ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ইরানে হামলার আশঙ্কার মধ্যে কাতারের আমিরকে ট্রাম্পের ফোনালাপ


ইরানে হামলার আশঙ্কার মধ্যে কাতারের আমিরকে ট্রাম্পের ফোনালাপ

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তিনি টেলিফোনে আলোচনা করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) কাতারের আমিরের কার্যালয় (আমিরি দিওয়ান) থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতার মধ্যে আঞ্চলিক পরিস্থিতি এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পরেও ট্রাম্প ইরানে সামরিক হামলা পুনরায় শুরু করার আশঙ্কার মধ্যে এই উচ্চপর্যায়ের কথোপকথন অনুষ্ঠিত হয়। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

কাতারের আমিরের কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে ফোন করে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের কূটনৈতিক প্রচেষ্টার বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘কাতারের আমির দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি এবং পরিস্থিতির আরও অবনতি যাতে না হয়, সেই জন্য সংলাপ অব্যাহত রাখার ও কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর জোর দিয়েছেন।’

এদিকে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ওভাল অফিসে ইরান প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ আরও তীব্র করার সিদ্ধান্ত নেওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে।

তিনি উল্লেখ করেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আপনারা খুব দ্রুতই তা জানতে পারবেন।’

আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

এই বিকল্পকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমরা একটি সিদ্ধান্ত নেব যে, আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত (সার্টিফাই) করতে চাই, যাতে এটি আর কখনোই না ঘটে?’

ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, দেশটি পুনর্নির্মাণ করতে তাদের (ইরান) ২৫ বছর সময় লাগবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুর-মাগুরা সড়কের ১৭ বছর পর সংস্কার কাজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০০ পি.এম


শ্রীপুর-মাগুরা সড়কের ১৭ বছর পর সংস্কার কাজ শুরু

মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কারকাজের শুভ উদ্বোধন করা হয়েছে, যা দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারহীন অবস্থায় ছিল। শুক্রবার (৬ নভেম্বর) শ্রীপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংস্কারকাজের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এই গুরুত্বপূর্ণ সড়কটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার এবং সংস্কারের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দ ও বেহাল অবস্থার কারণে স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে, সংস্কার কাজ সম্পন্ন হলে মাগুরা ও শ্রীপুরের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা লাঘব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, খান হাসান ইমাম সুজা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে চিকিৎসক সংকটে গর্ভবতী নারীদের দূরের হাসপাতালে ছুটতে হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


ঝিনাইদহে চিকিৎসক সংকটে গর্ভবতী নারীদের দূরের হাসপাতালে ছুটতে হচ্ছে

একটি তিনতলা ভবন দাঁড়িয়ে রয়েছে। কক্ষে কক্ষে চিকিৎসা সরঞ্জাম সাজানো, শয্যা প্রস্তুত এবং চিকিৎসক ও কর্মীদের থাকার জন্য ডরমিটরি রয়েছে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটরও প্রস্তুত রাখা হয়েছে। তবে চিকিৎসক নেই। ঝিনাইদহ জেলার চারটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এই অবস্থা। অভিযোগ রয়েছে, উদ্বোধনের আট বছর পরও চিকিৎসক সংকটের কারণে এসব কেন্দ্রে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা চালু করা সম্ভব হয়নি। ফলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত গ্রামের গর্ভবতী নারীরা। কাছের এসব কেন্দ্রে চিকিৎসা না পেয়ে তাদের দূরে দূরে বিভিন্ন হাসপাতালে ছুটতে হচ্ছে। এতে বাড়ছে ভোগান্তি ও জীবনের ঝুঁকি। কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসক নিয়োগের সুপারিশ সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যসেবা ঝিনাইদহের মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এসব হাসপাতাল। ২০১৮ সালে উদ্বোধনের পর স্থানীয়দের প্রত্যাশা ছিল, গ্রামের নারীরা নিরাপদ মাতৃত্বসেবা পাবেন, জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা হবে এবং নবজাতকের প্রয়োজনীয় সেবাও মিলবে। কিন্তু আট বছরেও সেই প্রত্যাশার পূর্ণ বাস্তবায়ন হয়নি। ভবন ও অবকাঠামো প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় সরকারি এসব স্বাস্থ্যকেন্দ্রের একটি বড় অংশ অব্যবহৃত রয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, জেলার শৈলকুপা উপজেলার প্রত্যন্ত গ্রাম দুধসর। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে এখানে নির্মাণ করা হয়েছে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। পরিকল্পনা ছিল, এ কেন্দ্র থেকেই গর্ভবতী নারীদের প্রসবপূর্ব ও প্রসব-পরবর্তী সেবা, প্রসূতি ব্যবস্থাপনা এবং শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। কিন্তু চিকিৎসক সংকটের কারণে এত দিনেও প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ সেবাকেন্দ্র হিসেবে কার্যকর হয়ে উঠতে পারেনি।

একই চিত্র ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিণ কাষ্টসাগরা, কালীগঞ্জ পৌরসভা এলাকা এবং শৈলকুপার কাঁচেরকোল গ্রামে নির্মিত অন্য তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রেও দেখা যাচ্ছে। তিনতলা ভবন, শয্যা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য অবকাঠামো থাকা সত্ত্বেও প্রয়োজনীয় জনবলের অভাবে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সক্ষমতা অনুযায়ী সেবা দিতে পারছে না।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালগুলো নির্মাণের সময় যে আশার কথা বলা হয়েছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে গিয়ে রোগীদের বাড়তি খরচ হচ্ছে। বিশেষ করে প্রসববেদনা ওঠা নারী কিংবা অসুস্থ নবজাতককে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হলে পরিবারের সদস্যদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ২৫ লাখ টাকা। সে হিসাবে চারটি প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে মোট ব্যয় হয়েছে ২১ কোটি টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এসব হাসপাতালের বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিটি হাসপাতাল তিনতলাবিশিষ্ট। চিকিৎসা কার্যক্রম পরিচালনার উপযোগী করে তৈরি করা হয়েছে বিভিন্ন কক্ষ।

দক্ষিণ কাষ্টসাগরা এলাকার বাসিন্দা বসির আহম্মেদ বলেন, "হাসপাতাল আছে, ভবন আছে। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক না থাকলে মানুষ কীভাবে সেবা পাবে? গর্ভবতী নারী কিংবা শিশুর অসুস্থতার সময় দূরের হাসপাতালে যেতে হয়। এতে সময় ও টাকা দুটোই বেশি লাগে।"

ঝিনাইদহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহা. মোজাম্মেল করিম বলেন, "হাসপাতালগুলো চালু থাকলেও চিকিৎসক না থাকায় পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি কেন্দ্রে দুজন করে চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়েছে। চিকিৎসক নিয়োগ দেওয়া হলে সেবার পরিধি বাড়ানো সম্ভব হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে প্রেমের জেরে দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০, ফেসবুক লাইভে মেয়েটির বিস্ফোরক বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

দিরাই প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


দিরাইয়ে প্রেমের জেরে দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০, ফেসবুক লাইভে মেয়েটির বিস্ফোরক বক্তব্য

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই গ্রামের অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। একটি প্রেমের সম্পর্ককে ঘিরে দুই গ্রামের মানুষের মধ্যে এমন সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা মেয়েটি সরাসরি ফেসবুক লাইভে এসে নিজের অবস্থান তুলে ধরে বিস্ফোরক বক্তব্য দিয়েছে। লাইভে সে জানায়, তাদের দুজনের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক রয়েছে। তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না বলেও দাবি করে।

মেয়েটি আরও জানায়, সে নিজেই ছেলেটিকে ফোন করে নিয়ে এসেছে এবং দুজনের সম্মতিতে একসঙ্গে পালিয়ে বিয়ে করেছে। তাদের আলাদা করার চেষ্টা কিংবা গ্রামবাসীর জমায়েত করে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করে সে। তার স্পষ্ট বক্তব্য, সে ওই ছেলেকেই চায়, অন্য কাউকে নয়।

ফেসবুক লাইভে আবেগাপ্লুত হয়ে মেয়েটি বলে, “ওকে যদি না পাই, তাহলে এ জীবন আর রাখব না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কম্বোডিয়াভিত্তিক অনলাইন প্রতারণা চক্রের সহযোগীদের ওপর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কম্বোডিয়াভিত্তিক অনলাইন প্রতারণা চক্রের সহযোগীদের ওপর

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে কম্বোডিয়াভিত্তিক একটি কথিত অনলাইন প্রতারণা চক্র ও আফ্রিকার মাদাগাস্কারে সক্রিয় অপরাধী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কয়েক ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর। এই চক্রগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে মার্কিন নাগরিকদের লক্ষ্য করে প্রতারণা চালানোর।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি ডিপার্টমেন্ট) প্রিন্স গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট চার ব্যক্তি ও ৪১টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে শত শত কোটি ডলারের অনলাইন প্রতারণা কার্যক্রম পরিচালনার।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়া বর্তমানে আন্তর্জাতিক অপরাধী চক্রগুলোর অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। এসব চক্র ভুয়া প্রেমের সম্পর্ক তৈরি করে এবং ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা করে। তাদের ফাঁদে পড়ে বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেককে মানব পাচারের মাধ্যমে বাধ্য করে এসব কার্যক্রমে যুক্ত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের চাপের মুখে কম্বোডিয়া সরকার জানিয়েছে, তারা এ ধরনের অপরাধমূলক কার্যক্রম বন্ধে অভিযান চালাচ্ছে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় থাকা চার ব্যক্তির মধ্যে একজন কিউ ইয়ং। তিনি প্রিন্স গ্রুপের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, তিনি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে হংকংভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের একটি নেটওয়ার্ক পরিচালনা করতেন। এসব প্রতিষ্ঠান ঋণ প্রদানসহ বিভিন্ন ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কম্বোডিয়া, সেন্ট লুসিয়া ও তুরস্কের পাসপোর্টধারী কিউ ইয়ং ঋণ প্রদানকারী বিভিন্ন সেবা এবং ওয়াইন ব্যবসাসহ নানা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রিন্স গ্রুপের অর্থ পাচারে সহায়তা করেছেন বলে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

চীনে জন্ম নেওয়া প্রিন্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেন ঝিকে গত জানুয়ারিতে কম্বোডিয়া থেকে চীনে প্রত্যর্পণ করা হয়। এর কয়েক মাস আগে, প্রতারণামূলক কার্যক্রমের অভিযোগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রিন্স গ্রুপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

কম্বোডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, চেন ঝিসহ প্রিন্স গ্রুপের অন্তত ছয়জন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রায় ১০০ কোটি ডলার মূল্যের ক্যাসিনো, ভবন ও অন্যান্য স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে।

এদিকে, আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে একটি প্রতারণা চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগে মালয়েশিয়ার নাগরিক চুই কক ওয়াকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়।

গত সেপ্টেম্বরে প্রতারণাবিরোধী এক সম্মেলনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছিলেন, তার দেশ কখনোই অনলাইন প্রতারণার অপরাধীদের ‘নিরাপদ আশ্রয়স্থল’ হতে দেবে না।

তবে বিশ্লেষকদের মতে, এসব অপরাধী চক্রকে প্রভাবশালী মহলের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা এবং তাদের অপরাধ পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক ও অবকাঠামোগত নেটওয়ার্ক এখনো পুরোপুরি ভেঙে ফেলা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবারের বিবৃতিতে বলেন, ‘সাইবার প্রতারণার অপরাধী চক্রগুলো এখনো যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে শত শত কোটি ডলার হাতিয়ে নিচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%