ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ


শাহজালাল বিমানবন্দরে ৩২ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানগুলোর মাধ্যমে ৯০ পিস ই-সিগারেট/ভেপসহ মোট প্রায় ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

এই অভিযানগুলো ৬ ও ৭ নভেম্বর তারিখে পরিচালিত হয়, যেখানে ই-সিগারেট/ভেপ ছাড়াও ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই তথ্য প্রকাশ করেছে।

আরও পড়ুন: জিয়াউর রহমান দেশপ্রেম ও নেতৃত্বগুণে ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

গোপন সংবাদের ভিত্তিতে, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান গ্রহণ করেন। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে আসা যাত্রী সুলতানা রাজিয়ার ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করার পর ৯০ পিস ই-সিগারেট/ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে ১৩ আগস্ট ২০২৬ তারিখে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবার তা জব্দ করা হয়।

অপরদিকে, ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।

যাত্রীর ব্যাগেজে ই-সিগারেট/ভেপ বহনের এই ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে।

আরও পড়ুন: সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর না হওয়ায় বাংলাদেশ কৌশলগত সম্ভাবনা হারিয়েছে

রাজস্ব সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিষিদ্ধ এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সালমানের ‘মাতৃভূমি’

দীর্ঘদিনের অনিশ্চয়তা শেষে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে বলিউডের সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতারা ছবিটির মুক্তির তারিখসহ বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, চিত্রাঙ্গদা সিং এবং সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া। এদিন সালমানকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। তিনি নিজের দেরিতে আসার অভ্যাস নিয়ে রসিকতা করেছেন। এমনকি, নিজের জীবন নিয়ে যদি কখনো বায়োপিক নির্মিত হয়, সেটি বাণিজ্যিকভাবে সফল হবে না বলেও মন্তব্য করেছেন এই অভিনেতা।

‘মাতৃভূমি’ সিনেমাটির নাম প্রথমে ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। ভারত-চীন সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তীতে সিনেমার বিষয়বস্তু ও গল্পে পরিবর্তন আনার খবর সামনে এসেছে। শোনা গেছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে নির্মাতাদের সংবেদনশীল সংঘাতের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে অনুষ্ঠানে সালমান খান স্পষ্ট করেছেন, সিনেমার নাম পরিবর্তনের পেছনে সরকারের কোনো চাপ ছিল না।

উল্লেখ্য, সালমান খানের সর্বশেষ সিনেমা ছিল ‘সিকান্দার’। রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি বড় তারকাবহর ও বিশাল বাজেট নিয়ে মুক্তি পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার ‘মাতৃভূমি’ দিয়ে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন কি না, সেটিই দেখার অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক, জানালেন রণবীর কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক, জানালেন রণবীর কাপুর

বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনয়ের পাশাপাশি পরিচালনায় নিজের দক্ষতা প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে তিনি নিজের প্রথম সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পরিচালনায় অভিষেকের পরিকল্পনা তাঁর রয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানাতে গিয়ে রণবীর বলেন, ‘অভিনেতা হিসেবে এটাই আমার শেষ দশক।’

‘রামায়ণ: পার্ট ওয়ান’ সিনেমার প্রচারের অংশ হিসেবে সহশিল্পী সাই পল্লবীর সঙ্গে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে কথা বলেন রণবীর। সেখানে তিনি পরিচালনায় আগ্রহের কারণ এবং নিজের প্রথম সিনেমা নিয়ে ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।

রণবীর জানান, তিনি কয়েক মাস আগে থেকেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে তিনি স্বীকার করেন যে, কাজটি সহজ নয়। তাঁর ভাষায়, ‘কয়েক মাস আগে আমি চিত্রনাট্য লেখা শুরু করেছি। সৃজনশীল কাজ তৈরি করা কতটা কঠিন, তা এখন বুঝতে পারছি। লেখক ও নির্মাতাদের প্রতি আমার শ্রদ্ধা অনেক বেড়েছে।’

পরিচালনার প্রতি আগ্রহ ব্যাখ্যা করতে গিয়ে রণবীর বলেন, একজন পরিচালক একটি গল্পকে পর্দায় তুলে ধরতে অনেক মানুষের সঙ্গে কাজ করেন। পুরো গল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত যুক্ত থাকার মধ্যে আলাদা এক ধরনের সৃজনশীল আনন্দ রয়েছে। তিনি এই অভিজ্ঞতা অর্জন করতে চান।

প্রথম সিনেমার ধরন নিয়েও আলোচনা করেছেন তিনি। নির্দিষ্ট কোনো ঘরানার কথা এখনো ঠিক করেননি। তবে ‘লাইফ ইজ বিউটিফুল’, ‘ইটস আ ওয়ান্ডারফুল লাইফ’ এবং নির্মাতা রাজকুমার হিরানির সিনেমার প্রতি তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে। তিনি এমন আবহের একটি আবেগঘন, ইতিবাচক পারিবারিক গল্প নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন নিয়েও কথা বলেন রণবীর। তিনি জানান, বছরে সাধারণত ১০০ থেকে ১২৫ দিন কাজ করেন। ফলে চিত্রনাট্য লেখা ও পরিচালনার প্রস্তুতির জন্য সময় বের করতে পারেন। তবে আপাতত তিনি অভিনয়ের চলমান কাজগুলো শেষ করতে চান। ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিম্যাল ২’ ও ‘রামায়ণ: পার্ট টু’ সিনেমার কাজ শেষ করার পর পরিচালনায় মনোযোগ দিতে চান তিনি। নিজের প্রথম সিনেমার শুটিং আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শুরু করার আশা করছেন।

রণবীরের পরিচালনায় আসার ইচ্ছার পেছনে রয়েছে পারিবারিক চলচ্চিত্র-ঐতিহ্যও। তাঁর বাবা ঋষি কাপুর ১৯৯৯ সালে ‘আ আব লট চালে’ সিনেমা পরিচালনা করেছিলেন। তখন কিশোর বয়সী রণবীর বাবার সঙ্গে কাজেও যুক্ত ছিলেন। পরে সঞ্জয় লীলা বানসালির ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন তিনি।

এদিকে নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। সিনেমাটিতে সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ অভিনয় করছেন। সামনে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’সহ আরো কয়েকটি সিনেমায় দেখা যাবে তাঁকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বব্যাপী তিন দিনে আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


বিশ্বব্যাপী তিন দিনে আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি

বক্স অফিসে দ্রুত গতিতে এগোচ্ছে রণবীর কাপুর এবং সাই পল্লবী অভিনীত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ : পার্ট ওয়ান’। মুক্তির প্রথম দিনে ছবিটি কিছুটা এগিয়ে থাকলেও দ্বিতীয় দিনে আয় কমে গিয়েছিল। তবে তৃতীয় দিনে আবারও ঘুরে দাঁড়িয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাটি। শনিবার, ভারতের বাজারে ছবিটির নেট আয় একদিনেই ৬৯ কোটি ৮০ লাখ রুপি হয়েছে। এর মাধ্যমে তৃতীয় দিনের আয়ের হিসাবে প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’-কেও ছাড়িয়ে গেছে সিনেমাটি।

বক্স অফিসের হিসাব নিয়ে কাজ করা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে ভারতে ‘রামায়ণ’-এর মোট নেট আয় দাঁড়িয়েছে ১৮২ কোটি ৭০ লাখ রুপি। দেশটিতে ছবিটির মোট আয় (গ্রস) ২১৮ কোটি ২৫ লাখ রুপি। অন্যদিকে, বিদেশের বাজারে তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে ৬০ কোটি রুপি। ফলে বিদেশে মোট আয় দাঁড়িয়েছে ১৫৭ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় ৩৭৫ কোটি ৫০ লাখ রুপি।

ভাষাভিত্তিক আয়ের হিসাবে তৃতীয় দিনেও সবচেয়ে এগিয়ে রয়েছে হিন্দি সংস্করণ। সেদিন ১৯ হাজার ৯২৭টি প্রদর্শনী থেকে হিন্দি সংস্করণের আয় হয়েছে ৫৩ কোটি রুপি। এ ছাড়া ৯০৭টি প্রদর্শনী থেকে কন্নড় সংস্করণে ৬ কোটি ৩০ লাখ, ১ হাজার ৫৮৬টি প্রদর্শনী থেকে তেলুগুতে ৬ কোটি এবং ৫৯৩টি প্রদর্শনী থেকে মালয়ালাম সংস্করণে আয় হয়েছে ২ কোটি রুপি।

এর আগে মুক্তির প্রথম দিনে ভারতের বাজারে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছিল সিনেমাটি। দ্বিতীয় দিনে সেই আয় কমে দাঁড়ায় ৪৮ কোটি ৫ লাখ রুপিতে। তবে শনিবারের আয় প্রথম দিনের সংগ্রহকেও ছাড়িয়ে গেছে।

এদিকে, দ্বিতীয় দিনের আয় কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীপাবলির আগের সময়টিতে উৎসবকেন্দ্রিক ব্যস্ততার প্রভাব পড়েছিল সিনেমাটির ব্যবসায়। তবে সন্ধ্যার প্রদর্শনীগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো সাড়া পাওয়া গেছে।

তৃতীয় দিনের আয়ের হিসাবে আরেকটি আলোচনার জন্ম দিয়েছে ‘রামায়ণ’। ২০২৩ সালে মুক্তি পাওয়া প্রভাস অভিনীত ‘আদিপুরুষ’ প্রথম দিনে ভারতে ৮৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছিল। তবে মুক্তির তৃতীয় দিনে ছবিটির আয় ছিল ৬৯ কোটি ১০ লাখ রুপি। সেই জায়গায় একই দিনে ‘রামায়ণ’ আয় করেছে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ তৃতীয় দিনের আয়ে ‘আদিপুরুষ’-কে সামান্য ব্যবধানে পেছনে ফেলেছে নতুন সিনেমাটি।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী আয়োজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। মুক্তির আগে বিশ্বজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। গত ২৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজন করা হয়েছিল সিনেমাটির বিশেষ প্রদর্শনী।

নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় অভিনয় করেছেন যশ। এ ছাড়া রয়েছেন সানি দেওল, রবি দুবে, লারা দত্তসহ আরো অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেনেভা উৎসবে সেরা সিরিজের পুরস্কার জিতল ‘অ্যানি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


জেনেভা উৎসবে সেরা সিরিজের পুরস্কার জিতল ‘অ্যানি’

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ অর্জন করেছে বাংলাদেশি মিনিসিরিজ ‘অ্যানি’, যা নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালনা করেছেন। নাজিফা তুষি অভিনীত এই সিরিজটি প্রথমবারের মতো এই উৎসবে অংশগ্রহণ করেই সেরা সিরিজের স্বীকৃতি লাভ করেছে।

উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৭ নভেম্বর সন্ধ্যায় সুইজারল্যান্ডের জেনেভায় মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে অনুষ্ঠিত হয়। এখানে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে ‘অ্যানি’র নাম ঘোষণা করা হয়। ‘ফিউচার ইজ সেন্সিবল’ বিভাগে নির্বাচিত প্রজেক্টগুলোর মধ্যে সেরা সিরিজ হিসেবে বাংলাদেশের এই নির্মাণ পুরস্কারটি অর্জন করে।

‘অ্যানি’র কলাকুশলীরা এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরা শুধু একটি গল্প বলতে চেয়েছিলাম। আজ সেই গল্পকে নিজ ডানায় ভর করে উড়তে দেখে ভীষণ ভালো লাগছে। ‘অ্যানি’ আমাদের অনেকের আস্থা ও সাহসের সম্মিলিত একটি স্বপ্নের দীর্ঘ যাত্রা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেই যাত্রাকে আরো বিশেষ ও স্মরণীয় করে তুলেছে।"

এর আগে উৎসবে ‘অ্যানি’র দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত ২ ও ৫ নভেম্বর জেনেভার ‘লে সিনেমা দু গ্র্যুতি–সাল সিমোঁ’ প্রেক্ষাগৃহে সিরিজটি প্রদর্শিত হয়। এরপর ৭ নভেম্বর সমাপনী আয়োজনে আসে আন্তর্জাতিক স্বীকৃতি।

নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত এই মিনিসিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি। তার সঙ্গে আরো রয়েছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ নাওয়ারসহ অনেকে।

জেনেভা উৎসবের আগে জার্মানির কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগেও নির্বাচিত হয়েছিল ‘অ্যানি’। গত ৯ জুন ওই উৎসবেই সিরিজটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বাংলাদেশের দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন প্রযোজকরা।

‘অ্যানি’ প্রযোজনা করেছে মেট্রোভিডিও, ক্যাটালগ ও জিরেল। সিরিজটির প্রযোজক এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে রয়েছেন তানভীর হোসেন, শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার।

উল্লেখ্য, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ এর আগে ২০১৬ সালে তার প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’ দিয়ে আন্তর্জাতিক পরিচিতি পান। এরপর ২০২১ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়। কান উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নেওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি। ছবিটি বিশ্বের ১৫টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%