১০:৩০ এম
মাসের শুরুতে আমানতের মুনাফা তুলতে আসা গ্রাহকদের মুখ ব্যাংকের কাউন্টার থেকে বছরের পর বছর ধরে দেখা যাচ্ছে। কয়েক বছর আগে তাদের মুখে একটি তৃপ্তি ছিল। মুনাফার টাকা হাতে নিয়ে তারা হাসিমুখে বেরিয়ে যেতেন, দুই হাত ভরে বাজার করতেন, নাতি-নাতনির জন্য কিছু কিনতেন, এবং কেউ কেউ সামান্য টাকা আবার জমাতেন। আজও তারা আসেন, মুনাফার অঙ্কটাও আগের মতোই আছে। কিন্তু সেই টাকায় এখন সংসার চলে টেনেটুনে। বাজারের ব্যাগ হালকা, মুখের হাসিটাও আগের মতো নেই। এই ক্ষয়ের ভুক্তভোগীদের অনেকেই এর নামটা জানেন না। তারা কেবল জানেন, আগের টাকায় আর আগের মতো চলছে না। এই নামহীন চাপের নামই মূল্যস্ফীতি।
অথচ এটি আমাদের কাছে মাস শেষে প্রকাশিত একটি পরিসংখ্যান হিসেবে ধরা হয়। সাধারণ মানুষের কাছে এটি শতাংশের হিসাব নয়। এটি ঠিক করে দেয়, সন্তানের কোচিং চলবে না বন্ধ হবে, অসুখে ডাক্তারের কাছে যাওয়া হবে না, পিছিয়ে দিতে হবে। মিল্টন ফ্রিডম্যান একে বলেছিলেন এমন কর, যা আইন পাস না করেই আদায় করা যায়। ব্যাংক হিসাবের অঙ্ক একই থাকে, অথচ সেই টাকায় আগের মতো কিছু কেনা যায় না। প্রায় এক শতাব্দী আগে কেইনসও সতর্ক করেছিলেন, টাকার মান অস্থির হলে সমাজে সম্পদের নীরব পুনর্বণ্টন ঘটে। তখন নগদ সঞ্চয়কারী আর স্থির আয়ের মানুষ হারান, আর দাম বাড়তে থাকা সম্পদের মালিকরা তুলনামূলক নিরাপদ থাকেন।
বাংলাদেশ চার বছর ধরে এই চাপের মধ্যে রয়েছে। ২০২২ সালের জুলাইয়ে জ্বালানির দাম গড়ে ৪৭ শতাংশ বাড়ানোর এক মাসের মধ্যেই মূল্যস্ফীতি ৭ দশমিক ৪৮ থেকে লাফিয়ে ৯ দশমিক ৫২ শতাংশে ওঠে। এবার এপ্রিল থেকে তিন দফায় জ্বালানির দাম গড়ে প্রায় ৩৭ শতাংশ বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে ৩৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ, আগস্টে তা নেমেছে ৮ দশমিক ২৬ শতাংশে। এই কমা শিরোনাম হয়, কিন্তু কাউন্টারের ওপারের মানুষের জীবনে তেমন ছাপ ফেলে না। কারণ মূল্যস্ফীতি কমা মানে দাম কমা নয়, শুধু দাম বাড়ার গতি একটু ধীর হওয়া। যে দাম একবার উঠে গেছে, সেটা সহজে নামে না, আর হারানো ক্রয়ক্ষমতাও এমনি এমনি ফিরে আসে না। আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক শূন্য ২ শতাংশে নামলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৩২ শতাংশ, অর্থাৎ ভাড়া, চিকিৎসা, যাতায়াত আর শিক্ষার খরচ উল্টো চড়ছে। একই সময়ে মজুরি বেড়েছে ৮ দশমিক শূন্য ৫ শতাংশ হারে, যা মূল্যস্ফীতির প্রায় সমান। কাগজে আয় বাড়লেও জীবনযাত্রায় স্বস্তি আসে না, কারণ সব পণ্যের দাম একই হারে বাড়ে না। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম গড়ের চেয়ে বেশি বাড়লে পরিবারের প্রকৃত ক্ষতি আরো বড় হয়।
আরও পড়ুন: মজুরি নির্ধারণে তিন দফা আলোচনায় ব্যবধান কমেছে
আমানতকারীর ক্ষতিটা সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য উদ্ধৃত করে করা এক বিশ্লেষণ বলছে, ২০২৫ সালে ব্যাংকের গড় আমানতের সুদের হার ছিল প্রায় ৬ শতাংশ আর মূল্যস্ফীতি বেশিরভাগ সময় ছিল ৮ থেকে ৯ শতাংশের মধ্যে। অর্থাৎ নিরাপদ ভেবে যারা ব্যাংকে টাকা রেখেছেন, তাদের প্রকৃত রিটার্ন ছিল ঋণাত্মক, প্রায় ২ থেকে ৩ শতাংশ। আসল টাকা অক্ষত থাকে বলে ক্ষতিটা চোখে পড়ে না, কিন্তু প্রতিবছর সঞ্চয়ের মূল্য একটু একটু করে ছোট হতে থাকে। মানুষ যখন বোঝে ব্যাংকে টাকা রাখলে বাস্তবে লোকসান, তখন সে জমি, সোনা বা তাৎক্ষণিক খরচের দিকে ঝোঁকে। অথচ উন্নয়নশীল অর্থনীতির মূলধন গঠনের ভিত্তিই এই বিশ্বাস যে, আজকের সঞ্চয় আগামী দিনের নিরাপত্তা দেবে। ব্যাংক আমানত হারালে ঋণ দেওয়ার সক্ষমতাও কমে, আর সেই ধাক্কা লাগে ছোট ব্যবসায়ী ও উদ্যোক্তার গায়ে। উদ্যোক্তা এমনিতেই অনিশ্চয়তায় আছেন। ছয় মাস পর কাঁচামালের দাম কত হবে, দীর্ঘমেয়াদি প্রকল্পের খরচ কত দাঁড়াবে, এর কোনো নির্ভরযোগ্য হিসাব তার হাতে নেই। জ্বালানির দাম এখানে বাড়তি আঘাত হানে, কারণ জ্বালানি শুধু ভোগ্যপণ্য নয়। কৃষিপণ্যের পরিবহন, কারখানার উৎপাদন, বিদ্যুৎ, সরবরাহব্যবস্থা, প্রায় সবকিছুর খরচের সঙ্গে এটি জড়িয়ে আছে। শিল্প খাত আগে থেকেই গ্যাস সংকটে ভুগছে, এর ওপর নতুন এই ধাক্কা। বিশ্বব্যাংকও বেসরকারি বিনিয়োগের স্থবিরতাকে বর্তমান অর্থনীতির বড় দুর্বলতা বলে চিহ্নিত করেছে।
সবচেয়ে বেশি মার খায় নিম্ন আয়ের মানুষ, কারণ তাদের কাটছাঁটের জায়গা সবচেয়ে কম। ধনী পরিবার গাড়ি কেনা পিছিয়ে দিতে পারে, গরিব পরিবারকে কমাতে হয় খাবারের পুষ্টি, নয়তো সন্তানের পড়াশোনা। বিশ্বব্যাংকের হিসাবে ২০২২ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ, ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ২১ দশমিক ৪ শতাংশ। প্রায় ১৪ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন, কারণ নিম্ন আয়ের মানুষের মজুরি দামের সঙ্গে তাল রাখতে পারেনি। আরো উদ্বেগের কথা, প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ, অর্থাৎ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ, এখনো দারিদ্র্যে ফিরে যাওয়ার ঝুঁকিতে আছেন। একটি কঠিন অসুখ বা একটি বন্যাই তাদের আবার নিচে নামিয়ে দিতে পারে। আর ক্ষতিটা শুধু আজকের নয়।
যে শিশু আজ পুষ্টি আর মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, সে-ই দশ-পনেরো বছর পর দুর্বল স্বাস্থ্য আর কম দক্ষতা নিয়ে শ্রমবাজারে ঢুকবে। লাখ লাখ পরিবারে এটি ঘটলে তা আর ব্যক্তিগত দুর্ভোগ থাকে না, দেশের মানবসম্পদের ক্ষতি হয়ে দাঁড়ায়। অমর্ত্য সেন উন্নয়নকে মেপেছিলেন মানুষের সক্ষমতা দিয়ে—অর্থাৎ নিজের পছন্দের জীবন বেছে নেওয়ার সুযোগ দিয়ে। সেই মাপকাঠিতে মূল্যস্ফীতি শুধু পকেট হালকা করে না, মানুষের সক্ষমতাও কেড়ে নেয়। আমাদের সংবিধানে জীবনযাত্রার মানের ধারাবাহিক উন্নয়নের যে অঙ্গীকার আছে, তা এভাবে নীরবে ক্ষয়ে যায়। একজন প্রবীণ মাসে পাঁচ হাজার টাকা ভাতা পান; কিন্তু ওষুধ আর খাবারের দাম বাড়লে সেই টাকায় আর আগের মতো কেনা যায় না। বরাদ্দের অঙ্কে নয়, মানুষ সেই টাকায় বাস্তবে কী কিনতে পারছেন, এর ওপরই কল্যাণরাষ্ট্রের সাফল্য নির্ভর করে।
তাহলে উপায় কী? একটি পথে এর সমাধান হবে না, কয়েকটা একসঙ্গে চালাতে হবে। প্রথমত, মুদ্রানীতিকে ধারাবাহিক ও বিশ্বাসযোগ্য রাখতে হবে। আমানতের সুদ এমন পর্যায়ে থাকা দরকার, যাতে সাধারণ সঞ্চয়কারীর প্রকৃত রিটার্ন শূন্যের নিচে না নামে, নইলে ব্যাংকে টাকা রাখার আস্থাই থাকে না। দ্বিতীয়ত, জ্বালানির দাম বড় লাফে না বাড়িয়ে ধাপে ধাপে ও আগাম ঘোষণা দিয়ে সমন্বয় করতে হবে, যাতে ব্যবসায়ী ও পরিবার প্রস্তুত থাকতে পারেন। একই সঙ্গে গ্যাস-বিদ্যুতের সরবরাহ ঠিক রাখা জরুরি, কারণ উৎপাদন থেমে গেলে দাম আরো চড়ে। তৃতীয়ত, সিন্ডিকেট ভাঙা, সরবরাহ শৃঙ্খল ছোট করা আর কৃষিপণ্যের মজুত ও পরিবহন খরচ কমানোর দিকে নজর দিতে হবে, কারণ নিত্যপণ্যের দামই গরিবকে সবচেয়ে বেশি আঘাত করে। চতুর্থত, বয়স্কভাতা, পেনশন আর নিম্ন আয়ের মানুষের সহায়তা লক্ষ্যভিত্তিক করতে হবে এবং প্রতিবছর দামের সঙ্গে মিলিয়ে বাড়াতে হবে। পঞ্চমত, নীতির ধারাবাহিকতা, ঋণপ্রাপ্তির সহজ সুযোগ আর ব্যাংক খাতের শৃঙ্খলা দিয়ে বেসরকারি বিনিয়োগ ফেরাতে হবে, কারণ উৎপাদন বাড়লেই দামের চাপ টেকসইভাবে কমে।
আরও পড়ুন: শিল্প খাতে সংকট, উৎপাদন ও বিনিয়োগ কমেছে
এসব পদক্ষেপ একে অন্যের পরিপূরক। যে গ্রাহক একসময় হাসিমুখে দুই হাতে বাজার করতেন, তার সেই হাসি ফিরিয়ে আনাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আসল মাপকাঠি। পরিসংখ্যান নামলেই সেটি হয় না। যতদিন মানুষের হাতের টাকার কেনার ক্ষমতা ফিরছে না, ততদিন মূল্যস্ফীতি আজকের ভোগের ওপর অঘোষিত কর, গতকালের সঞ্চয়ের ওপর শাস্তি, আর আগামী দিনের সুযোগের ওপর হুমকি হয়েই থাকবে।
লেখক : ব্যাংকার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন