০২:২৭ পি.এম
দীর্ঘদিনের অনিশ্চয়তা শেষে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে বলিউডের সুপারস্টার সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি : মে ওয়ার রেস্ট ইন পিস’-এর। সিনেমাটি আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সম্প্রতি একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নির্মাতারা ছবিটির মুক্তির তারিখসহ বেশ কিছু নতুন তথ্য প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খান, চিত্রাঙ্গদা সিং এবং সিনেমাটির পরিচালক অপূর্ব লাখিয়া। এদিন সালমানকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। তিনি নিজের দেরিতে আসার অভ্যাস নিয়ে রসিকতা করেছেন। এমনকি, নিজের জীবন নিয়ে যদি কখনো বায়োপিক নির্মিত হয়, সেটি বাণিজ্যিকভাবে সফল হবে না বলেও মন্তব্য করেছেন এই অভিনেতা।
‘মাতৃভূমি’ সিনেমাটির নাম প্রথমে ছিল ‘ব্যাটল অফ গালওয়ান’। ভারত-চীন সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তীতে সিনেমার বিষয়বস্তু ও গল্পে পরিবর্তন আনার খবর সামনে এসেছে। শোনা গেছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে নির্মাতাদের সংবেদনশীল সংঘাতের প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: ডিজনি কিনল ‘ডিভাইন রাইভালস’-এর চলচ্চিত্র স্বত্ব, নতুন চিত্রনাট্যকার খুঁজছে
তবে অনুষ্ঠানে সালমান খান স্পষ্ট করেছেন, সিনেমার নাম পরিবর্তনের পেছনে সরকারের কোনো চাপ ছিল না।
উল্লেখ্য, সালমান খানের সর্বশেষ সিনেমা ছিল ‘সিকান্দার’। রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি বড় তারকাবহর ও বিশাল বাজেট নিয়ে মুক্তি পেলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এবার ‘মাতৃভূমি’ দিয়ে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবেন কি না, সেটিই দেখার অপেক্ষা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন