১১:০২ এম
গত ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী বছরে ৬ মাস (আগস্ট-নভেম্বর এবং মার্চ-এপ্রিল) প্রতি কেজি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবেন।
এক বিজ্ঞপ্তিতে সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাসহ বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে নিম্ন আয়ের মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করার জন্য এই কর্মসূচি চালু রাখা হয়েছে। দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী এ সুবিধার আওতায় রয়েছেন।
আরও পড়ুন: নেসেটে ১৯ আসন পেয়েও সংশয়: নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে পারবে তো আরব দলগুলো?
দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি কমানো, বিশেষত নারীদের ও শিশুদের পুষ্টির উন্নয়নের লক্ষ্যেও এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। বর্তমানে ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে এবং ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ করা হচ্ছে।
এছাড়া সারাদেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র (দোকান ও ট্রাক) থেকে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দেশে খাদ্যশস্যের মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে। আগের যেকোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান আছে।
গত ২ আগস্ট পর্যন্ত দেশে মোট খাদ্য মজুতের পরিমাণ ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন (ধানকে চালে রূপান্তর করে হিসাব করা হয়েছে)।
সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি কমানো এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচিগুলোকে আরও কার্যকর ও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ বলেও খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন