০১:৫৪ পি.এম
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ক্যাথলিক গির্জার যাজকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে ১ হাজার ৩০০ জনের সঙ্গে ৮০ কোটি ডলারের ক্ষতিপূরণ চুক্তিতে সম্মত হয়েছে নিউইয়র্কের আর্চডায়োসিস। এই সমঝোতা দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর সম্পন্ন হয়েছে। এটি যুক্তরাষ্ট্রে কোনো ক্যাথলিক আর্চডায়োসিসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে দ্বিতীয় বৃহত্তম ক্ষতিপূরণ চুক্তি হিসেবে চিহ্নিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) আর্চবিশপ রোনাল্ড হিকস যাজকদের কাছে পাঠানো এক ই-মেইলে চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে চুক্তিটি চূড়ান্ত হবে সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বাক্ষরের পর। আগামী ৬ নভেম্বরের সপ্তাহে চুক্তিতে স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে।
নিউইয়র্কের ক্যাথলিক গির্জার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে মামলা করা ব্যক্তিদের আইনজীবীরা এর আগে সমঝোতার ঘোষণা দিয়েছেন। এই চুক্তির আওতায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান করা হবে, কিন্তু প্রত্যেক ব্যক্তি কত টাকা পাবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আরও পড়ুন: বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়ার ‘ট্রেডারট্রেইটর’: এফবিআই
যুক্তরাষ্ট্রে এ ধরনের ঘটনার ক্ষেত্রে এর চেয়ে বড় ক্ষতিপূরণ চুক্তি লস অ্যাঞ্জেলেসের ক্যাথলিক গির্জার সঙ্গে হয়েছিল। ২০২৪ সালে প্রায় এক হাজার নির্যাতনের শিকার ব্যক্তিকে ৮৮ কোটি ডলার দিতে সম্মত হয়েছিল তারা। এর আগে একই ধরনের দাবিতে ৭৪ কোটি ডলার পরিশোধও করা হয়েছিল।
এছাড়া চলতি বছরের জুনে সান ফ্রান্সিসকোর আর্চডায়োসিস ৩৯ কোটি ৫০ লাখ ডলার দিতে সম্মত হয়েছিল প্রায় ৫০০টি মামলার নিষ্পত্তিতে। ২০২৫ সালের ডিসেম্বরে নিউ অরলিন্সের আর্চডায়োসিস অন্তত ২৩ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার সমঝোতা অনুমোদন করেন এক ফেডারেল বিচারক।
নিউইয়র্কের আর্চডায়োসিসের বিরুদ্ধে করা মামলাগুলোর নিষ্পত্তির জন্য চলতি বছরের মে মাসে একটি সমঝোতার কাঠামো তৈরি করা হয়েছিল, যেখানে অভিযোগ দায়ের করা প্রত্যেক ব্যক্তির সম্মতি প্রয়োজন ছিল।
নিউইয়র্ক অঙ্গরাজ্যে ক্যাথলিক গির্জার বিরুদ্ধে এক হাজারের বেশি মামলা করা ব্যক্তিদের আইনজীবী জেফ অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেন, "অভিযোগকারীদের সম্মিলিত সম্মতি ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।" তিনি আরও বলেন, "তাদের সাহস, ত্যাগ ও দৃঢ়তা জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অগ্রগতি এনেছে।"
আরও পড়ুন: চীনের শীর্ষ ধনী নারী হলেন লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা ঝোউ চুনফেই
আইনজীবী ত্রুশা গফে বলেন, "বছরের পর বছর ধরে আইনি লড়াই চালিয়ে গিয়ে এ সমঝোতায় পৌঁছানো নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য একটি অসাধারণ অর্জন।"
নিউইয়র্কের আর্চডায়োসিসের আওতায় ব্রঙ্কস, ম্যানহাটন ও স্ট্যাটেন আইল্যান্ড এলাকা এবং শহরের উত্তরের সাতটি কাউন্টি রয়েছে। এই প্রতিষ্ঠানের অধীনে প্রায় ৩০০টি গির্জা, ১৫০টির বেশি ধর্মীয় বিদ্যালয় এবং ২৫ লাখ ক্যাথলিক রয়েছে।
আর্চবিশপ হিকস তার ই-মেইলে উল্লেখ করেন, "চুক্তিটি চূড়ান্ত হলে নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য কিছুটা হলেও নিরাময় ও পুনর্মিলনের সুযোগ তৈরি হবে।" তিনি বলেন, "এটি গির্জাকে ধর্মীয় শিক্ষা প্রচার, অসুস্থদের সেবা, দরিদ্র ও অসহায়দের সহায়তা, আশ্রয়প্রার্থীদের স্বাগত জানানো এবং শিশুদের শিক্ষাদানে মনোযোগ দিতে সক্ষম করবে।"
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে ২০১৯ সালে প্রণীত একটি আইন অনুযায়ী, শৈশবে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা নির্যাতনকারী এবং তাদের রক্ষাকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৫৫ বছর বয়স পর্যন্ত মামলা করতে পারেন। আইনটি কার্যকর হওয়ার সময় যাদের বয়স ৫৫ বছর পেরিয়েছিল, তারাও নির্যাতনের সময় নির্বিশেষে ২০২১ সালের আগস্ট পর্যন্ত মামলা করার সুযোগ পেয়েছিলেন।
আরও পড়ুন: এপস্টেইনকাণ্ডে আইনি লড়াইয়ে বড় ধাক্কা খেলেন ট্রাম্প
সূত্র: এনবিসি নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন