বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং
০৮:৫২ পি.এম
নিরাপত্তা উদ্বেগের কারণে সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে ‘জরুরি নয়’ এমন কর্মীদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইরান-সমর্থিত হুতি বাহিনী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলার ফলে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে যে, পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানিয়েছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের দেশটির কোনো বিমানবন্দর ব্যবহার করতে হলে মিশন প্রধানের বিশেষ অনুমতি নিতে হবে।
মার্কিন কর্মকর্তারা তাদের নাগরিকদের সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশপথ বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে বিঘ্ন ঘটার ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকতে এবং ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছেন।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে দীর্ঘ সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন জাহ্নবী কাপুর। প্রেমজীবন নিয়ে এতদিন মুখ না খুললেও এবার তিনি এ বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন।
‘কফি উইথ করন’ অনুষ্ঠানের নবম সিজনে অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রেমজীবন নিয়ে কথা বলেন জাহ্নবী কাপুর। এই পর্বে তার সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান।
অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর জাহ্নবীকে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে একাধিক প্রশ্ন করেন। তিনি জানতে চান, সত্যিই কি প্রেম করছেন জাহ্নবী?
জবাবে, কোনো রাখঢাক না করেই জাহ্নবী স্পষ্টভাবে জানান, ‘হ্যাঁ, করছি।’
আলাপচারিতার এক পর্যায়ে করণ জাহ্নবীর কাছে বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে, এই অভিনেত্রী পরিষ্কার করে বলেন, বর্তমানে বিয়ের কোনো পরিকল্পনা নেই তার। তবে বিয়ের জন্য একটি সম্ভাব্য সময়সীমা রয়েছে।
জাহ্নবী বলেন,
তিনি বলেন, আপাতত তারা দুজন বেশ ভালো আছেন। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বিয়ের বিষয়ে তাড়াহুড়ো করতে চান না তিনি। সম্পর্ক এবং ক্যারিয়ার—দুটোই নিজের মতো করে এগিয়ে নিতে চান।
জাহ্নবী ও শিখরের সম্পর্ক দীর্ঘদিনের। তারা জীবনের শুরুতেই একে অপরের সঙ্গে জড়ান। ২০১৬ সালে বিচ্ছেদ হলেও ২০২২ সালে আবার তারা একে অপরের কাছাকাছি আসেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেছেন।
তিনি বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কারখানাটি পরিদর্শনে যান।
কারখানায় পৌঁছানোর পর, প্রধানমন্ত্রী টয়োটা নির্মিত প্রথম প্রাইভেট কারটি পরিদর্শন করেন।
টয়োটা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে গাড়িতে ওঠার আমন্ত্রণ জানান। এ সময় তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে নিয়ে গাড়িটিতে ওঠেন।
টয়োটা পরিবারের প্রথম গাড়ির প্রোটোটাইপ টয়োডা মডেল এ১ ১৯৩৫ সালে তৈরি হয়।
এই ধারাবাহিকতায় ১৯৩৬ সালে তৈরি হয় টয়োটা মডেল এএ, যা টয়োটার প্রথম উৎপাদিত যাত্রীবাহী গাড়ি।
বর্তমানে জাপানের টয়োটা সংগ্রহশালায় গাড়িটির প্রতিরূপ সংরক্ষিত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘বিএনএমপিসি ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অতিরিক্ত মহাপরিচালক এবং কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উল্লেখ করেন, বিজ্ঞান উৎসব শিক্ষার্থীদের মধ্যে গবেষণামনস্কতা এবং গুরুত্বপূর্ণ দক্ষতা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। এটি তাদের সামাজিক সচেতনতা, সৃজনশীলতা ও উপস্থাপনার সক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার সুযোগ পায়।
অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের মতো বিজ্ঞানমনস্ক ও মেধাবী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে। তোমরাই একদিন আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ছড়িয়ে দেওয়া এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহ জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতা ও প্রদর্শনী:
এবারের বিজ্ঞান উৎসবে দেশের স্বনামধন্য ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রায় ৩০০টি বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শিত হচ্ছে। উৎসবের অংশ হিসেবে বিজ্ঞান অলিম্পিয়াড, দেয়ালপত্রিকা, প্রকল্প উপস্থাপন, উপস্থিত বক্তৃতা, অ্যানালিটিক্যাল কুইজ, গল্পলিখন ও কম্পিউটার গেমিংসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে একটি ফোর-ডি (4D) মুভি বাস ও একটি মিউজিয়াম বাসের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিশেষ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যা শিক্ষার্থীদের হাতে-কলমে শেখার সুযোগ সৃষ্টি করছে।
আগামী শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা উন্নয়নের উদ্দেশ্যে একটি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যা প্রশিক্ষণ ম্যানুয়াল বিষয়ে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর তৃতীয় তলার সেমিনার কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন গো ফর ইমপ্যাক্ট কর্মসূচির আওতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আজমান আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআইএলজির প্রশিক্ষণ ও পরামর্শ বিভাগের পরিচালক মো. কায়েসুজ্জামান। তিনি এবং এনআইএলজির সহকারী পরিচালক মনিকা মিত্র ম্যানুয়ালের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল ইসলাম উল্লেখ করেন, “মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতিকে বিজ্ঞানসম্মত চর্চার সঙ্গে যুক্ত করার উপায় আমাদের প্রণয়ন করতে হবে, যাতে পরিবেশের ওপর সঠিক ও ইতিবাচক প্রভাব নিশ্চিত করা যায়।” বিশেষ অতিথি আজমান আহমেদ চৌধুরী বলেন, “আজকের এই আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তৃণমূল পর্যায়ে জলবায়ু-সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এনআইএলজি-র সাথে কাজ করে যাবে ওয়াটারএইড বাংলাদেশ।”
সভাপতির বক্তব্যে মো. কায়েসুজ্জামান জানান, “এই ম্যানুয়ালগুলো এনআইএলজির নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় সরকার প্রতিনিধি ও কর্মকর্তারা জলবায়ু সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে পারেন।”
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া) ও বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া নওগাঁ ও সাতক্ষীরা জেলার স্থানীয় সরকার উপপরিচালক, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা ও কোইকা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
প্যানেল আলোচকরা নতুন প্রশিক্ষণ ম্যানুয়ালের ওপর তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ ম্যানুয়াল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এই ম্যানুয়ালের আলোকে এনআইএলজি চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত নওগাঁ ও সাতক্ষীরা জেলার ৫৫১ জন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ১৫টি ব্যাচে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করেছে।
গো ফর ইমপ্যাক্ট প্রকল্প সম্পর্ক
গো ফর ইমপ্যাক্ট প্রকল্পের লক্ষ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খাতে ন্যায্য ও জলবায়ু সহনশীল মৌলিক সেবা নিশ্চিত করা। বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। মাঠপর্যায়ে বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে রূপান্তর (সাতক্ষীরা) ও ইএসডিও (নওগাঁ)।
তালাশ বিডি/মিডিয়া লিঃ