ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার্তদের পাশে মিরসরাই উপজেলা প্রশাসন খৈয়াছড়ায় ত্রাণ বিতরণ


বন্যার্তদের পাশে মিরসরাই উপজেলা প্রশাসন খৈয়াছড়ায় ত্রাণ বিতরণ

চট্টগ্রাম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে আকস্মিক বন্যায় প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ (বুধবার) খৈয়াছড়া ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইসমাইল হোসেন।
প্রশাসনের এই মানবিক কার্যক্রমে আরও অংশ নেন খৈয়াছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম বাবুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণকালে ইউএনও সোমাইয়া আক্তার বলেন, "আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার ও উপজেলা প্রশাসন সর্বদা নিয়োজিত রয়েছে। উপজেলার একটি মানুষও যেন খাদ্যের কষ্টে না ভোগে, সে জন্য আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে প্লাবিত সব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হবে।" স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্গত মানুষের পুনর্বাসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গু-লি, গ্রেপ্তার শান্ত রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গু-লি, গ্রেপ্তার শান্ত রিমান্ডে

রাজধানী ঢাকা’র মিরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলামকে (সিজু) গুলি করার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে কাওছার ভুঁইয়া, যিনি শান্ত ও এসবি নামেও পরিচিত (২৪)। তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) রাতের বিশেষ অভিযানে মিরপুর এলাকায় পুলিশ শান্তকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, চারটি ব্যবহৃত কার্তুজ, দুটি তাজা কার্তুজ এবং একটি গুলির খোসা।

সোমবার (৮ জুলাই) বিকেলে ঢাকা মহানগরীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই রিমান্ডের আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মিরপুর-১০ নম্বরের চৌরঙ্গী মার্কেট এলাকার একটি চায়ের দোকানে বসে সাইফুল ইসলামকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি করে পালিয়ে যায় এক যুবক। গুলিবিদ্ধ সাইফুলকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনায় পরে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হামলার ঘটনার পেছনে রয়েছে মিরপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ ও পূর্বশত্রুতার জের। গ্রেপ্তার শান্ত রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়ে প্রথমে স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এরপর তার আস্থা অর্জন করে গতিবিধি পর্যবেক্ষণ করার পর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনে কাঁঠাল রফতানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


চীনে কাঁঠাল রফতানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশের কাঁঠাল চীনে রফতানি করার উদ্যোগ নিয়েছে সরকার। বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এ লক্ষ্যে চীনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে, বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে।

বুধবার সংসদে ময়মনসিংহ-৬ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) কামরুল হাসান মিলনের সম্পূরক প্রশ্নের জবাবে এই তথ্য জানান প্রধানমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কামরুল হাসান প্রশ্নে বলেছেন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রচুর লেবু, আনারস এবং কাঁঠাল উৎপাদন ঘটে। বড় বাজার রয়েছে এবং এটি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যদি সেখানে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল গড়ে তোলা যায়।

গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেন। সফরের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে চীন সফরে আমি দেশটির সঙ্গে চুক্তি সই করেছি। আমাদের দেশের কাঁঠাল, এটি অত্যন্ত পপুলার। চীনের মানুষ খুব পছন্দ করে কাঁঠাল। ইনশাআল্লাহ, আমরা চীনে কাঁঠাল রফতানি করবো।’

প্রধানমন্ত্রী আরও জানান, ‘‘মালয়েশিয়া সফরকালে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আলোচনা করতে গিয়ে জানিয়েছিলেন, ‘মালয় ফল ডোরিয়ান দেখতে অনেকটা কাঁঠালের মত। মালয়েশিয়া প্রতি বছর চীনে এক বিলিয়ন ডলারের ডোরিয়ান রপ্তানি করে।’ মালয়েশিয়া যদি একটি উচ্চ পরিমাণ রফতানি করতে পারে, ইনশাআল্লাহ আমরা কাঁঠালও রফতানি করতে পারবো। ইনশাআল্লাহ, বড় একটি বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবো।’

এর আগে প্রধানমন্ত্রী জানান, ফুলবাড়িয়ায় আনারস প্রক্রিয়াজাতকরণের জন্য একটি শিল্প প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তা বন্ধ হয়ে গেছে। এখন সরকার বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। তবে পৃথক শিল্পাঞ্চল করার কোনো পরিকল্পনা সরকারের নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ ও ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বিলমাড়িয়া গ্রামের জামিলা আক্তার রিয়া (১৪) পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১০ বছর আগে তাঁর বাবা মারা যান এবং প্রায় এক বছর আগে তাঁর মা কর্মসূত্রে জর্ডানে চলে যান। এরপর থেকে তিনি তাঁর নানা মো. মুক্তারের বাড়িতে বসবাস করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, একই এলাকার বাসিন্দা সানাউল্লাহ শাওন (২০) সম্পর্কে ওই কিশোরীর প্রতিবেশী ও মামাতো ভাই। পারিবারিক ও প্রতিবেশী সম্পর্কের কারণে অভিযুক্ত যুবকের তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল।

কিশোরীর অভিযোগ, প্রায় চার মাস আগে এক রাতে অভিযুক্ত তাঁকে বাড়ির সামনে থেকে ডেকে নিয়ে বিলমাড়িয়া গ্রামের একটি আমবাগানে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর বিভিন্ন সময় ও তারিখে একই স্থানে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ গত ২৫ জুন ২০২৬ রাতেও একই ধরনের ঘটনা ঘটে বলে এজাহারে দাবি করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুঠিয়া থানার কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ও প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’#

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ একটি সবুজ, জলবায়ু-সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে।

তিনি বলেছেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলার অঙ্গীকার করেছি।

বুধবার ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, জাতীয় ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’ একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ। এ বছর জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’, যা আমাদের এই জাতীয় অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, মানবিক কর্মকাণ্ডের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশ্বজুড়ে প্রকৃতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। তাই প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। বৃক্ষ বায়ুমণ্ডলীয় কার্বন শোষণ করে, অতিরিক্ত তাপমাত্রা কমায়, এবং পরিবেশকে নির্মল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই বাস্তবতা বিবেচনায়, বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এক যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছে। এটি কেবল একটি সরকারি কর্মসূচি নয়, বরং এটি একটি জাতীয় আন্দোলন।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও রেলপথের দুই পাশ, বাঁধ, সরকারি বনভূমি, উপকূলীয় চরাঞ্চল, নগর এলাকা এবং বসতবাড়িসহ দেশের সর্বত্র বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। নগর বনায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগও অত্যন্ত প্রশংসনীয়।

তারেক রহমান বলেছেন, এসব উদ্যোগের বাস্তবায়নের মাধ্যমে দেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি পাবে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ হবে এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরো সুদৃঢ় হবে। উন্নত জীবনের জন্য যেমন প্রয়োজন সমৃদ্ধ দেশ ও শক্তিশালী অর্থনীতি, তেমনি সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন জীববৈচিত্র্যসমৃদ্ধ বন।

তিনি আরও বলেন, সমৃদ্ধ অর্থনীতি ও সবুজ বন একে অপরের সাথে সম্পর্কযুক্ত। একটি গতিশীল ও সম্ভাবনাময় সবুজ অর্থনীতি গড়ে তুলতে বন ও বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে।

সুতরাং, দেশকে সবুজে আচ্ছাদিত করার লক্ষ্যে বাড়ির আনাচে-কানাচে, পতিত ও প্রান্তিক জমিতে, খাল ও নদীর পাড়ে, বাঁধে, সড়ক ও সড়কদ্বীপে, বাড়ির ছাদে এবং শহর-বন্দর নির্বিশেষে উপযুক্ত প্রতিটি স্থানে ব্যাপক বনায়ন কার্যক্রমে দল-মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।

তিনি আরও জানিয়েছেন, বৃক্ষমেলা দেশে সবুজায়ন আন্দোলনকে আরো বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণে দেশবাসীকে আরো উৎসাহিত করার লক্ষ্যে এ বছরও জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন এবং তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হবে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দেশবাসী বৃক্ষমেলায় উন্নত জাতের চারা সংগ্রহের সুযোগ পাবেন এবং শিক্ষার্থীরা উদ্ভিদ বৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ লাভ করবেন।

তিনি সকলকে আহ্বান জানিয়ে বলেছেন, আসুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর, নির্মল ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রত্যেকে অন্তত একটি করে বৃক্ষরোপণ করি এবং তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%