মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:৪০ পি.এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন: অ্যান এক্সাইটিং সাকসেস রুট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর সহযোগিতায় এবং বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারী রুমে অনুষ্ঠিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার্থীদের কেবল গতানুগতিক শিক্ষার ওপর নির্ভর করলেই চলবে না, বরং প্রফেশনাল ডিগ্রি অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষতা বহুগুণ বাড়িয়ে নিতে হবে। সিএমএ-এর মতো পেশাগত যোগ্যতা শিক্ষার্থীদের কর্পোরেট জগতে সফল ক্যারিয়ার গড়তে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি-এর সহ-সভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ এবং কনকর্ড গ্রুপ অব কোম্পানির হেড অব স্ট্র্যাটেজিক অপারেশনস ফারুক আহমেদ এসিএমএ। এছাড়া রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবি-এর একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশনের অধ্যাপক ও পরিচালক ড. মোঃ মামুনুর রশিদ এফসিএমএ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নূর আলম সিদ্দিক। বক্তারা সিএমএ শিক্ষার গুরুত্ব, ক্যারিয়ারের সম্ভাবনা এবং পেশাগত উৎকর্ষ সাধনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর উপজেলা শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মণ্ডলহাট বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত সৌরভকে স্থানীয়রা উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার দুপুরে সার কেনার জন্য মণ্ডলহাট বাজারে যান সৌরভ। এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মাসুম বিল্লাহ ও তার সহযোগীরা পেছন থেকে এসে তাকে মারধর করেন। এ সময় তাকে উদ্দেশ্য করে ‘বড় ছাত্রলীগবিরোধী হয়ে গেছিস’ এমন কথা বলা হয় বলেও অভিযোগ করেন সৌরভ।
অভিযুক্ত মাসুম বিল্লাহ উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জয়কালী গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজ সরদারের নাতি বলে স্থানীয়রা জানিয়েছেন। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরেছেন এমন দাবি করেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সৌরভের অভিযোগ, হামলার সময় স্থানীয় বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পল্লী চিকিৎসক আব্দুল কাদের শামীম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি তাকে জানালে তিনি হামলাকারী মাসুমকে নিজের ফুফাতো ভাই হিসেবে উল্লেখ করে বিষয়টি ভুলে যাওয়ার কথা বলেন বলে দাবি করেন সৌরভ।
তবে আব্দুল কাদের শামীম এ বক্তব্য অস্বীকার করে বলেন, তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না; ঘটনার পর সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তিনি জানান, হামলাকারী মাসুম তার ফুফাতো ভাই। তিনি আরও বলেন, সত্যিই যদি সে ফ্যাসিস্ট হয়, তবে আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেব।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, ‘সৌরভ শুধু একজন নিবেদিতপ্রাণ পরিবেশকর্মী নন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সামনের সারির কর্মী। তার ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, এ ঘটনায় দ্রুত থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাসুম বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা, গবেষণা এবং পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। বেরোবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ নুর আলম সিদ্দিক এবং
আইসিএমএবি-এর সহ-সভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা শিক্ষা প্রসারে যৌথ উদ্যোগ গ্রহণ, শিক্ষার্থীদের আইসিএমএবি কোর্স ওয়েভারসহ বিভিন্ন পেশাগত দিকনির্দেশনা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইসিএমএবি-এর সুযোগ-সুবিধা ও পেশাগত দিকগুলো আরও গভীরভাবে কাজে লাগানোর সুযোগ পাবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির মূল লক্ষ্য হলো জনতা ব্যাংক পিএলসি-এর নিজস্ব পেমেন্ট গেটওয়ে 'JanataPay'-এর মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল প্রকার ফি ও বেতন সহজে আদায় করা।t অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এবং জনতা ব্যাংক পিএলসি, রংপুর বিভাগীয় কার্যালয়-এর মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মফিজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘরে বসেই কিংবা ডিজিটাল মাধ্যমে খুব সহজেই 'JanataPay' পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তাদের সেমিস্টার ফি, বেতন এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক পাওনা পরিশোধ করতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক লেনদেন প্রক্রিয়া আরও অধিক স্বচ্ছ, আধুনিক, গতিশীল এবং ঝামেলামুক্ত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ