ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

হৃদযন্ত্রের সমস্যা গোপন রেখে ৩০ বছর ফুটবল খেলেছেন শেইখু কুয়াতে


হৃদযন্ত্রের সমস্যা গোপন রেখে ৩০ বছর ফুটবল খেলেছেন শেইখু কুয়াতে

ফুটবল মাঠে তাকে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে দেখা গেছে, দলের জন্য সর্বস্ব উজাড় করে দিতে। কিন্তু মাঠের বাইরের এক লড়াইয়ের কথা তার পরিবারের সদস্যরাও জানতেন না।

জন্ম থেকেই হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন সেনেগালের সাবেক ফুটবলার শেইখু কুয়াতে। অথচ সেই সমস্যা গোপন রেখেই তিনি বছরের পর বছর পেশাদার ফুটবল খেলেছেন। অবশেষে চিকিৎসকের পরামর্শে তাকে থামতে হয়েছে।

১৯৯৬ সালে ফুটবলে যাত্রা শুরু করে ২০২৬ সালে এসে ক্যারিয়ারের ইতি টেনেছেন শেইখু কুয়াতে। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হাম ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস ও নটিংহাম ফরেস্টের মতো ক্লাবে তিনি খেলেছেন। তবে তার ফুটবলজীবনের পেছনে লুকিয়ে ছিল এমন এক শারীরিক সমস্যা, যা নিয়ে তিনি কাউকে কিছু জানাতে চাননি।

আরও পড়ুন: ভারতে বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিতুন

সম্প্রতি নিজের হৃদ্যন্ত্রের সমস্যার কথা প্রকাশ করে কুয়াতে জানান, ইংল্যান্ডে খেলার সময় প্রতি ছয় মাস পর পর তার শারীরিক পরীক্ষা করতেন চিকিৎসকেরা। পরীক্ষায় বারবার সমস্যাটি ধরা পড়লেও তিনি খেলা চালিয়ে গেছেন। এমনকি ঝুঁকির দায় নিজের বলে মেনে নিয়ে বিমাসংক্রান্ত কাগজপত্রেও সই করেছিলেন।

কুয়াতের ভাষায়, ‘প্রতিবার পরীক্ষা করানোর সময় সমস্যাটি আবার ধরা পড়ত। চিকিৎসকেরা সব সময় আমাকে সমস্যাটির কথা জানাতেন। কিন্তু আমি নিজেই এর দায় নিয়েছিলাম।’

শুধু পরীক্ষার ফলেই নয়, মাঠেও শারীরিক কষ্টের মুখোমুখি হতে হতো কুয়াতেকে। উষ্ণ আবহাওয়ায় খেলতে গিয়ে বুকে তীব্র ব্যথা অনুভব করতেন। ম্যাচ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে পেশিতে খিঁচুনি চলত।

এ ব্যাপারে কুয়াতে বলেন, ‘আমি কখনো কাউকে কিছু বলিনি। আমি চাইনি, আমাকে আগেভাগেই ফুটবল ছাড়তে বাধ্য করা হোক। আমি আমার পরিবারকে কখনো বলিনি, এমনকি জাতীয় দলের চিকিৎসকদেরও না। তারা আমার সমস্যার কথা জানতেন না।’

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান

এ বছর বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটে যোগ দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করার সম্ভাবনা তৈরি হয়েছিল ৩৬ বছর বয়সী কুয়াতের। কিন্তু মেডিক্যাল পরীক্ষার পর চিকিৎসক তাকে মাঠের খেলা সংক্রান্ত সব কিছু বন্ধ করার পরামর্শ দেন। সেখানেই শেষ হয় ফুটবলের সঙ্গে তার পথচলা।

দীর্ঘদিনের পরিচিত মাঠ, দর্শকদের উল্লাস আর প্রতিযোগিতামূলক ফুটবল থেকে সরে দাঁড়াতে হলেও কুয়াতের গল্প রেখে গেছে গুরুত্বপূর্ণ এক বার্তা—খেলার প্রতি ভালোবাসা যত গভীরই হোক, স্বাস্থ্যের ঝুঁকিকে উপেক্ষা করা যায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭৫ লাখ টাকা দেনমোহর নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


৭৫ লাখ টাকা দেনমোহর নিয়ে বিয়েতে রাজি না হওয়ায় যুবকের বিরুদ্ধে ৬ মামলা

যশোর পৌরসভার পূর্ব বারান্দীপাড়া এলাকায় ৭৫ লাখ টাকা দেনমোহর নিয়ে বিয়েতে রাজি না হওয়ার কারণে এক যুবকের বিরুদ্ধে ৬টি মামলা ফাঁসানোর অভিযোগ উঠেছে। একইসঙ্গে, ওই যুবকের ওপর হামলা, বাড়িতে ভাঙচুর এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী।

রোববার (১১ অক্টোবর) দুপুরে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ তুলে ধরেন তামিম আবু উমামা। তিনি তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তামিম জানান, তিনি যশোরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া, ঢাকা রোড এলাকার স্থায়ী বাসিন্দা। শহরের পূর্ব বারান্দীপাড়া কদমতলা এলাকার আনোয়ার হোসেন, তার মেয়ে এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে একের পর এক মামলা, অপপ্রচার, হামলা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন। তামিমের দাবি, এসব ঘটনার কারণে তাদের পারিবারিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তামিমের অভিযোগ, গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৫ মিনিটে অফিসে যাওয়ার পথে নীলগঞ্জ ভিসা অফিসের সামনে আনোয়ার হোসেনের লোকজন তার গাড়ির গতিরোধ করেন। এ সময় তারা ভুক্তভোগীর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনার ভিডিও তার মুঠোফোন ও গাড়ির ড্যাশ ক্যামেরায় ধারণ করা আছে বলেও তিনি দাবি করেন।

তামিম জানান, প্রায় আড়াই বছর আগে আনোয়ার হোসেনের মেয়ের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল। তবে আনোয়ার হোসেন ৭৫ লাখ টাকা দেনমোহর দাবি করায় তারা বিয়ের প্রস্তাব থেকে সরে আসেন। এরপর থেকেই আনোয়ার হোসেন তাদের ওপর প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন এবং ধারাবাহিকভাবে হয়রানি শুরু করেন।

তামিমের ভাষ্য, গত আড়াই বছরে তার বিরুদ্ধে ৬টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৪টি মামলা আদালতে মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাকি মামলাগুলোও মিথ্যা প্রমাণিত হবে।

তিনি আরও অভিযোগ করেন, গত ৭ অক্টোবর সন্ধ্যায় আনোয়ার হোসেন ও তার লোকজন তাদের বাড়িতে হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ক্ষতিসাধন করা হয়। তখন কয়েকজন স্থানীয় সাংবাদিকও সেখানে উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংবাদ সম্মেলনে তামিম যশোর সদর থানায় করা একটি মামলার উল্লেখ করেন। তার দাবি, ২০২৫ সালের ২৯ জুন দায়ের করা ওই মামলায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের করা একটি মানহানির মামলা তুলে নিতে এক প্রভাবশালী আত্মীয় পুলিশ কর্মকর্তার মাধ্যমে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তামিম। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, যে কোনো সময় তার ও পরিবারের সদস্যদের ওপর প্রাণঘাতী হামলা হতে পারে।

তামিম স্থানীয় প্রশাসনের কাছে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একইসঙ্গে মিথ্যা মামলা ও হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনিব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ভুক্তভোগীর এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে পাঁচ দিনব্যাপী ‘ওয়েল্ডিং পদ্ধতি’ প্রশিক্ষণের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


রংপুরে পাঁচ দিনব্যাপী ‘ওয়েল্ডিং পদ্ধতি’ প্রশিক্ষণের উদ্বোধন

রংপুর, ১১ অক্টোবর, ২০২৬ : রংপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের জেলা কার্যালয়ের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘ওয়েল্ডিং পদ্ধতি’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক সফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক উল্লেখ করেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রশিক্ষিত ব্যক্তির কর্মসংস্থান কখনোই সংকটে পড়ে না। শিল্প-কলকারখানায় ওয়েল্ডিং একটি অত্যাবশ্যকীয় কাজ। এই কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণলব্ধ জ্ঞান থাকা অপরিহার্য।

তিনি আরও বলেন, বর্তমান সরকার বেকারত্বের সমস্যা মোকাবিলা করে দক্ষ জনশক্তি গঠনের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের জন্য সরকারের খরচ যেন বিফলে না যায়, সেই জন্য অর্জিত জ্ঞানকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। এছাড়াও তিনি কর্মক্ষম জনশক্তি তৈরিতে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রংপুর বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. এহেছানুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক চারু চন্দ্র বর্মণ এবং রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চিফ ইনস্ট্রাক্টর মো. সফিউল আলম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

রাঙামাটি, ১১ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ জেলায় সনাতনী নেতৃবৃন্দের সাথে বিএনপির নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেল ৪টায় রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে জেলা পরিষদ এনেক্স ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হারুনুর রশীদ হারুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন মঠ ও মন্দিরের প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় প্রধান অতিথি মাহবুবের রহমান শামীম তার বক্তব্যে বলেন, বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী। তিনি উল্লেখ করেন, "সকলকে সাথে নিয়েই আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে চাই।" তিনি বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে আহ্বান জানান।

তিনি বলেন, সার্বজনিন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সফল করতে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি জেলা বিএনপির নেতৃবৃন্দকে দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে গিয়ে মন্দির কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।

সভায় অন্যান্য বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যায় রাজু গ্রেপ্তার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


কুমিল্লায় শিক্ষার্থী তাজমিন হত্যায় রাজু গ্রেপ্তার, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

কুমিল্লায় স্কুলশিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনায় তার কথিত প্রেমিক রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) পুলিশ একটি অভিযান পরিচালনা করে রাজুকে গ্রেপ্তার করে।

পুলিশের সূত্র অনুযায়ী, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাজমিনের হত্যাকাণ্ডের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং অনুসন্ধানের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে।

এর আগে, তাজমিনের মরদেহ উদ্ধারের পর এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের কারণে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%