ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী


কাউখালীর জোলাগাতি খালে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো; শতাধিক মানুষের দুর্ভোগ, পাকা সেতুর দাবিতে এলাকাবাসী
 
 
পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নং দক্ষিণ-পশ্চিম জোলাগাতি গ্রামের মাল বাড়ি জামে মসজিদের সামনে জোলাগাতি খালের ওপর নির্মিত একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন শত শত মানুষ। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও বাধ্য হয়ে এই সাঁকো ব্যবহার করে যাতায়াত করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকোটি কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের সঙ্গে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামকে সংযুক্ত করেছে। এই পথ দিয়ে সরদার হাট হয়ে ভিটাবাড়িয়া গ্রামের ওপর দিয়ে ভান্ডারিয়ায় স্বল্প সময়ে যাতায়াত করা যায়। ফলে প্রতিদিন এলাকাবাসী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা এই পথ ব্যবহার করেন।
স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে বাঁশের সাঁকোটি তলিয়ে যায়। তখন মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে। শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে এবং সাধারণ মানুষকে জরুরি প্রয়োজনে চলাচলে ভোগান্তির শিকার হতে হয়।
এলাকাবাসীর দাবি, দুই উপজেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এই স্থানে একটি পাকা সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুরের কাছে একাধিকবার দাবি জানিয়েও তারা সেতু নির্মাণসহ কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পাননি। তাই বর্তমান পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের হস্তক্ষেপে দ্রুত একটি পাকা সেতু নির্মাণের দাবি জানান তারা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন,
"বিগত সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতি হয়েছে, কিন্তু মানুষের প্রয়োজনীয় উন্নয়ন হয়নি। যুগের পর যুগ এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পারাপার করছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমি বিষয়টি মাননীয় সংসদ সদস্য ও গৃহায়ন-গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আহমেদ সোহেল মঞ্জুর মহোদয়ের কাছে তুলে ধরব এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করব।
শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু বলেন,
এটি শুধু একটি সাঁকো নয়, এলাকার মানুষের জীবন-মরণের বিষয়। প্রতিদিন শিশু, শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। দ্রুত একটি পাকা সেতু নির্মাণ করা এখন সময়ের দাবি।
শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বলেন,
"এই সাঁকোটি দুই উপজেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে হাজারো মানুষের ভোগান্তি দূর হবে।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,
বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। সেতু নির্মাণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৪ পি.এম


হাওর ভ্রমণ মুহূর্তেই রূপ নিল শোকে, মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা

পরিবারসহ কিশোরগঞ্জের হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ছিলেন ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন। নৌকায় ভ্রমণের একপর্যায়ে মিঠামইনের হাসানপুর ব্রিজের কাছে একটি সড়কের পার্শ্বে নৌকা থামিয়ে তারা গোসল করতে নামেন।

গোসল করার সময় হঠাৎ তার মেজো মেয়ে মন্ত্রী আক্তার পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে তিনি হাওরের পানিতে ঝাঁপ দেন। প্রাণপণ চেষ্টায় মেয়েকে উদ্ধার করতে সক্ষম হন মিলন। কিন্তু, মেয়েকে নিরাপদে বাঁচানোর পরে তীব্র স্রোতের কারণে তিনি আর পেরে ওঠেননি। কিছুক্ষণের মধ্যেই পানির নিচে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। একটি পরিবারের আনন্দভ্রমণ মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিণত হয় আজীবনের শোকে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিকলা হাওরের পাশে মিঠামইনের হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। ওই দিন রাত দশটার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।

মৃত বাছির উদ্দিন মিলন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার মো. আবু বাক্কার মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাছির উদ্দিন মিলন পানিতে তলিয়ে মারা গেছেন। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকের কাজ তথ্য তুলে ধরা, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


সাংবাদিকের কাজ তথ্য তুলে ধরা, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন মন্তব্য করেছেন যে সাংবাদিকদের প্রধান দায়িত্ব হলো তথ্য তুলে ধরা, এবং কোনো পক্ষের অ্যাক্টিভিস্ট হিসেবে ভূমিকা পালন করা নয়। তিনি জানান, সরকারকে সমালোচনা করার স্বাধীন পরিবেশ ছাড়া কার্যকর সাংবাদিকতা সম্ভব নয়।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেলটা কনফারেন্সের একটি আলোচনা সভায় তিনি এসব কথা তুলে ধরেন।

’দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির মুখোমুখি’ শীর্ষক আলোচনায় দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব এবং সংবাদকর্মীদের সামনে থাকা বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘সরকারের সমালোচনা করার মতো সাংবাদিকতার পরিবেশ ছাড়া সাংবাদিকতা কীভাবে চলতে পারে, তা আমার জানা নেই।’ তিনি আরো বলেন, সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ হওয়া উচিত নয়। সাংবাদিকের মূল দায়িত্ব হলো উপাত্তের ওপর দাঁড়িয়ে সত্যকে উন্মোচন করা। তিনি সিদ্ধান্তে আসেন যে, ডেটা বা সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো ধারণাই খবর হতে পারে না। সমাজকে সঠিকভাবে বুঝতে ও ফুটিয়ে তুলতে বস্তুনিষ্ঠ সংবাদচর্চার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

জহির উদ্দীন স্বপন বলেন, সাংবাদিকতার পরিসর কোনও নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। তিনি বিনীত ভাবে বলেন, ‘সাংবাদিকতার কোনো বর্ডার থাকতে পারে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর পর প্রথমবার সিরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৬ পি.এম


১৭ বছর পর প্রথমবার সিরিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সিরিয়া সফরে গিয়েছেন। ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো জাতিসংঘ মহাসচিব সিরিয়া সফর করছেন।

শনিবার (২৫ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, গুতেরেস শনিবার সকালে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এই সময় তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি স্বাগত জানান।

গুতেরেস সফরকালে রাষ্ট্রপতি আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করবেন। উল্লেখ্য, আল-শারা নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদার সাবেক কমান্ডার ছিলেন এবং গত বছর পর্যন্ত তার ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

২০০৯ সালের পর এই প্রথম, সিরিয়া সফর করছেন কোনো জাতিসংঘ মহাসচিব। এর পরে দেশে ১৪ বছরের দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়।

এই ঘটনার মাধ্যমে আল-শারার জন্য একটি নতুন কূটনৈতিক মাইলফলক তৈরি হচ্ছে। তিনি ২০২৪ সালে সিরিয়ার দীর্ঘদিনের নেতা বাশার আল-আসাদের পতনের পর দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর থেকে তিনি আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠণের চেষ্টা করে যাচ্ছেন।

আল-শারার সঙ্গে সাক্ষাতের পাশাপাশি গুতেরেস দেশটিতে একাধিক বৈঠকে অংশগ্রহণ করবেন। এর মধ্যে সরকারি কর্মকর্তা এবং সিরীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অধীনে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পর্যবেক্ষণের চেষ্টা হিসেবে তিনি অধিকৃত সিরীয় গোলান মালভূমিতেও সফর করবেন। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন ইউএনডিওএফের কার্যক্রম অনুসরণ করবেন।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, গুতেরেসের এই সফর একটি বিশেষ বার্তা নিয়ে এসেছে। সিরিয়ার সামনে শুধুমাত্র সংঘাত থেকে পুনরুদ্ধারের নয়, বরং এমন একটি ভবিষ্যত গড়ে তোলার সুযোগ রয়েছে, যা দেশটিকে আগামী দিনে আরও স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ করবে।

গুতেরেসের সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, তিনি দেশের ভেতর কয়েক দিন অবস্থান করবেন। আগামী সোমবার তিনি সিরিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

বাশার আল-আসাদের পতনের পর हालেই ফ্রান্সের প্রেসিডেন্টও সিরিয়া সফর করেছেন। তার সফরের সময় দামেস্কের একটি এলাকায় দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার কিছু সপ্তাহ পর গুতেরেসের সফর হচ্ছে।

সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা বিস্ফোরণের জন্য দায়ী সেলটিকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্তরা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের (আইএসআইএস) সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে নাইট্রোজেন বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

(নাটোর) রাজশাহী প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৩:০৭ পি.এম


মহাসড়কে নাইট্রোজেন বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ  হারিয়ে উল্টে আহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে যাওয়া নাইট্রোজেন বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং এতে ২জন আহত হয়েছে। এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টার সময় বনপাড়া-হাটিকুরুল মহাসড়কের শ্রীরামপুর তরমুজ পেট্রোল পাম্প এলাকায়।

দুর্ঘটনার সময় ট্রাকটিতে থাকা নাইট্রোজেনের ছোট ছোট ট্যাংকার থেকে অতি দ্রুত কেমিক্যাল বা গ্যাস চারপাশে ছড়িয়ে পড়ে। এর ফলে প্রায় তিন থেকে চারশত মিটার এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয় অধিবাসী ও মহাসড়কের পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। আহতদের মধ্যে রয়েছেন ট্রাকের চালক, ঢাকা সাভারের জিঞ্জিরা এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান (৬০) এবং চালকের সহকারী, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মৃত মফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৫৫)। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ট্রাকটি ঢাকা থেকে নাটোরের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। রাস্তার খাড়া-খন্দের কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এরপর বিকট শব্দে গাড়িটিতে থাকা সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়ে গ্যাস লিক হতে শুরু করে। মুহূর্তের মধ্যে বায়ুমণ্ডলে গ্যাস ছড়িয়ে পড়ে এবং সাদা ঘন কুয়াশার মতো প্রায় ৩০০-৪০০ মিটার এলাকা ঢেকে যায়।

উদ্ধার অভিযান ও সতর্কতামূলক কাজের পর নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা দূরে সরে যান এবং তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। এতে মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং হাইওয়ে পুলিশের তৎপরতায় দ্রুত নাইট্রোজেনবাহী গাড়িটি উদ্ধার করে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%