০৫:৫৬ পি.এম
যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও উৎপাদন শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা ৪৩ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়।
বর্তমানে জাতীয় গ্রিডে ইউনিটটি ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। তবে, এই ইউনিটটির দ্রুত সংস্কার এখন জরুরি। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এক নম্বর ইউনিটটিতে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ২০২০ সালে ইউনিটটি ওভারহোলিং (নতুনকরণ বা সংস্কার) করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটি এখনও সম্পন্ন হয়নি। দ্রুত এর ওভারহোলিং প্রয়োজন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে এক নম্বর ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। গতকাল শুক্রবার সকালে ইউনিটটির একটি পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। পরে ত্রুটি মেরামত করা শেষে শনিবার সকালে আবার উৎপাদন শুরু হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ
এছাড়া উল্লেখযোগ্য যে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে তিন নম্বর ইউনিটটি বর্তমানে চালু রয়েছে। এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১৬০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের দুই নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ফলে, বর্তমানে এক ও তিন নম্বর ইউনিটের উৎপাদন দিয়েই কেন্দ্রটি জাতীয় গ্রিডে ২৩০ থেকে ২৩৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন