০৪:৩২ পি.এম
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটানোর পর আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। সফরটি তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) মধ্যে একটি নীতিগত সমঝোতা হয়েছে বলে জানা গেছে দেশের একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে।
বিসিবির একাধিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জানুয়ারির প্রথম ভাগে সিরিজ আয়োজনের ব্যাপারে দুই বোর্ড ইতিবাচক অবস্থানে রয়েছে। গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় সভাপতি তামিম ইকবালও এ বিষয়ে আলোচনা চলমান থাকার কথা তুলে ধরেন।
আরও পড়ুন: রোনালদোর অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ১০০০ গোলের পথে থাকার আহ্বান পর্তুগালের
সম্ভাব্য সূচি অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজটি শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল আশাবাদী। তিনি বলেন, "আমরা একটা সময় নিয়ে আলোচনা করছি। বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা যেভাবে এগোচ্ছে, তাতে আমি আশাবাদী, ভারতীয় দল সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে। দুই বোর্ড ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করছে।"
তবে সিরিজ আয়োজনের জন্য দুই দেশের সরকারের সম্মতি অপরিহার্য। রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে পূর্বে দুইবার ভারতীয় দলের বাংলাদেশ সফর পিছিয়ে গেছে। বিসিবি ও বিসিসিআইয়ের আলোচনা ইতিবাচক হলেও সফরটি সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ বিষয়ে বলেন, "আমরা খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে চাই। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই সম্পর্ক যেন জোরদার থাকে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি আমরা আন্তরিকভাবে দেখছি। আমরা চাই তারা এসে আমাদের দেশে খেলুক এবং আমরাও তাদের দেশে গিয়ে খেলতে চাই।"
গত বছরের আগস্টে এবং চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি নির্ধারিত হয়েছিল। দুই দফায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত সিরিজটি মাঠে গড়ায়নি। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট জটিলতার কারণে সফরটি পিছিয়ে যায়।
আরও পড়ুন: ভারতের দ্বিতীয় সারির দলের কাছে ৩-২ গোলে হারলো পাকিস্তান
এবার বিসিবি নতুন করে আশার আলো দেখছে। সর্বশেষ ভার্চ্যুয়াল বৈঠকে জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের বিষয়ে দুই বোর্ড নীতিগতভাবে একমত হয়েছে। এখন সরকারের সম্মতি পাওয়া গেলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন