ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?


দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

টানা দুই দফা বৃদ্ধি এবং এক দফা ভ্যাট সমন্বয়ের পর এবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে বড় পরিমাণে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই দফায় ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা হিসেবে নির্ধারণ করেছে সংগঠনটি।

শুক্রবার (১৯ জুন) সকালে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতির আলোকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের প্রয়োজন দেখা দিয়েছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা।

এর আগে, সর্বশেষ গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সমন্বয় করেছিল। ওই দিন প্রতি ভরিতে দামে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করা হয়েছিল। এ কারণে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ৩৯ দফা বৃদ্ধি পেয়েছে, ৩৭ দফা কমেছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি হয়েছে এবং ২৯ বার কমানো হয়েছে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি আছি, ভয় কেন মা কর’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:০৮ এম


‘আমি আছি, ভয় কেন মা কর’

ছেলেবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতা পড়েনি, এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই কঠিন। কবির কল্পনায় এক ছেলে তার মাকে নিয়ে অনেক দূরের বিদেশে ঘুরতে যায়। মা যান পালকিতে। ছেলে রাঙা ঘোড়ায় চড়ে তার পাশেই থাকে। পথে ডাকাত পড়লে ছেলে তাদের সাথে লড়াই করে মাকে রক্ষা করে। কবির সেই কল্পনাময় বীরপুরুষের সন্ধান মিলেছে নিউইয়র্কে।

কবির কল্পনার বীরপুরুষ ডাকাতদের সাথে লড়াই করলেও বাস্তবের বীরপুরুষ তার মাকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিয়েছে, এ ঘটনা ঘটে ভারতীয় কিশোর রোমাঞ্চ মহাজনের। বৃহস্পতিবার ঘটেছে ঘটনাটি, নিউইয়র্কের বিখ্যাত সেন্ট্রাল পার্কে। সত্যিকারের এই বীরপুরুষের নাম রোমাঞ্চ মহাজন।

বীরপুরুষ কবিতার ‘মনে করো যেন বিদেশ ঘুরে/মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে’ মতো, মা, বাবা এবং ছোট ভাইয়ের সাথে প্রথমবারের মতো অনেক দূরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন রোমাঞ্চ। বুধবার বিকেলে পরিবারের সবাই নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘুরতে গিয়েছিলেন। কবিতার সেই দৃশ্যের মতো রাঙা ঘোড়ায় নয়, তারা সবাই মিলে ঘোড়ার গাড়িতে চড়েছিলেন। একটি সময়ে গাড়ির চালক ছবি তোলার জন্য গাড়ি ছেড়ে একটু দূরে গিয়েছিলেন। সেই মুহূর্তে ঘোড়াটি পাগলের মতো ছুটতে থাকে। ছুটতে ছুটতে ঘোড়াটি ফুটপাথে উঠে পড়ে। চালকও সেই সময় চিৎকার করতে থাকেন গাড়ির পেছনে।

এ সময় রোমাঞ্চের মা প্রিয়া মহাজন গাড়ি থেকে ছিটকে পড়েন। রোমাঞ্চ তৎক্ষণাৎ মাকে বাঁচাতে লাফ দেয়। হয়তো রোমাঞ্চও তখন সেই কবিতার মতো বলছিল, ’আমি আছি, ভয় কেন মা কর’। কিন্তু মাকে বাঁচাতে পারলেও রোমাঞ্চ নিজেকে বাঁচাতে পারেনি। দুর্ঘটনার ফলে তার মাথা সোজা রাস্তায় আঘাত করে, এবং ঘটনাস্থলে সে নিথর হয়ে পড়ে। বুধবার রাতে নিউইয়র্ক-প্রেসবিটেরিয়ান ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারে রোমাঞ্চের মৃত্যু হয়।

রোমাঞ্চের বাবা দীপক মহাজন বলেন, ’আমরা চিৎকার করে বলছিলাম, 'আমাদের বাঁচান, আমাদের বাঁচান!' পরিবারের সবাই একে অপরকে মরিয়া হয়ে আঁকড়ে ধরেছিলাম।‘ তিনি আরও বলেন, ‘আমার ছেলে শুধুমাত্র তার মাকে বাঁচানোর জন্য নিচে পড়ে যায়। সে চিৎকার করতে থাকছিল, 'মা!'।

দুর্ঘটনায় রোমাঞ্চের বাবা, মা এবং রোমাঞ্চের ছোট ভাই সামান্য আঘাত পেলেও তারা নিরাপদে আছেন। তবে প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার শোকে স্তব্ধ হয়ে গেছে।

নিউইয়র্কের ম্যানহাটানে শতাধিক ঘোড়ার গাড়ি রয়েছে। মূলত পর্যটক আকর্ষণের কারণে ঘোড়ার গাড়িগুলো চালানো হয়। কিন্তু বিভিন্ন দুর্ঘটনার কারণে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধের দাবি উঠেছে। ২০২৫ সালের মে মাস থেকে সেন্ট্রাল পার্কের ভেতরে বা কাছাকাছি এলাকায় ঘোড়ার গাড়ি সম্পর্কিত অন্তত ৮টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে গত মাসে একটি ঘটনায় একটি ঘোড়া অন্য একটি গাড়িকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়।

সিটি কাউন্সিলর ক্রিস্টোফার মার্তে বলেছেন, ’আমরা এটিকে আরেকটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করতে পারি না। এই ট্র্যাজেডি গণ্যমাত্রার জরুরি পদক্ষেপের দাবি রাখে, কাউন্সিল অবশ্যই সেই অনুযায়ী কাজ করতে হবে।’ তিনি ইতোমধ্যে একটি বিল এনেছেন, যাতে আগামী বছরের শেষের মধ্যে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার দাবি করা হয়েছে।

ঘোড়ার গাড়ির চালকদের ইউনিয়নও এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। ট্রান্সপোর্ট ইউনিয়ন‘এর ভাইস প্রেসিডেন্ট আলেকজান্ডার কেম্প এক বিবৃতিতে বলেছেন, ’মনে হচ্ছে চালক তার ঘোড়া থেকে অন্তত এক হাত দূরে ছিলেন। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়। কোনো চালকেরই ছবির জন্য গাড়ি ছেড়ে যাওয়া উচিত নয়, কখনোই না। আমরা একটি পূর্ণাঙ্গ তদন্তকে সমর্থন করি।’ ইতোমধ্যে গাড়ির চালককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। তবে চালকের নাম প্রকাশ করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে ক্ষুব্ধ পর্তুগাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১০ এম


কঙ্গোর বিরুদ্ধে হোঁচট খেয়ে ক্ষুব্ধ পর্তুগাল

বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম ম্যাচের প্রেক্ষাপটে কঙ্গোর বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে ড্র করে পর্তুগাল বড়সড় ধাক্কা খেয়েছে।

এই হতাশাজনক পারফরম্যান্সের পর ফুটবল মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং সমালোচনা। অতএব, ম্যাচের পর এক লাইভ টকশোতে পর্তুগালের সাবেক তারকা রিকার্দো কুয়ারেজমা সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন। লাইভমোডটিভির সেই টকশোতে তখন উপস্থিত ছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স।

তাকে সামনে পেয়েই কুয়ারেজমা সরাসরি মন্তব্য করেন, দলের এই পরিস্থিতি পরিবর্তনের জন্য ফেলিক্সই হতে পারেন মূল চাবিকাঠি। আল নাসরের ফরোয়ার্ড তথা ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ ফেলিক্সকে উদ্দেশ্যে করে কুয়ারেজমা লাইভ টিভিতে বলেন, শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়েছে এবং এই ভুলগুলো শুধরে নেওয়ার জন্য এখনো দুটো ম্যাচ বাকী আছে। ফেলিক্সের ওপর নিজের পূর্ণ বিশ্বাসের কথা জানাতে গিয়ে তিনি পরামর্শ দেন যে, কোচকে গিয়ে বলো যেন তোমাকে আরও বেশি খেলার সুযোগ দেয়। এতে পরের ম্যাচে শুরুর একাদশটা পরিবর্তন হতে পারে এবং দল জয় পাবে।

কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে এক মিনিটের জন্যও মাঠে নামার সুযোগ পাননি জোয়াও ফেলিক্স। স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেস মাঝমাঠে ভিতিনহা ও জোয়াও নেভেসের সামনে বার্নার্ডো সিল্ভা, ব্রুনো ফার্নান্দেস এবং পেড্রো নেতোকে রেখে দল সাজিয়েছিলেন। যদিও প্রথমার্ধে দলের যৎসামান্য পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে সিলভাকে তুলে মাঠে নামানো হয় সার্জিও কনসেইসাওকে।

এরপর রাফায়েল লেয়াও, সেমেদো এবং গনসালো রামোসকে বদলি হিসেবে নামানো হলেও কাঙ্ক্ষিত জয় অবশ্যই ধরা দেয়নি। এই হতাশাজনক ফলাফলের পর স্বাভাবিকভাবেই উজবেকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কোচের কৌশল এবং একাদশে বড় পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। তবে কয়েকদিন আগেই কোচ মার্তিনেস জানিয়েছিলেন যে তিনি ফেলিক্সের ওপর আস্থা রাখছেন। তিনি বলেন, ফেলিক্স শুরু থেকে খেলছে কি খেলছে না এসব দিয়ে মানুষ বিচার করে, তবে বদলি হিসেবে নেমেও যে সে কতটা কার্যকরী হতে পারে সেটাই আসল। মার্তিনেসের সেই আস্থার প্রতিফলন পরবর্তী ম্যাচে দেখা যাবে কি না এবং ফেলিক্স শুরুর একাদশে জায়গা পেয়ে পর্তুগালের মাঝমাঠের গতি ফেরাতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেলমেট না থাকায় প্রাণহানি, বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

বরিশাল প্রতিনিধি

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১১ এম


হেলমেট না থাকায় প্রাণহানি, বরিশালে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বরিশাল নগরীতে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে শুভ (২৭) নামে একজন যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার বন্ধু আরিফ (৩০) আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে নগরীর বান্দ রোডের কেডিসি সংযোগ সড়কের মুখে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শুভ ও আহত আরিফের বাড়ি পটুয়াখালী জেলার লেবুখালী এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লঞ্চঘাট এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে শুভ ও আরিফ দ্রুতগতিতে আসছিলেন। এ সময় কেডিসি রোড থেকে একটি হলুদ অটোরিকশা মূল সড়কে ওঠার চেষ্টা করলে মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট না থাকায় তারা মারাত্মকভাবে আহত হন। এরপর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যান। আহত আরিফের চিকিৎসা চলমান বলে জানা গেছে।

কোতয়ালী মডেল থানার এসআই সেলিম রেজা বলেছেন, “দুর্ঘটনায় আহত শুভ হাসপাতালে মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশার চালককে আটকের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ্যান্সের নেতৃত্বে ইরানের সঙ্গে নতুন আলোচনার সিদ্ধান্ত, সুইজারল্যান্ড সফর পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

১০:১৩ এম


ভ্যান্সের নেতৃত্বে ইরানের সঙ্গে নতুন আলোচনার সিদ্ধান্ত, সুইজারল্যান্ড সফর পেছাল

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান এবং নতুন কূটনৈতিক উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রয়োজনে তাঁর পরিকল্পিত সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই হওয়ার পর ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু কর্মকর্তার সমালোচনার মধ্যে চুক্তিটির পক্ষে প্রকাশ্যে অবস্থান নেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। তিনি বলেন, "দীর্ঘদিনের উত্তেজনা কমাতে এবং সংঘাতের স্থায়ী সমাধান খুঁজে বের করতে কূটনৈতিক আলোচনার বিকল্প নেই।" তিনি এটাও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের একটি আলোচনা পর্ব শুরু হয়েছে, যেখানে দুই পক্ষ উল্লেখযোগ্য বিষয়ে মতপার্থক্য কমানোর চেষ্টা করবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের বন্দরগুলোর ওপর আরোপ করা অবরোধ তুলে নেওয়া হয়েছে। এই পদক্ষেপকে চলমান সমঝোতা বাস্তবায়নের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, ইরানও কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তারা ঘোষণা করেছে, বাণিজ্যিক জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার দায়িত্ব পারস্য উপসাগর প্রণালি কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন করা হয়ে থাকে। এ কারণে এর নিরাপত্তা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যদিও কূটনৈতিক অগ্রগতির মধ্যেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা পুরোপুরি থামেনি। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই বলছে, সাম্প্রতিক চুক্তিটি যুদ্ধের সব ফ্রন্টে কার্যকর হওয়ার কথা।

একই দিনে গাজা সিটির রেমাল এলাকায় ইসরায়েলের একটি ড্রোন হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। ফলে নতুন সমঝোতা এবং আলোচনা শুরু হলেও মাঠপর্যায়ে সংঘাত পুরোপুরি বন্ধ হয়নি। বিচ্ছিন্ন হামলার কারণে যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও বজায় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%