০৩:০৪ পি.এম
পরিবারসহ কিশোরগঞ্জের হাওরের সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ছিলেন ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন। নৌকায় ভ্রমণের একপর্যায়ে মিঠামইনের হাসানপুর ব্রিজের কাছে একটি সড়কের পার্শ্বে নৌকা থামিয়ে তারা গোসল করতে নামেন।
গোসল করার সময় হঠাৎ তার মেজো মেয়ে মন্ত্রী আক্তার পা পিছলে গভীর পানিতে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে তিনি হাওরের পানিতে ঝাঁপ দেন। প্রাণপণ চেষ্টায় মেয়েকে উদ্ধার করতে সক্ষম হন মিলন। কিন্তু, মেয়েকে নিরাপদে বাঁচানোর পরে তীব্র স্রোতের কারণে তিনি আর পেরে ওঠেননি। কিছুক্ষণের মধ্যেই পানির নিচে তলিয়ে যান তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। একটি পরিবারের আনন্দভ্রমণ মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিণত হয় আজীবনের শোকে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিকলা হাওরের পাশে মিঠামইনের হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছিল। ওই দিন রাত দশটার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয় পারিবারিক কবরস্থানে।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মৃত বাছির উদ্দিন মিলন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রোল পাম্প এলাকার মো. আবু বাক্কার মাস্টারের ছেলে। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাছির উদ্দিন মিলন পানিতে তলিয়ে মারা গেছেন। পরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন