০৮:৪৫ পি.এম
মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসি যেন সব বাধা ভেঙে এগিয়ে চলেছেন। চলতি মৌসুমের শেষ ম্যাচে তার নামের পাশে এমন দুটি অনন্য কীর্তি যুক্ত হতে পারে, যা লিগের ৩১ বছরের ইতিহাসে আর কোনো ফুটবলার অর্জন করতে পারেননি। ৩৯ বছর বয়সী ইন্টার মায়ামি অধিনায়ক এই শেষ ম্যাচে মাঠে নামছেন ফুটবল ইতিহাসের পাতায় নতুন এক মহাকাব্য লেখার সুযোগ নিয়ে।
ওয়ার্ল্ডসকারটকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেসি বর্তমানে ২৬টি গোল নিয়ে এমএলএসে গোলদাতার তালিকার শীর্ষে অবস্থান করছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালাস ফরোয়ার্ড পিটার মুসা ২২ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন। এর ফলে মেসির সামনে এমএলএস-এর ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুবার গোল্ডেন বুট জেতার সুযোগ রয়েছে। লিগের ৩১ বছরের ইতিহাসে আর কোনো ফুটবলার এই কীর্তি গড়তে পারেননি।
এছাড়া, এই পুরস্কারটি নিজের করে নিলে তিনি এমএলএসের ইতিহাসে দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়ী মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখাবেন। এর আগে প্রিকি, টেইলর টুয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ন্ডোলোভস্কি এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস এই কীর্তি অর্জন করেছেন।
আরও পড়ুন: জিম্বাবুয়ের টেস্টে বিরল রেকর্ড, দুই ইনিংসে ১০২৭ রান
এই আর্জেন্টাইন তারকা চলতি মৌসুমে ইন্টার মায়ামির সাফল্যের মূল কাণ্ডারি হয়ে উঠেছেন। তিনি লিগে ৩০ ম্যাচে মাঠে নেমে ২৬ গোল করার পাশাপাশি ১৪ গোলে সরাসরি সহায়তা (অ্যাসিস্ট) করেছেন। যা তাকে এ বছরের বর্ষসেরাসহ সব ধরনের ব্যক্তিগত পুরস্কারের প্রধান দাবিদারে পরিণত করেছে।
আগামীকাল রবিবার শার্লট এফসি-র বিপক্ষে চলতি মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি, যা মেসির সামনে মুসার ওপর গোল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়ার শেষ সুযোগ। যদি ডালাসের স্ট্রাইকার এই ব্যবধান কমাতে ব্যর্থ হন, তবে গোল্ডেন বুট আবারো এই আর্জেন্টাইন মহাতারকার হাতে উঠবে।
এছাড়া, যুক্ত হবে এমন এক অনন্য রেকর্ড, যা লিগের ইতিহাসের সেরা সেরা গোলদাতাদের কাছেও আজীবন অধরা রয়ে গেছে।
আরও পড়ুন: ওয়ারিকানের কৃতিত্বে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ জয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন