০৯:৪৮ পি.এম
বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়ে প্রায় দেড় হাজার পর্যটক। তাদের মধ্যে ৯০০ পর্যটক এবং ৮০ জন স্থানীয় বাসিন্দাসহ মোট ৯৮০ জনকে ১৬টি সার্ভিস ট্রলারে করে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছে দেয়া হয়েছে। বাকি থাকা ৬০০ পর্যটককে রোববার (২২ নভেম্বর) জাহাজের মাধ্যমে ফেরত আনা হবে।
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৬টি ট্রলারে করে ৯৮০ পর্যটক ও স্থানীয় বাসিন্দারা নিরাপদে সেন্টমার্টিন থেকে টেকনাফে পৌঁছেছেন। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, সেন্টমার্টিন জেটিঘাট থেকে বঙ্গোপসাগর হয়ে নাফ নদীর ফাঁড়ি দিয়ে তাদের শাহপরীরদ্বীপ জেটিঘাটে পৌঁছে দেয়া হয়েছে। দ্বীপে আটকে থাকা অবশিষ্ট পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের রোববার ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের অগ্রাধিকার দিয়ে ট্রলারে করে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তবে উত্তাল সাগরে ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে তাদের পারাপার করা হচ্ছে।
গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরে আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।
সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আরও পড়ুন: বর্ষবার্তা পৌঁছাল মুন্সিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল্লাহর হাতে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন