প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) সম্মত হয়েছে।
কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত আইকাও অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশনের সাইডলাইনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আইকাও মহাসচিব জুয়ান কার্লোস সালাজার গোমেজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
শুক্রবারের এই বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, পরিবেশগত স্থায়িত্ব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
আইকাও মহাসচিব বৈঠকে জানান, বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আগামী ২৫ বছরে প্রায় ১০ ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন হবে। এই লক্ষ্য পূরণের জন্য বিমানবন্দর অবকাঠামো এবং বিমান পরিবহনসেবার উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আইকাও মহাসচিব বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে দেশটির সংস্থাটির সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর আহ্বান জানান। তিনি পরিবেশগত স্থায়িত্ব ও অ্যাডভান্সড এয়ার মোবিলিটির মতো নতুন প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের কাজ করার সুযোগের কথাও উল্লেখ করেন।
অন্যদিকে, বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আইকাওয়ের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "দেশে আধুনিক, নিরাপদ ও টেকসই বিমান পরিবহন খাত গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।"
মন্ত্রী এ সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়াতে আইকাওয়ের সহযোগিতা চান। বিশেষ করে কারিগরি দক্ষতা উন্নয়ন, বিমান চলাচলের নিরাপত্তা তদারকি, পরিদর্শকদের প্রশিক্ষণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সংস্থাটির সহায়তা কামনা করেন তিনি।
বিমানমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিমান পরিবহন খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। এ খাতের অগ্রগতিতে প্রয়োজনীয় নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে বাংলাদেশের বিমান পরিবহন খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা, বিনিয়োগ সম্প্রসারণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে উভয় পক্ষ।
এ সময় কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. জসীম উদ্দিনসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন