বুধবার, ২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:৪৪ পি.এম
কুমিল্লার নাঙ্গলকোটে অনুষ্ঠিত হয়েছে একটি উঠান বৈঠক, যেখানে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, গুজব ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয়।
আজ বুধবার, সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি কর্মসূচির আওতায় কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে নাঙ্গলকোট উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে, বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গু মোকাবিলা এবং সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন কার্যক্রম ও লক্ষ্য বাস্তবায়নে জনগণের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন জেলা লিগ্যাল অফিসার (সিনিয়র সিভিল জজ) নুসরাত জাহান জিনিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক আশেকুর রহমান এবং উপজেলা মডেল মসজিদের ফিল্ড অফিসার ওবায়দুল হক তারেক।
বক্তারা উল্লেখ করেন, "মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি সামগ্রিকভাবে সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে।" এসব সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, "ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি।" একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধেও জনগণের সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা গুরুত্বপূর্ণ।
বক্তারা সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিভিন্ন লক্ষ্য ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় আগ্রহ প্রকাশ করেছে জাপানের শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি মিতসুই ও.এস.কে. লাইনস (এমওএল)।
জাপানের প্রতিষ্ঠানটি পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, প্রযুক্তি স্থানান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।
বুধবার শিল্প মন্ত্রণালয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এমওএলের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং জাহাজ নির্মাণ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই দু’টি খাতের উন্নয়নের মাধ্যমে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনবল তৈরি, বিনিয়োগ সম্প্রসারণ এবং রপ্তানি সক্ষমতা বাড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকারী দেশ। এ খাতে দেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষ শ্রমশক্তি ও প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। বর্তমানে দেশে প্রায় ৩১টি গ্রিন শিপ রিসাইক্লিং স্থাপনা চালু রয়েছে। আগামী কয়েক বছরে এ সংখ্যা তিন অঙ্কে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধুমাত্র পুরোনো জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে সীমাবদ্ধ থাকা নয়; বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগিয়ে জাহাজ নির্মাণ শিল্পেরও একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলা। এ ক্ষেত্রে জাপানের উন্নত প্রযুক্তি, ব্যবস্থাপনা দক্ষতা ও দীর্ঘদিনের জাহাজ নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে।
তিনি আরও জানান, বাংলাদেশ ও জাপানের পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জাহাজ নির্মাণ খাতকে একটি সমন্বিত ও শক্তিশালী শিল্পভিত্তিতে রূপান্তর করা সম্ভব।
এমওএল প্রতিনিধিদল বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগ, প্রযুক্তি সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, এমওএলের মহাব্যবস্থাপক কেনতারো উয়েদা, গ্লোবাল শিপ রিসাইক্লিংয়ের প্রকল্প ব্যবস্থাপক তাকাহা উয়েমাতসু, এমওএলের জ্যেষ্ঠ পরিচালক সেনজি তোকুমোতো এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাতৃত্বের পর শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের সম্মুখীন হয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি, স্বামী ভিকি কৌশলের সাথে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর অভিনেত্রীর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের একটি অংশ তার চেহারা ও বয়স নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শুরু করে।
সম্প্রতি, পরিচালক কুকু কোহলির শেষকৃত্যে ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত ছিলেন ক্যাটরিনা। সাদা সালোয়ার-কামিজ পরিহিত অবস্থায় অভিনেত্রীর বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার পর আলোচনা শুরু হয়। কিছু ব্যক্তি তার চেহারায় পরিবর্তন নিয়ে মন্তব্য করার পাশাপাশি তার বয়স নিয়েও কটাক্ষ করেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসেছেন। মাতৃত্বের পর একজন নারীর শরীরে স্বাভাবিক পরিবর্তন নিয়ে এ ধরনের মন্তব্যকে অসংবেদনশীল বলেও সমালোচনা করেছেন অনেকে।
ক্যাটরিনার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী শিবালিকা ওবেরয়ও। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলারদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, মাতৃত্বের পর শরীরে পরিবর্তন আসা স্বাভাবিক। সন্তান জন্মের পর একজন নারীর শরীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া সময়সাপেক্ষ।
গত বছরের নভেম্বরে মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। এরপর থেকে তিনি সন্তান ও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন। এই সময় তাকে খুব বেশি প্রকাশ্যে দেখা যায়নি।
তবে কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি এই অভিনেত্রী। নতুন কয়েকটি প্রকল্পের জন্য এরই মধ্যে স্ক্রিপ্ট পড়া শুরু করেছেন বলে জানা গেছে। ফলে শিগগিরই তাকে আবার পর্দায় দেখা যেতে পারে বলে প্রত্যাশা করছেন ভক্তরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে, বুধবার, একটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, প্রতিরক্ষা খাতের পারস্পরিক সহযোগিতা এবং দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় উভয় দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পেশাগত সক্ষমতা ও উৎকর্ষ বৃদ্ধিতে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC) এবং সৌদি আরবের শীর্ষ সামরিক একাডেমিগুলোর মধ্যে উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি ও কোর্স বিনিময় আরও জোরদার করার বিষয়ে।
দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি মানবিক সংকট মোকাবিলায় দুই দেশের যৌথ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সক্ষমতা বিনিময়ের বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি, দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে বিদ্যমান কৌশলগত ও সামরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদও প্রকাশ করা হয়।
সৌদি আরবের রাষ্ট্রদূত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সামগ্রিক সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। প্রতিরক্ষা উপদেষ্টা বিগত বছরগুলোতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক অগ্রগতির জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও নিবিড় ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাতার সতর্ক করে বলেছে যে, ইরানের নতুন করে চালানো হামলার ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির বক্তব্য অনুযায়ী, জর্ডান, বাহরাইন ও কুয়েতের ওপর ইরানের হামলা উত্তেজনা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে জটিল করে তুলছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য চলমান কূটনৈতিক উদ্যোগকে দুর্বল করছে।
বুধবার (২ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সতর্কতা প্রকাশ করেছে।
আনাদোলু এজেন্সি এই খবরটি জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, জর্ডান, বাহরাইন ও কুয়েতের ওপর পরিচালিত হামলা সংশ্লিষ্ট দেশগুলোর ‘সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন’ হিসেবে গণ্য হচ্ছে। একইসাথে, এসব হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সুপ্রতিবেশী সম্পর্কের নীতিরও লঙ্ঘন করে।
কাতার ইরানকে হামলা এবং এর ফলে সৃষ্ট প্রতিক্রিয়া ও পরিণতির জন্য ‘সম্পূর্ণ আইনগতভাবে দায়ী’ বলেও উল্লেখ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে যে, ইরানের হামলা অব্যাহত থাকলে তা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে আরও দুর্বল করে দিতে পারে।
কাতার জর্ডান, বাহরাইন ও কুয়েতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। দেশ তিনটি তাদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় যে কোনো বৈধ পদক্ষেপ নিলে কাতার তা সমর্থন করবে বলেও জানানো হয়েছে।
এছাড়া, দোহা সব পক্ষকে আহ্বান জানিয়েছে যেন তারা উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করে। আন্তঃসংলাপ ও আলোচনায় আন্তরিকভাবে ফিরে আসার পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অর্জিত সমঝোতাগুলো মেনে চলারও আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ