০১:০১ এম
সাভার-আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ দুই শ্রমিক নেতা গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের কাতলাপুর এলাকা থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কার্যালয়ে অভিযান চালিয়ে সংগঠনের সাভার উপজেলা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদ ও সদস্য দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঢাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, গত ১ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রমিক আন্দোলনের সময় বহিরাগতরা সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একেএইচ গ্রুপের একটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার পর এমদাদ ও দুলালকে গ্রেপ্তার করা হয় এবং শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, দুই শ্রমিক নেতার গ্রেপ্তারের ঘটনায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, "চলমান শ্রমিক আন্দোলন দমনে পুলিশ শ্রমিক ও শ্রমিক নেতাদের গণগ্রেপ্তার ও হয়রানি করছে।" তিনি অবিলম্বে গ্রেপ্তার শ্রমিক নেতা ও শ্রমিকদের মুক্তির দাবি জানান।
তিনি আরো বলেন, "শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন দমানো সম্ভব নয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়তে পারে।" ফলে শ্রমিক অসন্তোষ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। মালিক, শ্রমিক ও শ্রমিকনেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরানো সম্ভব।
আরও পড়ুন: ঐক্যের আহ্বানের আড়ালে হুমকি নয়, রাজনৈতিক সম্মান ও দায়িত্বশীলতা দাবি
শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ মিয়া জানান, মামলায় এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সুনির্দিষ্ট সংখ্যা জানতে মামলার নথি দেখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন