১২:৪০ পি.এম
ভারতের আসামের গুয়াহাটি শহরে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ ২২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এনডিটিভি সূত্রে জানা যায়, শহরের বিভিন্ন সড়কের মোড় ও জনসমাগমস্থলে চাঁদাবাজি, অপরাধের হুমকি ও অশালীন আচরণের অভিযোগের ভিত্তিতে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর এ অভিযান শুরু হয়।
শুক্রবার সাংবাদিকদের এ বিষয়ে তথ্য জানান গুয়াহাটির যুগ্ম পুলিশ কমিশনার অঙ্কুর জৈন। তিনি উল্লেখ করেন, শহরের তিনটি জেলার উপপুলিশ কমিশনারদের অধীনে গঠিত পুলিশের আলাদা দল এই অভিযান পরিচালনা করে। জৈন আরও জানান, সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুসরণ করেই অভিযানটি সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, "কারও লিঙ্গপরিচয় যা-ই হোক, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।" অভিযান পরিচালনার সময় পুলিশ সকল ধরনের নিয়ম ও নির্দেশনা মেনেছে। তিনি আরও জানান, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিরুদ্ধে আসা অভিযোগের তদন্তের জন্য আলাদা কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের তৃতীয় লিঙ্গের পুরুষ নাকি নারী হিসেবে পরিচয় দেন, তা বিবেচনায় রাখা হয়েছে।
আরও পড়ুন: গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা
গ্রেপ্তার ২২ জনকে পরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান জৈন। কিছু ব্যক্তি মিথ্যা পরিচয়ে নিজেদের তৃতীয় লিঙ্গের বলে দাবি করছেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে জৈন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের নির্ধারিত কমিটির দেওয়া সনদ দেখাতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের পরিচয়পত্র ও সনদ যাচাই করা হবে। এসব নথির সত্যতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের দাবি, প্রচলিত আইন ও সরকারি নির্দেশনা অনুসরণ করেই পুরো অভিযান পরিচালনা করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন