প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর উপজেলা শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মণ্ডলহাট বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় আহত সৌরভকে স্থানীয়রা উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ, মঙ্গলবার দুপুরে সার কেনার জন্য মণ্ডলহাট বাজারে যান সৌরভ। এ সময় কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মাসুম বিল্লাহ ও তার সহযোগীরা পেছন থেকে এসে তাকে মারধর করেন। এ সময় তাকে উদ্দেশ্য করে ‘বড় ছাত্রলীগবিরোধী হয়ে গেছিস’ এমন কথা বলা হয় বলেও অভিযোগ করেন সৌরভ।
অভিযুক্ত মাসুম বিল্লাহ উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জয়কালী গ্রামের বাসিন্দা এবং আব্দুল আজিজ সরদারের নাতি বলে স্থানীয়রা জানিয়েছেন। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি এলাকায় ফিরেছেন এমন দাবি করেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সৌরভের অভিযোগ, হামলার সময় স্থানীয় বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পল্লী চিকিৎসক আব্দুল কাদের শামীম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি তাকে জানালে তিনি হামলাকারী মাসুমকে নিজের ফুফাতো ভাই হিসেবে উল্লেখ করে বিষয়টি ভুলে যাওয়ার কথা বলেন বলে দাবি করেন সৌরভ।
তবে আব্দুল কাদের শামীম এ বক্তব্য অস্বীকার করে বলেন, তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না; ঘটনার পর সেখানে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তিনি জানান, হামলাকারী মাসুম তার ফুফাতো ভাই। তিনি আরও বলেন, সত্যিই যদি সে ফ্যাসিস্ট হয়, তবে আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দেব।
হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, ‘সৌরভ শুধু একজন নিবেদিতপ্রাণ পরিবেশকর্মী নন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সামনের সারির কর্মী। তার ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, এ ঘটনায় দ্রুত থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাসুম বিল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন