০৯:৩৬ পি.এম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নে যমুনা নদীর ভাঙনে বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শত শত হতদরিদ্র পরিবার। তবে, সরকারি বরাদ্দের ঢেউটিন পেয়েছেন সচ্ছল ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরা। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে তালিকা তৈরির অভিযোগ উঠেছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত বন্যায় যমুনা নদীর ভয়াবহ ভাঙনে সোনাতনী ইউনিয়নের ধীতপুর, ঘোনাপাড়া ও কুরসী গ্রামের প্রায় ২০০ বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এসব পরিবারের অনেকে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে, কিছু পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন।
শতবর্ষী রহিতন নেছা ও তার মেয়ে সালেহা বেগমের অবস্থা অত্যন্ত করুণ। নদীভাঙনে রহিতন নেছার বাড়ি সাতবার ভেঙেছে। বর্তমানে তারা অন্যের জমিতে একটি জীর্ণ টিনের ঘরে বসবাস করছেন। বৃষ্টি হলেই ঘরের চাল দিয়ে পানি পড়ে এবং ভাঙা বেড়া দিয়ে রাতে শিয়াল-বেজি ঢোকে।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দূর করতে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: জোনায়েদ সাকি
সালেহা বেগম, যিনি স্বামী পরিত্যক্তা, তারও কোনো আশ্রয়স্থল নেই। মা-মেয়ে জমির আইল থেকে শাক কুড়িয়ে জামিরতা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তাদের অভিযোগ, এমন দুরবস্থার পরও সরকারি সহায়তার টিন তারা পাননি, অথচ সচ্ছল ও প্রভাবশালী ব্যক্তিরা পেয়েছেন বরাদ্দের টিন।
স্থানীয়রা জানান, গত ২০ অক্টোবর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে সোনাতনী ইউনিয়নের ৭০টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। দুই বান্ডিল টিনের বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা। পরিবারপ্রতি ৬ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও অর্থ ছাড় না হওয়ায় তা এখনো পাননি সুবিধাভোগীরা।
স্থানীয়দের অভিযোগ, ৭০ জনের তালিকায় অন্তত ২৫ থেকে ৩০ জন আর্থিকভাবে সচ্ছল, রাজনৈতিকভাবে প্রভাবশালী ও দলীয় ব্যক্তি রয়েছেন। তাদের কেউ প্রকৃত নদীভাঙনকবলিত নন। কিছু লোক বরাদ্দের টিন অন্যত্র বিক্রিও করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ধীতপুর ও ঘোনাপাড়া গ্রামের প্রায় ১৫০ পরিবার বসতভিটা হারালেও সহায়তা পেয়েছেন মাত্র ছয়জন। তাদের মধ্যে হাফিজুর রহমান, যিনি সার ব্যবসায়ী, এবং হারুন উর রশিদ, যিনি ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি। তাদের বাড়িঘর এখনো নদীতে বিলীন হয়নি। এ ছাড়া বড় চামতারা, ছোট চামতারা, বারোপাখিয়া ও জগতলা গ্রামের কয়েকজন রাজনৈতিক নেতাকর্মী ও প্রভাবশালী ব্যক্তি টিন পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি
বারোপাখিয়া গ্রামের আবু বক্কার সিদ্দিক এবং ধীতপুর গ্রামের আব্দুল খালেক, জানে আলম ও আব্দুর রহমান বলেন, বারোপাখিয়া গ্রাম চার-পাঁচ বছর আগে ভেঙেছে। অথচ ওই গ্রামের ২৫ থেকে ৩০ জন সচ্ছল ব্যক্তি বরাদ্দের টিন পেয়েছেন। তাদের অভিযোগ, ১৫ থেকে ২০ বছর আগে এলাকা ছেড়ে রাজশাহী, নাটোর ও সলঙ্গায় স্থায়ীভাবে বসবাস শুরু করা কয়েকজনও টিন পেয়েছেন।
সোনাতনী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রফিকুল ইসলাম রবি এবং ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্বাস আলী বলেন, এ বছরের প্রকৃত ভাঙনকবলিত ব্যক্তিদের তালিকায় রাখা হয়নি। বরং কয়েক বছর আগে এলাকা ছেড়ে অন্যত্র বসবাস শুরু করা ব্যক্তিদের তালিকাভুক্ত করা হয়েছে। তালিকা তৈরির আগে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
অভিযোগের বিষয়ে উপকারভোগী হাফিজুর রহমান বলেন, নদীভাঙনে আমার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আমার বাড়িও ভাঙনের ঝুঁকিতে রয়েছে। এ কারণে টিন পেয়েছি।
সোনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, টিন বিতরণের কথা শুনেছি, তবে কারা পেয়েছেন, তা জানি না।
আরও পড়ুন: রাজবাড়ীতে টানা বৃষ্টিতে ধান ক্ষেত তলিয়ে গেল
শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা পাঁচ শতাধিক হলেও বরাদ্দ ছিল মাত্র ৭০টি। জনপ্রতিনিধিদের সহযোগিতায় তালিকা তৈরি করা হয়েছে। যারা এবার পাননি, তারা পরবর্তী সময়ে পেতে পারেন। তালিকায় নাম না থাকায় কেউ কেউ অভিযোগ করেছেন, যা স্বাভাবিক।
বণ্টনে অনিয়মের অভিযোগ অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, শুধু বন্যা বা নদীভাঙনে ক্ষতিগ্রস্তরাই নন, অসহায়, দুস্থ, দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিরাও গৃহনির্মাণের জন্য সরকারি টিন পেতে পারেন। বিধিবিধান মেনেই তালিকা তৈরি ও বিতরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন