০৬:০৫ পি.এম
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) নতুন ‘গোল-বেজড সেভিংস স্কিম’ চালু করেছে, যা সঞ্চয়ের পাশাপাশি ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করবে।
এই স্কিমের অধীনে সদস্যরা তিন বা পাঁচ বছর মেয়াদি ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) মাধ্যমে নির্দিষ্ট আর্থিক লক্ষ্য অর্জনের জন্য টাকা জমা করতে পারবেন। সঞ্চয়ের পাশাপাশি, স্কিমের মেয়াদে ইন্স্যুরেন্স সুরক্ষা নিশ্চিত করা হবে। ফলে, গ্রাহকেরা ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অতিরিক্ত আর্থিক সুরক্ষা লাভ করবেন।
গত ১৪ অক্টোবর, এই স্কিম চালুর জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ টেকনিক্যাল অফিসার আমির ফয়সাল মোহাম্মদ জাকারিয়া এবং সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা।
আরও পড়ুন: রমজান উপলক্ষে ১০ পণ্যের এলসি মার্জিন ন্যূনতম রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
আমির ফয়সাল মোহাম্মদ জাকারিয়া এই উদ্যোগের বিষয়ে মন্তব্য করে বলেন, ‘নির্দিষ্ট কোনো লক্ষ্য সামনে রেখে সঞ্চয় করলে নিয়মিত টাকা জমাতে মানুষ উৎসাহ পায়। তবে সঞ্চয়ের পথে হঠাৎ কোনো ঘটনা পরিবারের আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে, সেটিও ভাবতে হয়। সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুবিধা যুক্ত হওয়ায় এই দুই প্রয়োজনই পূরণ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, মাইক্রো ইন্স্যুরেন্স ও ডিজিটাল চ্যানেলের প্রধান আবদুল হালিম, ভাইস প্রেসিডেন্ট মো. নওশাদুল করিম চৌধুরী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শাহরিয়ার জামিল আবির।
সিদীপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায়, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির প্রধান আবু খালেদ, জিএম ও হেড অফ প্রোগ্রাম আমিনুল হক ভূঁইয়া এবং এজিএম (এমএফ) আবু সালেহ নূর মোহাম্মদ। এছাড়া, প্রতিষ্ঠানটির ডিজিটাইজেশন ও এমআইএস বিভাগের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মিফতা নাঈম হুদা বলেন, ‘সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্য থাকলে পরিবারগুলো ভবিষ্যতের খরচের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। এতে নিজেদের অর্থের ব্যবস্থাপনাও ভালোভাবে করা যায়। সঞ্চয়ের সঙ্গে আর্থিক সুরক্ষা যুক্ত হলে মানুষ নিজের ও পরিবারের ভবিষ্যৎ আরও ভালোভাবে সামলাতে পারবে।’
আরও পড়ুন: ডেঙ্গু চিকিৎসার জন্য বীমা থেকে পাওয়া গেছে আড়াই কোটি টাকার বেশি
এই উদ্যোগের মাধ্যমে পরিবারে পরিকল্পিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যতের খরচের জন্য আর্থিক প্রস্তুতি নিতে সহায়তা করাই উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন