০১:৩৭ পি.এম
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পরও আর্জেন্টিনা জাতীয় দল দেশের মানুষের ভালোবাসা ও সম্মান পেয়েছে। প্রেসিডেন্ট হাভিয়ের মিলে এই অর্জন উদযাপন করতে এবং দেশে ফেরার পর তাদের বরণ করে নিতে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। রানার্সআপ হওয়া দলকে বীরের মর্যাদায় স্বাগত জানাতে দেশে উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট মিলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বার্তায় তিনি লেখেন, 'খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করেছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।' শিরোপা জয় না হলেও জাতীয় দলের লড়াই, ঐক্য ও আত্মবিশ্বাস দেশের মানুষের জন্য বড় গর্বের বিষয়। জাতীয় দল দেশে ফেরার পর সমর্থকদের উদযাপনের সুযোগ দিতে ছুটির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও নির্ধারণ করা হয়নি ছুটির দিনটি। দল ফেরার সময়সূচি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রস্তুতির বিষয়টি বিবেচনা করে দিন চূড়ান্ত হবে। প্রেসিডেন্ট মিলে জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর হবে। রেডিও মিত্রেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফাইনালের পর হতাশা কাটাতে দলের কিছুটা সময় প্রয়োজন। তবে সময়ের সঙ্গে খেলোয়াড়রা বুঝতে পারবেন, তারা দেশের জন্য কত বড় অর্জন নিয়ে ফিরছেন। তিনি বলেন, এই দল যে মানসিকতা, লড়াইয়ের দৃঢ়তা ও ঐক্যের উদাহরণ তৈরি করেছে, তা আর্জেন্টিনার জন্য অত্যন্ত মূল্যবান। মিলে আরও বলেন, প্রাথমিক হতাশা কেটে গেলে খেলোয়াড় ও কোচিং স্টাফরা নিজেদের অর্জনের গুরুত্ব উপলব্ধি করবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন