ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন


আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ শুক্রবার (৭ আগস্ট) নিরাপদ সড়ক চাই-এর ১১তম মহাসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢালিউডের জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন এবং লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে শ খানেক কেমোথেরাপি গ্রহণ করেছেন। তিনি দীর্ঘ ১৫ মাস চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে আসার পর তিনি নিরাপদ সড়ক চাই-এর ১১তম মহাসমাবেশে অংশ নেন।

শারীরিকভাবে অসুস্থ হলেও, কথা বলতে কষ্ট হলেও, ইলিয়াস কাঞ্চন মহাসমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি বলেন, "৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনাকে আমি মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজও সেই আন্দোলন সারাদেশের জনগণের আন্দোলন। এটি আর আজ ইলিয়াস কাঞ্চনের আন্দোলন নয়। এটি মানুষের আন্দোলন।"

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: গণঅভ্যুত্থানে ধর্মের বিভেদ দেখিনি

ইলিয়াস কাঞ্চন আরো জানান, "আমি বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। দেশবাসীর কাছে আমার জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহতায়ালা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং মানুষের পাশে আবারও নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করার শক্তি দান করেন।"

তিনি শেষে বলেন, "আমিও দেশের প্রতিটি মানুষের সুস্বাস্থ্য, নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আমি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবহণ মালিক-শ্রমিক, প্রকৌশলী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম এবং দেশের প্রতিটি সচেতন নাগরিককে এ আন্দোলনের অংশ হতে বলবো। আমরা একে অপরের প্রতিপক্ষ নই। আমরা সবাই মানুষের জীবনরক্ষার সহযোদ্ধা। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন। আল্লাহ হাফেজ।"

ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ায় গত বছরের এপ্রিল মাসে লন্ডনে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চন। তিনি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকে সেখানকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত বছরের আগস্টে, লন্ডনের একটি হাসপাতালে, তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকদের মতে, টিউমারের একটি বড় অংশ অপসারণ করা হলেও, ঝুঁকির কারণে পুরো টিউমারটি সরাতে পারেনি। পরে চিকিৎসকরা জানান, তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত।

তিনি মোট শ খানেক কেমোথেরাপি তিন ধাপে নিয়েছেন। তবে দেড় বছরেরও বেশি সময় ধরে বিদেশে থাকার কারণে তিনি অস্থির হয়ে পড়েছেন। তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয় এবং অবস্থার উন্নতি খুব কম হয়েছে। তৃতীয় ধাপের থেরাপি শেষ হয় গত ৩০ জুলাই এবং এরপর নতুন চিকিৎসা শুরু হবে। তবে, তার আগে দেশে কিছুদিন কাটানোর ইচ্ছা আছে। এ উদ্দেশ্যে তিনি দেশে এসেছেন।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

রোববার (২ আগস্ট) বাংলাদেশ সময় গভীর রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ও জামাতাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ জুলাই) বিকেলে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকায় কিছুদিন কাটানোর পর, আগামী ১৪ আগস্টের আগেই আবার লন্ডনে ফিরে যাবেন এই নায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ৬ কোটি টাকার নতুন মাদক ‘কুশ’ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


সাতক্ষীরায় ৬ কোটি টাকার নতুন মাদক ‘কুশ’ উদ্ধার

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ নতুন ধরনের বিষাক্ত সিনথেটিক মাদক ‘কুশ’ উদ্ধার করা হয়েছে। ৬ কোটি টাকা মূল্যের এই মাদকটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে এবং তারিকুজ্জামান নামে পাচারকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় অভিযানের কার্যক্রম পরিচালনা করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। পরে বিজিবি সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাধবকাটি এলাকায় সীমান্তের দিকে যাচ্ছে এমন একটি মোটরসাইকেলে অভিযান চালানো হয়। তল্লাশির সময় উদ্ধার করা হয় মারাত্মক কেমিক্যাল মিশ্রিত মাদক ‘কুশ’। উদ্ধার হওয়া ১২ কেজি কুশের প্রতি গ্রামের আনুমানিক খোলাবাজার মূল্য ৫ থেকে ৬ হাজার টাকা। জব্দ করা মাদক, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ সবকটির বাজারমূল্য ৬ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, মারিজুয়ানা বা গাঁজার কুঁড়ির সঙ্গে অতিরিক্ত ‘টেট্রাহাইড্রো ক্যানাবিনল’ বা টিএইচসি নামক মারাত্মক রাসায়নিক মিশিয়ে এই মাদক প্রস্তুত করা হয়, যা সাধারণ মাদকদ্রব্যের তুলনায় বহুগুণ বেশি বিষাক্ত। সীমান্ত পার করে ভারতে এই মাদক পাচারের সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। আটক পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


ফ্যাসিস্টের ভাষায় বলা হচ্ছে সরকারকে ৫ বছরও যেতে দেয়া হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের ভাষায় বলা হচ্ছে, সরকারকে পাঁচ বছরও যেতে দেয়া হবে না।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‌‘টেকসই গণতন্ত্রে, গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের এখনো পাঁচ মাসও হয়নি। কিন্তু বলা হচ্ছে সরকার ব্যর্থ। এমন অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র টেকসই করা যায় না।’

শেখ হাসিনা গণতন্ত্রের নাম করে উল্টো গণতন্ত্রকে ধ্বংস করেছে, এমন মন্তব্য করেছেন তিনি। ‘একইসঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও ধ্বংস করেছে,’ বলেন মির্জা ফখরুল।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘একদম ফ্যাসিস্ট ও হাসিনার ভাষায় বলা হচ্ছে, পাঁচ বছরও যেতে দেবো না। তার আগেই শেষ করে দেবো। এগুলো তো ভয়ংকর ভাষা।’

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতির অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হলো, তা গণতন্ত্রের সঙ্গে যায় না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা করা যায় বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য সুখবর দিল ফেসবুক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য সুখবর দিল ফেসবুক

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য ফেসবুক সুখবর দিচ্ছে।

এটি বিশেষত বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। ফেসবুক, যা মেটার বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পেমেন্ট পদ্ধতি হিসেবে বিকাশ যুক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে।

তবে, সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, এ সম্পর্কিত তথ্য উঠে এসেছে।

যদি বিকাশ পেমেন্ট চালু হয়, তাহলে আন্তর্জাতিক কার্ডের উপর নির্ভরতা কমবে এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের বিজ্ঞাপন পরিচালনা আরো সহজ হতে পারে, মনে করছে সংশ্লিষ্টরা।

বিভিন্ন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে যে, অ্যাডস ম্যানেজারের ‘পেমেন্ট পদ্ধতি যোগ করুন’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশ অপশনও যুক্ত করা হয়েছে। ইতিমধ্যে কিছু ব্যবহারকারী এই নতুন সুবিধা ব্যবহার করে সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন বলেও জানা গেছে।

এত দিন ধরে বাংলাদেশে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা অথবা অন্যান্য ব্যাংকিং জটিলতার কারণে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেক নতুন উদ্যোক্তার জন্য এসব শর্ত পূর্ণ করা যথেষ্ট ব্যয়বহুল এবং জটিল ছিল।

এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তাই বিকাশভিত্তিক এই পেমেন্ট ব্যবস্থা কবে নাগাদ সবার জন্য চালু হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


দিনাজপুরের ঐতিহ্যবাহী গিরিজা খালে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন

শহরের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী গিরিজা খালে ময়লা আবর্জনা পরিষ্কারের লক্ষ্যে বিজিবির উদ্যোগে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করা হয়েছে।

গতকাল বৃহসপতিবার রাতে দিনাজপুর ৪২ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি মিডিয়া সেল থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাসসকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রটি জানাচ্ছে, শহরের মিশন রোড, ষষ্ঠীতলা ও দক্ষিণ বালুয়াডাঙ্গা এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ দূর করতে বিজিবি দিনাজপুর সেক্টর ও সদর ব্যাটালিয়ন ৪২ বিজিবির উদ্যোগে গিরিজা খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম চলমান রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘসময় ধরে শহরের মধ্য দিয়ে প্রবাহিত গিরিজা খালটি স্থানীয় গৃহস্থালী বর্জ্য, পরিত্যক্ত আবর্জনা, ময়লা ও নোংরা পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রক্ষণা-বেক্ষণের অভাবে খালটিতে বিপুল পরিমাণ বর্জ্য, পলি, কচুরিপানা ও আগাছা জমে পানি প্রবাহ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

ফলে খালের বিস্তীর্ণ অংশ জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। জমে থাকা পচনশীল বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে আশপাশের পরিবেশকে অস্বাস্থ্যকর করে ফেলেছে।

এ অবস্থায় খাল-সম্পর্কিত এলাকায় সপরিবারে বসবাসরত বিজিবি সদস্য, তাদের পরিবারবর্গ, স্থানীয় বেসামরিক ব্যক্তি ও সাধারণ জনগণ দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তি ও স্বাস্থ্য-ঝুঁকির মধ্যে পড়েছেন।

পানি জমে থাকায় মশা, মাছি, সাপসহ বিভিন্ন ক্ষতিকর পোকা-মাকড়ের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং অন্যান্য পানিবাহিত রোগের ঝুঁকিও বেড়ে গেছে।

বিশেষ করে উল্লেখ করা হচ্ছে, খালটির পাশে শহীদ কর্ণেল কুদরত ইলাহী পাবলিক স্কুল ও কুঠিবাড়ী বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এই দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।

জনস্বাস্থ্য সুরক্ষা, দুর্গন্ধ দূরীকরণ, মশা-বাহিত রোগ প্রতিরোধ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিজিবি দিনাজপুর সেক্টরের উদ্যোগে এবং সদর ৪২ বিজিবির তত্ত্বাবধানে এই খালটির পরিষ্কার ও খনন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে ২২ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত বিজিবির নিজস্ব জনবল ও শ্রমিকদের সহায়তায় খালের ময়লা-আবর্জনা, কচুরিপানা ও আগাছা অপসারণ করা হয়েছে।

পরবর্তীতে ৪ আগস্ট থেকে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের একটি এক্সকাভেটরের সহযোগিতায় খালে ড্রেজিং ব্যবহারের মাধ্যমে পুনঃখনন ও সংস্কার কার্যক্রম শুরু হয়, যা বর্তমানে অব্যাহত রয়েছে।

দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি বলেছেন, গিরিজা খাল সম্পূর্ণভাবে পরিষ্কার ও পুনঃখনন শেষ হলে, পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে, জলাবদ্ধতা দূর হবে এবং মশা, মাছি, সাপ ও অন্যান্য ক্ষতিকর পোকা-মাকড়ের উপদ্রব উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে শিক্ষার্থী, বিজিবি সদস্য ও তাদের পরিবার এবং স্থানীয় জনগণ স্বাস্থ্য ঝুঁকি ও পরিবেশগত ভোগান্তি থেকে মুক্তি লাভ করবেন।

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নে বিজিবি ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও আশ্বস্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%