শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:০৮ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ছেড়ে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল মার্তিনেলি।২৫ বছর বয়সী মার্তিনেলি আল হিলালের সাথে চার বছরের চুক্তি সম্পন্ন করেছেন।এক বিবৃতিতে আল হিলাল জানায়, মার্তিনেলিকে পেতে আর্সেনালকে ৬০ মিলিয়ন পাউন্ড (প্রায় ৮১ মিলিয়ন ডলার) নির্ধারিত ট্রান্সফার ফি প্রদান করবে তারা। পাশাপাশি, মার্তিনেলিকে ভবিষ্যতে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করা হলে সেই অর্থের এক শতাংশ পাবে আর্সেনাল।আর্সেনাল ক্লাব ইতিহাসে মার্তিনেলিকে রেকর্ড দামে বিক্রি করেছে। এর আগে এত বেশি দামে কোনো খেলোয়াড়কে তারা বিক্রি করেনি। সর্বোচ্চ ৩৫ মিলিয়ন পাউন্ডে ২০১৭ সালে লিভারপুলের কাছে অ্যালেক্স অক্সলেড চেম্বারলিনকে বিক্রি করেছিল আর্সেনাল।২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ইতুয়ানো থেকে ১৮ বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন মার্তিনেলি। দীর্ঘ সাত বছর পর তিনি আর্সেনালের অধ্যায় শেষ করলেন। এই সময়ের মধ্যে গানার্সদের হয়ে ২৭৮ ম্যাচ খেলে ৬২ গোল করেছেন তিনি।গত মৌসুমে ২২ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। দলের শিরোপা জয়ের মৌসুমে ৫৩ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মার্তিনেলি। এছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও উঠেছিল আর্সেনাল।চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আর্সেনালের প্রথম দুই ম্যাচে ম্যাচ ডে স্কোয়াডে জায়গা হয়নি মার্তিনেলির।সর্বশেষ বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন মার্তিনেলি। জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে গোলও করেছিলেন তিনি। তবে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।আল হিলাল জানিয়েছে, আল শাবাবের বিপক্ষে ম্যাচ দিয়ে সৌদি ক্লাবের হয়ে অভিষেক হতে পারে মার্তিনেলির।আল নাসরের সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আল হিলাল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানকে আরও জোরদার করেছে দেশটির সামরিক বাহিনী। গত ৭২ ঘণ্টার মধ্যে অন্তত ৪৮ জন ‘সন্ত্রাসী’ নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার আইএসপিআরের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বেলুচিস্তানের মাস্তুং, কোয়েটা, কালাত ও সিবি জেলায় সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী।
দেশের সংবাদমাধ্যম
জানাচ্ছে, সর্বশেষ ৪৮ ঘণ্টার অভিযানে ৩৬ জন নিহত হয়েছে। এর মধ্যে কোয়েটার শাবান এলাকায় সংঘর্ষে ২৬ জন, মাস্তুংয়ে ৬ জন, কালাতে দুজন এবং সিবির ভাগ এলাকায় একটি থানায় হামলার চেষ্টাকালে আরো দুজন নিহত হয়।
এর আগে, গত বুধবার বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ১২ জন সন্ত্রাসী নিহত হওয়ার খবর জানিয়েছিল আইএসপিআর।
সামরিক বাহিনী জানায়, এসব অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকাগুলোতে যদি কোনো সন্ত্রাসী অবশিষ্ট থাকে, তাদের নির্মূল করতে তল্লাশি ও নিরাপত্তা অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসবিরোধী এই অভিযান চালিয়ে যাবে নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের বৃদ্ধি ঘটেছে
সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান হবে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে সহিংসতায় নিহতদের প্রায় ৯৬ শতাংশই এই দুই প্রদেশে ঘটেছে। মোট নিহতদের মধ্যে ৬১ শতাংশের বেশি অর্থাৎ ৪৭৫ জন খাইবার পাখতুনখোয়ায় এবং ৩৪ শতাংশ অর্থাৎ ২৬৫ জন নিহত হয়েছে বেলুচিস্তানে। এছাড়া, সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়, যেখানে ১৫১টি ঘটনা ঘটেছে, যা দেশজুড়ে মোট ঘটনার ৫৭ শতাংশ।
এরপর রয়েছে বেলুচিস্তান, যেখানে ৯৪টি ঘটনা বা ৩৫ শতাংশ ঘটনা ঘটেছে। এতে প্রদেশ দুটিতে সশস্ত্র গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ঘনত্বের বিষয়টি উঠে এসেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০ফরিদপুরের ভাঙ্গা এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছন থেকে দ্রুত গতিতে আসা আরেকটি বাসের ধাক্কায় রাব্বি (২৪) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এই ঘটনা ঘটে।নিহত রাব্বি বরগুনার পাথরঘাটা উপজেলার জালাল মিয়ার পুত্র ছিলেন। তিনি হামিম পরিবহনের বাসের চালকের সহকারী হিসেবে কাজ করতেন।স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পাথরঘাটা থেকে ঢাকাগামী বিকাশ পরিবহনের একটি বাস ব্রাহ্মণপাড়া এলাকায় যাত্রী ওঠানোর জন্য এক্সপ্রেসওয়ের ওপর দাঁড়িয়ে ছিল।এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ঢাকাগামী হামিম পরিবহনের একটি বাস বিকাশ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় হামিম পরিবহনের হেলপার রাব্বি ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।আহতদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুনতাসির জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং দুর্ঘটনার বিষয়ে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বরুণা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ সেলিম আহম্মেদ। সভাপতির দায়িত্ব পালন করেন আবুল হাশেম মাস্টার।বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিধান কৃষ্ণ রায়, রূপগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মেদ এবং কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।সভায় বক্তারা আলহাজ সেলিম আহম্মেদকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন।তাঁরা বলেন, নির্বাচিত হলে কায়েতপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং মানুষের কল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।বক্তারা আরো উল্লেখ করেন, কায়েতপাড়া ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। তাঁদের দাবি, এ ক্ষেত্রে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম আহম্মেদের বিকল্প নেই।মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, এলাকার উন্নয়ন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা কায়েতপাড়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ