১২:০৩ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে। তিনি এইবার স্পষ্ট করে বলেছেন, ভবিষ্যতে যদি জাহাজ, পণ্য বা এ-সম্পর্কিত কোনো সম্পদের ক্ষতি হয়, তাহলে তার ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ থেকে পরিশোধ করা হবে।
ট্রাম্প বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। তিনি উল্লেখ করেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ট্রাম্প আরও যোগ করেন, এখন থেকে জাহাজ, পণ্য বা এ-সম্পর্কিত যেকোনো কিছুর ক্ষতিতে সংশ্লিষ্ট ক্ষতিপূরণ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থ থেকে দেওয়া হবে। তিনি সতর্ক করেন যে, ক্ষতির পরিমাণ অনেক বড় হতে পারে।
তবে ট্রাম্পের মতানুসারে, এটিই ‘ন্যায্য ও সমান’ সিদ্ধান্ত। তার এই ঘোষণার মাধ্যমে তিনি ইরানের জব্দ থাকা অর্থ ব্যবহার করে সম্ভাব্য ক্ষতির অর্থ পরিশোধের ইঙ্গিত দেন। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশেই ইরানের প্রায় ১০০ বিলিয়ন ডলারের অধিক সম্পদ জব্দ অবস্থায় রয়েছে এবং এসব সম্পদের ওপর বর্তমানে ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই।
আরও পড়ুন: পাকিস্তান-আফগান সীমান্তে তালেবানের হামলায় ১ নিহত, ৫ আহত
এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচি। তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের প্রশাসনের কিছু কর্মকর্তা বাস্তব পরিস্থিতি না বুঝে আগ্রাসী অবস্থান নিচ্ছেন। আরাগচি দাবি করেন, এই নীতি শেষ পর্যন্ত উল্টো ফল বয়ে আনবে। তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্রের কিছু নীতিনির্ধারক বাস্তবতা থেকে দূরে সরে গেছেন এবং মাঠের পরিস্থিতি উপেক্ষা করে ভবিষ্যতের রাজনৈতিক হিসাব নিয়ে ব্যস্ত রয়েছেন।
আরাগচি বলেন, এই ধরনের আগ্রাসী অবস্থান ট্রাম্পের জন্য কোনো সম্ভাব্য সমঝোতার মূল্য বাড়িয়ে দেবে।
এছাড়া, ট্রাম্প এর আগে বৃহস্পতিবার আরেকটি বক্তব্যে স্পষ্ট করে বলেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে রয়েছে এবং বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমরা খুব ভালো করছি। আমরা দারুণভাবে এগিয়ে আছি। তারা কিছু করতে চায়। কিন্তু আমি বলছি, তারা এখনো প্রস্তুত নয়। তাদের আরো একই ধরনের চাপ দরকার। তাদের কিছু খারাপ উদ্দেশ্য আছে। আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না।’
ট্রাম্প বলেছিলেন, ইরানকে শুধুমাত্র পারমাণবিক অস্ত্র তৈরি করা নয়, এমন চিন্তা করার সুযোগও দেওয়া হবে না। তিনি মন্তব্য করেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। এই সমস্যা অনেক আগেই সমাধান হওয়া উচিত ছিল। যদি আমরা ব্যবস্থা না নিই, তাহলে আর কেউ নেবে না। আমরা সেই সক্ষমতা রাখি এবং প্রয়োজন হলে আমরা সেটাই করব।’
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের এসব মন্তব্য দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন