১০:২২ এম
অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনী পরিকল্পিত হত্যাকাণ্ড ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে মানবতাবিরোধী ‘গণহত্যা’ (জেনোসাইড) সংঘটিত করেছে বলে নিজের পূর্ববর্তী অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ২০২৬ সালের শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকান আইনবিদ এবং জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সাবেক প্রধান নাভি পিল্লাই। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর যে বর্বরতা চালানো হয়েছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং এর জন্য দায়ীদের অবশ্যই আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি করতে হবে।
সাম্প্রতিক এক বক্তব্যে জাতিসংঘের সাবেক এই মানবাধিকার প্রধান গাজায় ইসরাইলি আগ্রাসনের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে তথ্য-প্রমাণসহ যা উঠে এসেছে তা নিঃসন্দেহে গণহত্যার শামিল। কমিশন গাজায় চার ধরনের গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে—ফিলিস্তিনি জনগোষ্ঠীর সদস্যদের নির্বিচার হত্যা, তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন, পুরো জনগোষ্ঠীকে শারীরিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে জীবনধারণের অযোগ্য পরিস্থিতি চাপিয়ে দেওয়া এবং প্রজনন ও জন্মহার রোধে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ।
নাভি পিল্লাই অভিযোগ করেন, ইসরাইল সরকার কেবল গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং আন্তর্জাতিক তদন্ত কমিশন এবং বিদেশি গণমাধ্যমকে উপত্যকায় প্রবেশ করতে না দিয়ে সত্য আড়াল করার অপচেষ্টা চালিয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “আন্তর্জাতিক গণমাধ্যমকে কেন গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না? একটি সরকার কেন আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও তদন্তে বাধা সৃষ্টি করছে?”
আরও পড়ুন: হরমুজে সংঘাতে নিহত ২৫ নাবিক, আটকা ২৩ হাজার
তিনি আরও উল্লেখ করেন, রুয়ান্ডার গণহত্যার বিচারক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং আইনি মানদণ্ড যাচাই করেই তার নেতৃত্বাধীন কমিশন গাজায় গণহত্যার বিষয়ে উপসংহারে পৌঁছেছিল। কমিশন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গণহত্যার উসকানি ও সংঘটনের দায়ে তদন্ত ও বিচারের আওতায় আনার সুপারিশ করেছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) মতো বৈশ্বিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে নাভি পিল্লাই বলেন, শক্তিশালী রাষ্ট্রগুলোর রাজনৈতিক চাপে আন্তর্জাতিক আইনকে দুর্বল হতে দেওয়া যাবে না; বরং নিপীড়িত ফিলিস্তিনিদের ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সূত্র : মাকতূব মিডিয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন