ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত আরও ৮, মোট প্রাণহানি বেড়ে ৩৮


যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় নিহত আরও ৮, মোট প্রাণহানি বেড়ে ৩৮

যুক্তরাষ্ট্রের সর্বশেষ বিমান হামলার ফলে ইরানে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায়, যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের হামলায় মোট প্রাণহানি ৩৮ জনে পৌঁছেছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত রয়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন বন্ধ হয়ে আছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানাচ্ছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন প্রদেশের অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা পরিচালনা করে। এই হামলায় নিহত ৮ জনের পাশাপাশি আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।

এদিকে, এএফপির খবর অনুযায়ী, গত ২২ জুন সুইজারল্যান্ডে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি ও আলোচনা শুরুর পর থেকে ইরান জুড়ে যুক্তরাষ্ট্রের হামলায় ৩৮ জন নিহত ও ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন। গত সপ্তাহেই এই যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেস্তে গেছে।

আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু

পাল্টাপাল্টি হামলার কারণে হরমুজ প্রণালি আগে থেকেই বন্ধ রয়েছে। এই সাথে, আরেকটি গুরুত্বপূর্ণ রুট 'বাব এল-মান্দেব' প্রণালিও বন্ধ হওয়ার শঙ্কা বেড়েছে। ইরান যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আমাদের বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোতে হামলা হয়, তাহলে আমরা এবং আমাদের মিত্ররাও সমানভাবে পাল্টা জবাব দেব।

ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে গভীর মিত্রতা রয়েছে। ইরান জানিয়েছে, প্রণালি বন্ধের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত হুতিরাই নেবে। বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালির পরে বাব এল-মান্দেব প্রণালিও বন্ধ হয়ে যায়, তাহলে তা বিশ্বের অর্থনীতিতে একটি ভয়াবহ প্রভাব ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর মধ্যপ্রাচ্যের অবকাঠামোতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর মধ্যপ্রাচ্যের অবকাঠামোতে পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

 শুক্রবার যুক্তরাষ্ট্র ইরানে নতুনভাবে হামলা করেছে।

তেহরান অভিযোগ করেছে, মার্কিন বাহিনী বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে। এর পালটে, মধ্যপ্রাচ্য জুড়ে অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে সংঘাত নতুনভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে উসকানি দিয়েছে। টানা ছয়দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।

বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনায় আঘাত হানতে চায় বলেও জানা গেছে। তেহরানের সঙ্গে প্রাথমিক সমঝোতা ভেঙে যাওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলা।

শুক্রবার ভোরে ইরান একটি বিমানবন্দর, একটি রেলস্টেশন এবং দুটি সেতুতে হামলার খবর দেয়। এসব হামলায় নিহত হয়েছে কমপক্ষে সাতজন।

বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রকাশিত বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্র বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, যুক্তরাষ্ট্র যদি ইসলামী প্রজাতন্ত্রের অবকাঠামোয় হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলের সব অবকাঠামোই ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার চলাকালে শুরু হওয়া এই সংঘাত বন্ধে এক মাস আগে প্রাথমিক সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতা সত্ত্বেও নতুন করে সংঘাত শুরু হয়েছে।

যুদ্ধ শুরুর আগে আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও, এখন বৈশ্বিক তেল সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দাবি করছে ইরান। এ বিষয়ে হামলা-পাল্টা হামলা চলমান রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি কার্যকর হলে পুরো অঞ্চলের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার জন্য পূর্বেই সতর্ক করে দিয়েছিলেন তেহরান। তবে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প এখনও কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত রয়েছেন।

নিজেদের অবকাঠামোয় কথিত মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে হামলা চালিয়েছে।

কাতার ও কুয়েত শুক্রবার জানায়, তারা ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিচ্ছে।

এএফপির সাংবাদিকরা কাতারের রাজধানী দোহায় কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

বাহরাইনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শহুরে অবকাঠামো ও নিরীহ মানুষের ওপর শত্রুর হামলার প্রতিকার হিসেবে একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বাহরাইন সরকার নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে জানিয়েছেন, সতর্কসংকেত হিসেবে সাইরেন বাজানো হচ্ছে।

এর একদিন আগে, ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আহভাজ শহরের কাছে শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে কথিত মার্কিন হামলার জবাবে জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা।

-'কখনও পিছু হটব না'-

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর হাসপাতালটি খালি করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ হামলাকে ‘বর্বরোচিত’ বলে অভিহিত করেছেন।

আহভাজের ৩৪ বছর বয়সী শিক্ষক হানি বলেছেন, হামলাগুলো ‘অত্যন্ত ভয়াবহ’।

তিনি বলেন, ‘আমার হাত কাঁপছে। অন্তত ১১ থেকে ১২টি বিস্ফোরণ হয়েছে। আমার কানে যেন বিস্ফোরণ ঘটছে।’

ইরানের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, মুখপাত্র যুক্তরাষ্ট্রকে অঞ্চল ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালীর বিষয়ে আমরা কখনও পিছু হটব না।’

-অবকাঠামোতে হামলার হুমকি-

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দরাবি বলেছেন, গত মাসে পাকিস্তরের মধ্যস্থতায় হওয়া সমঝোতা স্মারকের আওতায় ইসলামাবাদ সব পক্ষকে সহিংসতা বন্ধ এবং কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করতে উৎসাহিত করবে।

তবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেন, কোনো চুক্তির ধারাগুলো কার্যকর ও বাস্তবায়িত হলেই কেবল সেই চুক্তির মূল্য থাকে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, প্রতিশ্রুতি ভঙ্গের জন্য ট্রাম্প ইরানকে জবাবদিহির আওতায় আনবেন। পাশাপাশি কূটনৈতিক সমাধানের জন্যও সবসময় প্রস্তুত রয়েছেন।

তিনি আরও বলেন, ‘তারা প্রেসিডেন্টকে জানিয়েছে যে, এখনো একটি চুক্তি করতে চায়। আমরা তাদের সঙ্গে কথা বলছি। কিন্তু প্রণালীতে জাহাজের ওপর হামলা চালিয়ে কোনো মূল্য না দিয়ে পার পাওয়ার সুযোগ প্রেসিডেন্ট দেবেন না।’

এর আগে ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, তেহরান আলোচনার টেবিলে না ফিরলে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলা চালাবেন। ফক্স নিউজকে তিনি বলেছিলেন, ‘আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি সত্যিই খুব খারাপ হবে।’

বৃহস্পতিবার ইরানের সামরিক সদর দপ্তরের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তার হুমকি বাস্তবায়ন করে, তাহলে ‘পুরো অঞ্চলের সব অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হবে।’

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, গত সপ্তাহ থেকে নতুন করে শুরু হওয়া মার্কিন হামলায় ইরানে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যাকাণ্ডকে ডাকাতি বলে সাজানোর চেষ্টা, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


হত্যাকাণ্ডকে ডাকাতি বলে সাজানোর চেষ্টা, গ্রেফতার ১

চাঁদপুরের শাহরাস্তিতে দ্রুততম সময়ে পুলিশ আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম (২৬) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে। ঘটনার সঙ্গে জড়িত নিহতের জা (স্বামীর ভাইয়ের স্ত্রী) কাজী সুমাইয়া হোসেন মিনাকে (২৩) পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় কাজী সুমাইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দিতে প্রতিহিংসার জেরে তিনি বড় জা রিগান আক্তার মিমকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

এদিন দুপুরে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে কাজী সুমাইয়া হোসেন মিনা ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

জেলা পুলিশের সেল থেকে জানানো হয়, গত ১৪ জুলাই গভীর রাতে শাহরাস্তি পৌরসভার ৯নং ওয়ার্ডের বাত্তলা (ব্যাপারী বাড়ি) এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্রাইম সিন সংরক্ষণসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করে। নিহতের মরদেহের সুরতহাল পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।

এই ঘটনায় ১৫ জুলাই নিহত রিগান আক্তার মিমের বাবা কবির হোসেন বাদী হয়ে শাহরাস্তি থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, মামলা রুজুর পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময়ে ওসির নেতৃত্বে একটি বিশেষ দল তদন্ত কাজ শুরু করে। ঘটনাস্থলে আলামত, সাক্ষ্য-প্রমাণ, প্রযুক্তিগত ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জড়িতের অভিযোগে নিহতের জা কাজী সুমাইয়া হোসেন মিনাকে আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সুমাইয়া প্রতিহিংসার কারণে নিজেই বড় জা রিগান আক্তার মিমকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ওসি মীর মাহবুবুর রহমান বলেন, আসামি কাজী সুমাইয়া হোসেন মিনা আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে প্রতিহিংসার জেরে তার বড় জা রিগান আক্তার মিমকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের দায় এড়াতে তিনি ডাকাতির একটি গল্প সাজিয়েছিলেন।

নিহত রিগান আক্তার মিমের দুই অবুঝ শিশুসন্তান রয়েছে। মেয়ে সাইফার বয়স আড়াই বছর ও চার মাস বয়সী ছেলে সিরাজ। ঘটনার সময় তার স্বামী রনি চাকরি সুবাদে ঢাকায় ছিলেন। বাড়িতে দুই গৃহবধূ, পরিবারের প্রবীণ সদস্য (দাদাশ্বশুর) নুরুল ইসলাম এবং তিন শিশু অবস্থান করছিল।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম আদালতে স্বীকৃত জবানবন্দিসহ আলামত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুরাছড়িতে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


জুরাছড়িতে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন এমপি দীপেন দেওয়ান

ভারী বর্ষণ ও প্লাবনের ফলে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির দুর্গম জুরাছড়ি এলাকার পরিস্থিতি পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য দীপেন দেওয়ান, যিনি রাঙ্গামাটি-২৯৯ আসনের প্রতিনিধিত্ব করেন।

আজ শুক্রবার সকালে, তিনি প্লাবিত এলাকা এবং আশ্রয়কেন্দ্রগুলোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি তাদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।

পরিদর্শনের সময় দীপেন দেওয়ান বলেন, দুর্যোগে প্রতি পাহাড়বাসীর পাশে সরকার আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, দুর্যোগ মোকাবিলায় সাহসের সঙ্গে কাজ করতে হবে। যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে, যাতে কৃষি কার্যক্রম দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়। তিনি আশ্বস্ত করেন যে, পার্বত্য অঞ্চলের প্রতিটি কৃষক ও সাধারণ মানুষ সরকারের পাশে থাকবে।

পরে, উপজেলা পরিষদে সংসদ সদস্যের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন দীপেন দেওয়ান। এ সময় বন্যা পরিস্থিতি, ত্রাণ কার্যক্রম এবং ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

পরিদর্শনের সময় জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. শফি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, যুবদলের যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানির উচ্চতা বাড়ায় শনিবার খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


পানির উচ্চতা বাড়ায় শনিবার খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

জেলা কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ।

এ সিদ্ধান্তটি উজান ও ভাটির পানি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। লেকের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে ক্যাচমেন্ট এলাকায় পানির প্রবাহ বেড়ে যাওয়ায় লেকের পানি দ্রুত বাড়ছে।

এ পরিস্থিতিতে আগামী শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। প্রাথমিকভাবে এতে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।

এ বিষয়ে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বাসসকে বলেন, লেকের পানির উচ্চতা, উজান থেকে আসা পানির প্রবাহ (ইনফ্লো) এবং বৃষ্টিপাতের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির পরিবর্তনের ওপর ভিত্তি করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে দেওয়া হতে পারে। একই সঙ্গে ইনফ্লো আরও বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে গেট আরও বেশি খুলে পানি নিষ্কাশনের পরিমাণ বৃদ্ধি করা হবে।

তিনি আরও জানান, বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে।

এদিকে স্পিলওয়ে খোলার সম্ভাব্য ঘোষণায় কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিউবো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%