ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

নওগাঁয় আটক ১২০ বস্তা সার বিক্রি, অর্থ সরকারি কোষাগারে জমা


নওগাঁয় আটক ১২০ বস্তা সার বিক্রি, অর্থ সরকারি কোষাগারে জমা

নওগাঁর সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে রাতে পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সার আটক করেছে স্থানীয়রা। মালিকবিহীন এই আটককৃত সার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করার পর বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে স্থানীয় কৃষকদের চাহিদামাফিক বিক্রি করা হয়েছে। বিক্রিত সারের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার দুবলহাটিতে অবস্থিত সারের অনুমোদিত ডিলার পয়েন্ট মেসার্স মোল্লা ট্রেডার্স। মঙ্গলবার রাতে ওই ডিলার পয়েন্টের মালিক ওয়াসেফ আলী মোল্লার গোডাউন থেকে দুটি ভটভটিতে ১২০ বস্তা ডিএপি সার বোঝাই করে রাজশাহীর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বাসিন্দা ও কৃষকরা দুবলহাটি-হাপানিয়া সড়কে গাড়ি দুটি থামিয়ে দেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নসিমনের চালকেরা প্রথমে ওই ইউনিয়নের ইণ্টিতলা মোড়ে যাওয়ার কথা বললেও পরবর্তীতে জেরার মুখে স্বীকার করে যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল। কৃষকরা দীর্ঘদিন ধরে সার সংকটে ভুগছে, আর স্থানীয় ডিলার অধিক মুনাফার লক্ষ্যে সার অন্য জেলায় পাচার করছে- এমন খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা গাড়ি দুটি আটক করে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও থানা পুলিশকে খবর দেয়।

আরও পড়ুন: মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশাল নগরীতে ডিবি পুলিশের আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার দুবলহাটি-হাপানিয়া এলাকার কিছু মানুষ ফোনে সার পাচারের বিষয়টি জানালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গীয় ফোর্সসহ সেখানে গিয়ে মালিকবিহীন অবস্থায় ১২০ বস্তা ডিএপি সার দুটি ভটভটি নামক গাড়িতে পান। যেহেতু সারগুলোর মালিককে পাওয়া যায়নি, সেহেতু সারগুলো জব্দ করা হয়।

জব্দকৃত সার বুধবার ওই ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সহযোগিতায় প্রকাশ্যে কৃষকদের মাঝে চাহিদামাফিক বিক্রি করা হয়েছে। বিক্রিত সারের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সারগুলো কোন ডিলারের নামে বরাদ্দ করা ছিল, সেই ডিলারের বিরুদ্ধেও আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলায় সার নিয়ে কোনো অরাজকতাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি প্রদান করেন এই কর্মকর্তা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল আমিন জানান, শতাধিক বস্তা সার অন্য জেলায় পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে কৃষি কর্মকর্তাসহ অন্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ৬০ বস্তা করে দুটি গাড়িতে মোট ১২০ বস্তা ডিএপি সার স্থানীয় জনতা আটক করে রেখেছে। ঘটনাস্থলে সারের ডিলার কিংবা তাঁর কোনো দায়িত্বশীল প্রতিনিধিকে না পাওয়ার কারণে সার আইন-২০০৬ অনুসারে সারভর্তি ভটভটি দুটি জব্দ করে দুবলহাটি ইউনিয়ন পরিষদ ভবনে নিরাপদ সংরক্ষণে রাখা হয়।

তিনি আরও জানান, বুধবার (১৪ অক্টোবর) কৃষি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ অন্যদের উপস্থিতিতে জব্দকৃত ১২০ বস্তা সার সরকারের নির্ধারিত মূল্যে ওই ইউনিয়নের সাধারণ কৃষকদের মাঝে চাহিদামাফিক বিক্রি করা হয়। আর সার বিক্রির প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। সার নিয়ে কোনো অনিয়মকে মেনে নেওয়া হবে না। আগামীতে কোনো ডিলার কিংবা সার ব্যবসায়ীরা সার নিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন: রংপুরে ৩৩ ওয়ার্ডে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রামের উদ্বোধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯২ কোটি টাকার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯২ কোটি টাকার চুক্তি

বাংলাদেশ সরকার চীনের সঙ্গে বাগেরহাটের মোংলা বন্দরের আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য ৩ হাজার ৫৯২ কোটি ৮৯ লাখ টাকার সহজ শর্তের ঋণচুক্তি স্বাক্ষর করেছে। ‘মোংলা বন্দরের সুবিধাদি সম্প্রসারণ ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের জন্য এই অর্থ প্রদান করবে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক)।

বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের আওতায় আধুনিক যন্ত্রপাতিসহ দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণ করা হবে।

সোমবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই ঋণচুক্তির স্বাক্ষর হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব আলিয়া মেহের। অন্যদিকে, চীনের এক্সিম ব্যাংকের পক্ষে সই করেন ব্যাংকটির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফেনজঝুন টিয়ান।

চুক্তির শর্ত অনুযায়ী, প্রকল্পটির জন্য চীন সরকার দুই শতাংশ সুদে নমনীয় ঋণ প্রদান করবে। এই ঋণের জন্য পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২০ বছরের ঋণ পরিশোধের সময়সীমা নির্ধারিত হয়েছে।

প্রকল্পের আওতায় দুটি কনটেইনার টার্মিনালের পাশাপাশি কনটেইনার ইয়ার্ড, কনটেইনার ডেলিভারি ইয়ার্ড এবং কার্গো হ্যান্ডলিং ইয়ার্ড নির্মাণ করা হবে। এই অবকাঠামো এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে বন্দরে পণ্য ওঠানো-নামানো, সংরক্ষণ এবং কনটেইনার ব্যবস্থাপনার সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এ বিষয়ে বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়িত হলে মোংলা বন্দরের অবকাঠামোগত সক্ষমতা বাড়বে এবং পণ্য ও কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হবে। এতে বন্দরের সেবার মান ও কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে। আমরা আশা করছি, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের ভূমিকা আরো সম্প্রসারিত হবে।’

নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে গেলে বন্দরের কার্যক্রম আরো আধুনিক করার উদ্যোগ বাস্তবায়নের পথে অগ্রসর হবে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলের দাবি, গাজায় হামাস কমান্ডারকে হত্যা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ইসরাইলের দাবি, গাজায় হামাস কমান্ডারকে হত্যা করা হয়েছে

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, গাজা সিটিতে পরিচালিত এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন।

নিহত কমান্ডারের নাম মোমেন আহমেদ সালামেহ আই বলে টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, তিনি ‘হামাসের গাজা ব্রিগেডের কমান্ডারদের সহযোগী’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হামাসের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় সেখানে অন্তত ১ হাজার ৪৯৮ জন নিহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


ঠাকুরগাঁওয়ে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন যে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না। তিনি উল্লেখ করেন, জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এই উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা তিন গুণ বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনি পরিবেশ বর্তমানে ভালো রয়েছে। ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সভায় নির্বাচন কমিশনার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে উপনির্বাচন সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি নির্বাচনি আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। সভার সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় উপনির্বাচন সংক্রান্ত সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মুছে ফেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধের জন্য সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি।

রিট দায়েরের পর সাদ্দাম হোসেন অভি বলেন, "দেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে সুস্থ সাংস্কৃতিক বিকাশকে বাধাগ্রস্ত করা হচ্ছে।" তিনি আরও উল্লেখ করেন, "দেশের সাংস্কৃতিক শিল্প, সাহিত্য ও ঐতিহ্য রক্ষা করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা সংবিধানের ২৩ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।"

অভিযোগ করে তিনি জানান, ধর্মের নাম ব্যবহার করে একটি শ্রেণির মানুষ অপব্যাখ্যার মাধ্যমে দেশের সংস্কৃতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে।

রিট আবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ, কনসার্ট, নাটক, সিনেমা ও গানসহ সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিল্প-সাহিত্যের সুরক্ষায় নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%