১২:৫৯ এম
২০২৬ সালের পাবলিক পরীক্ষার ফলাফল আমাদের শিক্ষাব্যবস্থার সামনে একটি কঠিন আয়না তুলে ধরেছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে অকৃতকার্য হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৬০৮ জন। পাশের হার ৬২.২৫ শতাংশ, যা গত ১৯ বছরে সর্বনিম্ন। ৩১২টি প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি, আর মানবিক বিভাগে পাশের হার মাত্র ৪৮.৭৪ শতাংশ।
উচ্চমাধ্যমিকের চিত্র আরও উদ্বেগজনক। এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৫২.১২ শতাংশ; সাধারণ বোর্ডগুলোতে তা ৫১.৬২ শতাংশ, যা ২২ বছরে সর্বনিম্ন। সব বোর্ড মিলিয়ে অকৃতকার্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী; শুধু সাধারণ বোর্ডেই ৫ লাখ ৭ হাজার ২৮১ জন, যা ব্যানবেইসের ১৯৯০ সাল থেকে সংরক্ষিত তথ্যে সর্বোচ্চ। জিপিএ-৫ নেমেছে ৪০ হাজার ৮৪-জন এ, আর দুই শতাধিক প্রতিষ্ঠানে পাশের হার শূন্য।
পরপর দুই বছরের এই বিপর্যয় কোনো সাময়িক দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা অসুখের বহিঃপ্রকাশ। লক্ষণীয় যে এসএসসিতে ছাত্রীদের পাশের হার ৬৬.৬৮ শতাংশ হলেও ছাত্রদের মাত্র ৫৭.৮৬ শতাংশ; ছেলেদের পিছিয়ে পড়াও আলাদা মনোযোগ দাবি করে।
আরও পড়ুন: ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
অনেকে বলছেন, খাতায় বাড়তি নম্বর দেওয়ার অলিখিত চর্চা বন্ধ হওয়ায় এবার প্রকৃত চিত্র বেরিয়ে এসেছে। কথাটি আংশিক সত্য। তবে দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দায়িত্ব নিয়েই বলছি, ফল বিপর্যয়ের শিকড় আরও গভীরে। সমস্যাটি নতুন নয়; এতদিন তা নম্বরের আড়ালে ঢাকা ছিল মাত্র। নিচে পাবলিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ের প্রধান দশটি কারণ তুলে ধরছি।
অকৃতকার্যের হার বেশি হওয়ার কারণ
১. আইসিটি, ইংরেজি ও গণিতে দুর্বল ভিত- তিনটি বাধ্যতামূলক বিষয়েই সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। প্রাথমিক স্তর থেকে বয়ে আনা এই দুর্বলতা উচ্চমাধ্যমিকে এসে প্রকট হয়, আর একটি বিষয়ের ব্যর্থতাই পুরো ফলাফলকে ডুবিয়ে দেয়।
২. পুঞ্জীভূত শিখন ঘাটতি- করোনাকালের দীর্ঘ বন্ধের ক্ষতি পূরণের আগেই ২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতায় আবার পাঠদান ব্যাহত হয়। এবারের পরীক্ষার্থীরা এই দুই ধাক্কাই বহন করছে।
আরও পড়ুন: ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি
৩. শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি- অনেক কলেজে আজ যে দশজন আসে, কাল আসে অন্য দশজন, পরশু আরেক দল। ধারাবাহিক পাঠ গ্রহণ না করায় শিখন খণ্ডিত থেকে যায়। উপস্থিতির কোনো বাধ্যবাধকতা না থাকায় শ্রেণিকক্ষ ক্রমেই গুরুত্ব হারাচ্ছে।
৪. শিক্ষকদের একাংশের দায়িত্বে অবহেলা- কিছু শিক্ষক নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে আসেন না। জ্যেষ্ঠ অধ্যাপকদের একাংশ শ্রেণি পাঠদান, উত্তরপত্র মূল্যায়ন, প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন থেকে নিজেদের সরিয়ে রাখেন (তাদের দাবি তারা সিনিয়র মর্যাদার কারণে তারা রেস্টে থাকেন); অথচ তাদের অভিজ্ঞতাই হওয়ার কথা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ।
৫. তদারকি ও জবাবদিহির অভাব- প্রতিষ্ঠানে কার্যকর মনিটরিং নেই; অধ্যক্ষরাও তদারকি ও জবাবদিহির বাইরে। অবহেলা, অনিয়ম বা দুর্নীতির জন্য শাস্তির নজির প্রায় নেই। দায়িত্ব পালন আর না-পালনের পরিণতি যখন একই, তখন নিষ্ঠাবান শিক্ষকও উৎসাহ হারান।
৬. তদবির বিবেচনায় প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ- মেধা, দক্ষতা ও স্বচ্ছতার বদলে তদবির ও ব্যক্তিগত বা পারিবারিক বা ভিন্ন পরিচয়ে নিয়োগ পাওয়া অধ্যক্ষরা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। প্রতিষ্ঠানপ্রধান দুর্বল হলে শৃঙ্খলা, তদারকি ও একাডেমিক পরিকল্পনা সবকিছুই ভেঙে পড়ে।
আরও পড়ুন: সাদা শার্টের ভেতরে প্রধানমন্ত্রী, নাগরিকদের সঙ্গে সৌজন্য বিনিময়
৭. বিষয়ভিত্তিক যোগ্য শিক্ষকের সংকট- ইংরেজি, আইসিটি ও বিজ্ঞানে যোগ্য শিক্ষকের প্রকট অভাব; অসংখ্য প্রতিষ্ঠানে আইসিটির একজন শিক্ষকও নেই। যোগ্য শিক্ষক ছাড়া মানসম্মত পাঠদান আশা করা অবাস্তব।
৮. শিথিল অভ্যন্তরীণ মূল্যায়ন। অভ্যন্তরীণ পরীক্ষার ফলের কোনো পরিণতি নেই, আর নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্যরাও ফরম পূরণের সুযোগ পাচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ডের ফরম পূরণের প্রজ্ঞাপনের ২(ক) অনুচ্ছেদে ফরম পূরণের শর্ত ছিল- ‘বৈধ রেজিসেটশনধারী ও নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।’ ২০২৬ সালে হঠাৎ অজ্ঞাত কারণে ফরম পূরণের প্রজ্ঞাপনে ২(ক) সংশোধন করে নির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তটি বাদ দেওয়া হয়েছে। এর ফলে নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য প্রস্তুতিহীন শিক্ষার্থীরাই ফরম পূরণ করে চূড়ান্ত পরীক্ষায় বসে এবং অকৃতকার্যের তালিকা দীর্ঘ করে সরকারকে বিপাকে ফেলেছে। এই বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা দরকার।
৯. ত্রুটিপূর্ণ পাঠক্রম বিন্যাস ও কোচিংনির্ভরতা- উচ্চমাধ্যমিকের সিলেবাস অবাস্তব রকমের বড়, যা নির্ধারিত সময়ে শেষ হয় না। তার ওপর প্রথম বর্ষ থেকেই অধিকাংশ বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্র একসঙ্গে পড়ানো হয়। অথচ প্রতিটি বিষয়ের সিলেবাস ধাপে ধাপে সাজানো; প্রথম পত্রের ধারণা আয়ত্ত না করে দ্বিতীয় পত্র বোঝা শিক্ষার্থীর পক্ষে কঠিন। একটি পত্র শেষ না করে পরবর্তী পত্র পড়ানো তাই অবাস্তব। এই শূন্যস্থান পূরণ করে কোচিং ও নোট-গাইড, যা শ্রেণিকক্ষে আরও দুর্বল করে।
১০. দারিদ্র্য ও বৈষম্য- বহু শিক্ষার্থী সংসারের প্রয়োজনে ক্লাসের সময় কাজ করে। গ্রাম ও শহরের প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার ব্যবধানও বাড়ছে, যার মাশুল দিচ্ছে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা। অন্যদিকে প্রযুক্তি, এআই ধনী দরিদ্র শিক্ষার্থীদের ফলাফলে বৈষম্য আরো বৃদ্ধি করেছে।
আরও পড়ুন: রনজিতের সভাকাণ্ডের ব্যানার হাতে দাঁড়ানো ওমর ফারুক অবশেষে পুলিশের খাঁচায়
অকৃতকার্যের হার হ্রাসে শিক্ষায় কয়েকটি সুপারিশ
প্রথমত, কলেজিয়েট, নন-কলেজিয়েট ও ডিস-কলেজিয়েট শ্রেণিবিন্যাসের বিধান রেখে শিক্ষার্থী শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন করে উপস্থিতি নিশ্চিত করতে হবে। ন্যূনতম উপস্থিতি না থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সীমিত করতে হবে।
দ্বিতীয়ত, প্রতিটি প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা চালু করে শিক্ষকদের উপস্থিতি নিয়মিত তদারকি করতে হবে। হাজিরার তথ্য অনলাইনে অধিদপ্তরের সঙ্গে যুক্ত থাকলে তদারকি কার্যকর হবে। প্রয়োজনে মিনিটরিংয়ের জন্য পৃথক জনবল নিযুক্ত করতে হবে।
তৃতীয়ত, উচ্চমাধ্যমিকের সিলেবাস যৌক্তিকভাবে পুনর্বিন্যাস করে নির্ধারিত সময়ে বাস্তবায়নযোগ্য করতে হবে। প্রথম পত্র শেষ করার পর দ্বিতীয় পত্র পড়ানোর ক্রমিক ব্যবস্থা (যেমন প্রথম বর্ষে প্রথম পত্র, দ্বিতীয় বর্ষে দ্বিতীয় পত্র) চালু করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভিত গড়ে ধাপে ধাপে অগ্রসর হতে পারে। পরিমাণের চেয়ে গভীরতাকে প্রাধান্য দিতে হবে।
আরও পড়ুন: গফরগাঁওয়ে প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কার কাজের উদ্বোধন, স্বস্তির আশায় এলাকাবাসী
চতুর্থত, অভ্যন্তরীণ পরীক্ষার ফলের সুস্পষ্ট পরিণতি থাকতে হবে, যাতে শিক্ষার্থীরা তা গুরুত্বের সঙ্গে নেয়। পরবর্তী শ্রেণিতে উত্তরণ এ ফলের ওপর নির্ভরশীল করা যেতে পারে।
পঞ্চমত, নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্যদের ফরম পূরণ বন্ধ করে শিক্ষা বোর্ডগুলোকে প্রচলিত বিধিবিধান কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
ষষ্ঠত, তদবির ভিত্তিক বিবেচনা বাদ দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় সৎ, চৌকস, দক্ষ ও মেধাবীদের শিক্ষকদের অধ্যক্ষ পদে নিয়োগ দিতে হবে এবং তাঁদের কাজের বার্ষিক মূল্যায়ন করতে হবে। তাদেরও নিয়মিত মনিটরিং করতে হবে।
সপ্তমত, অপরিকল্পিত জাতীয়করণ করে শিক্ষক বৃদ্ধির পরিবর্তে গবেষণাভিত্তিক নীতির আওতায় মেধাভিত্তির পরীক্ষার মাধ্যমে ইংরেজি, আইসিটি ও বিজ্ঞানে মেধাবী শিক্ষক সরাসরি শিক্ষক নিয়োগ দিতে হবে। আকর্ষণীয় বেতন-কাঠামো ছাড়া মেধাবীরা শিক্ষকতায় আসবেন না, সরকারকে এই বিষয়টি বিবেচনায় নিতে হবে।
আরও পড়ুন: আইকাও বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও বিনিয়োগে সহযোগিতা বাড়াতে সম্মত
অষ্টমত, শূন্যপদে দ্রুত নিয়োগের পাশাপাশি কর্মরত শিক্ষকদের জন্য নিয়মিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণের ফল শ্রেণিকক্ষে প্রতিফলিত হচ্ছে কি না, তাও যাচাই ও মনিটরিং করতে হবে।
নবমত, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি ও আর্থিক সহায়তা বাড়াতে হবে, যাতে জীবিকার তাগিদে তাদের শ্রেণিকক্ষ ছাড়তে না হয়। মৌলিক চাহিদা পূরণে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপও জরুরি।
দশমত, অবকাঠামো ও শিক্ষা উপকরণের ঘাটতি দূর করতে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। শিক্ষায় ব্যয় খরচ নয়, জাতির সবচেয়ে লাভজনক বিনিয়োগ। বিষয়টি বার্ষিক বাজেটে প্রতিফল প্রয়োজন।
একাদশত, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ইংরেজি ও গণিতে দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে নিরাময়মূলক ক্লাস চালু করতে হবে এবং প্রতিটি প্রতিষ্ঠানে এ দুই বিষয়ে প্রশিক্ষিত শিক্ষক নিশ্চিত করতে হবে।
দ্বাদশত, শতভাগ অকৃতকার্য ও ২০ শতাংশের কম পাশের প্রতিষ্ঠানগুলোর কারণ স্বাধীনভাবে অনুসন্ধান করে সমস্যার ধরন অনুযায়ী শ্রেণিভুক্ত করতে হবে এবং কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে সহায়তা দিতে হবে। বারবার ব্যর্থ প্রতিষ্ঠানের এমপিও স্থগিত বা একীভূতকরণের মতো সিদ্ধান্ত নিতে হবে।
ত্রয়োদশত, শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ক্লাস, উত্তরপত্র মূল্যায়ন ও প্রশ্নপত্র প্রণয়নে অংশগ্রহণকে কর্মমূল্যায়নের অংশ করতে হবে এবং অবহেলা ও দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি ও প্রণোদনাও দিতে হবে।
চতুর্দশত, নিয়মিত অভিভাবক-শিক্ষক সভা এবং অনুপস্থিতি ও পরীক্ষার ফল মোবাইল বার্তায় জানানোর মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করতে হবে। সন্তানের অনুপস্থিতির খবর ঘরে পৌঁছালে শৃঙ্খলা অনেকটাই ফিরে আসবে। শিক্ষার্থী শৃঙ্খলা বিধিমালা প্রণয়ন করে বাস্তবায়ন না করলে শিক্ষায় শৃঙ্খলা ফিরবে না।
পঞ্চদশত, অকৃতকার্যরা যেন ঝরে না পড়ে, সেজন্য শিখনফল নিশ্চিত করে দ্রুত পুনঃপরীক্ষা এবং স্বল্পমেয়াদি কারিগরি ও দক্ষতা প্রশিক্ষণের বিকল্প পথ খোলা রাখতে হবে, যাতে তারা দক্ষ জনশক্তি হিসেবে কর্মজীবনে প্রবেশ করতে পারে।
বাড়তি নম্বরে পাশের হার বাড়ানো কোনো সমাধান নয়; তাতে দুর্বল ভিতের ওপর আরও দুর্বল কাঠামো দাঁড়ায়। প্রয়োজন শিক্ষক, শিক্ষার্থী, প্রতিষ্ঠানপ্রধান, অভিভাবক ও রাষ্ট্রের সমন্বিত দায়বদ্ধতা। শিক্ষাকে দলীয় বিবেচনার ঊর্ধ্বে রেখে গবেষণাভিত্তিক নীতি, পর্যাপ্ত বাজেট ও কঠোর তদারকি নিশ্চিত করা গেলে এ বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব।
এক বছরে দুই পাবলিক পরীক্ষায় প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর ব্যর্থতা কেবল তাদের নয়, আমাদের সম্মিলিত ব্যর্থতা। এ সত্য মেনে নিয়েই সংস্কারের পথে হাঁটতে হবে। আজকের সিদ্ধান্তহীনতার মূল্য দিতে হবে আগামী প্রজন্মকে।
লেখক: মো. আব্দুর রাজ্জাক, ৩৪তম বিসিএস (সাধারণ শিক্ষা), বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, সংযুক্ত: ঢাকা উদ্যান সরকারি কলেজ; মোহাম্মদপুর, ঢাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন