১০:০২ পি.এম
পাবনার সাঁথিয়া উপজেলার অসহায় মা মুন্নি খাতুনের পাশে দাঁড়িয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান। তিনি ঘোষণা করেছেন যে, ওই মায়ের ভরণপোষণ ও চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব তিনি নেবেন। পাশাপাশি মুন্নি খাতুনকে আর্থিক সহায়তাও প্রদান করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসদরের মুন্নি খাতুনের বোনের বাড়িতে গিয়ে ডা. আহমেদ মোস্তফা নোমান তার ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানান। তিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখার সদস্যসচিব হিসেবে চিকিৎসকের দায়িত্ব পালন করছেন।
এর আগে, বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মা ও ছেলের ভরণপোষণ-সংক্রান্ত শুনানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মায়ের দায়িত্ব নিতে ছেলের অনীহার বিষয়টি উঠে আসলে তা অনেকের দৃষ্টি আকর্ষণ করে। ভিডিওটি দেখে আবেগাপ্লুত হয়ে অসহায় ওই মায়ের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আহমেদ মোস্তফা নোমান।
আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্নি খাতুনের ছেলে সাগর হোসেন পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদে গ্রামপুলিশ হিসেবে কর্মরত। ইউএনও সেলিম আহমেদ ছেলেকে মায়ের সঙ্গে থাকার জন্য বারবার বোঝানোর চেষ্টা করেন। তবে সাগর মাকে নিজের সঙ্গে রাখতে রাজি হননি। এ সময় ইউএনও সেলিম আহমেদ বিষয়টি সমাধানের জন্য সাগরকে কয়েক দিন সময় বেঁধে দেন বলে জানা গেছে।
বিএনপি নেতা আহমেদ মোস্তফা নোমান বলেন, "অসহায় এই মায়ের দুর্দশার কথা পত্র পত্রিকায় দেখার পর নিজেকে আর ঠিক রাখতে পারিনি। একজন মা জীবনের শেষ সময়ে এসে এমন অসহায় অবস্থায় থাকবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই তার পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই ছুটে এসেছি। দায়িত্ববোধ থেকেই তার ভরণপোষণের দায়িত্ব নিয়েছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন