবস্থান বিশ্লেষণ করা হয়েছে। বাংলাদেশের মোবিলিটি স্কোর ৬৫। বাংলাদেশি পাসপোর্টধারীরা ১৭টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন এবং ৬৬টি দেশে পৌঁছানোর পর ভিসা নিয়ে প্রবেশের সুযোগ পান। অন্যদিকে, ১১৫টি গন্তব্যে যেতে আগাম ভিসা প্রয়োজন হয়।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল। এই অঞ্চলে বাংলাদেশের পেছনে অবস্থান করছে পাকিস্তান ও আফগানিস্তান। বিশ্ব তালিকায় ভারতের অবস্থান ১২৮তম, ভুটান ১৬৩তম, শ্রীলঙ্কা ১৮০তম, নেপাল ১৮৩তম, পাকিস্তান ১৯৪তম এবং আফগানিস্তান ১৯৮তম।

আর্টন ক্যাপিটল একটি বৈশ্বিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পাসপোর্ট ইনডেক্স চালু করে। বিভিন্ন দেশের নাগরিকেরা কতগুলো গন্তব্যে ভিসা ছাড়া, পৌঁছানোর পর ভিসা নিয়ে অথবা ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে যেতে পারেন, তার ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।

তবে, আর্টন ক্যাপিটলের সূচক এবং যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকের হিসাবপদ্ধতি আলাদা। ফলে, দুই প্রতিষ্ঠানের তালিকায় একই দেশের পাসপোর্টের অবস্থানে পার্থক্য দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%