০৫:০৫ এম
নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালে কাকলী রানী দাস নামের এক গৃহবধূ একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে দুটি কন্যাসন্তান এবং একটি ছেলেসন্তান রয়েছে। সিজারিয়ান অস্ত্রোপচারের পর মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানা গেছে।
রোববার দুপুরে শহরের বাঙ্গালীপুর মোড়ে অবস্থিত পদ্মা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এই শিশুগুলোর জন্ম হয়। কাকলী রানীর স্বামী বিদ্যুৎ চন্দ্র দাস (২৮) পেশায় একজন টাইলস মিস্ত্রি। তাদের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট গ্রামের চক সন্ন্যাসী শাহাপাড়ায়।
পারিবারিক সূত্র জানায়, গর্ভাবস্থার শুরু থেকেই কাকলী রানী উক্ত চিকিৎসাকেন্দ্রে নিয়মিত গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টির তত্ত্বাবধানে ছিলেন। রোববার দুপুরে তার পরিচালনায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।
আরও পড়ুন: মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক
একসঙ্গে তিন সন্তান লাভের খবরে ওই পরিবারে আনন্দের বন্যা বইছে। চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টি জানান, অস্ত্রোপচারের পর মা ও তিন নবজাতক আশঙ্কামুক্ত রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন