০২:০২ পি.এম
মাদারীপুরের কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া ও পাতাবালি এলাকার উদ্যোগে ঈদ-পরবর্তী আনন্দ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মুরুব্বিদের ফুটবল খেলা। এলাকার যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন ৪০ বছরের ঊর্ধ্ব বয়সী স্থানীয় মুরুব্বিরা।
বিকেলে আয়োজিত এ ফুটবল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাটি উপভোগ করতে বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
খেলায় অংশগ্রহণকারী মুরুব্বিরা বলেন, ব্যস্ত জীবনে তাদের খেলাধুলার সুযোগ খুব কমই হয়। এমন একটি আয়োজন তাদের মাঝে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালকিনি পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মামুন শিকদার। তিনি খেলাটির সার্বিক অর্থায়নও করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “এলাকার মানুষকে আনন্দ দিতে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এমন আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। এ আয়োজন সফল করতে সহযোগিতা করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার ক্রীড়াপ্রেমী মানুষ। তাঁর উৎসাহ ও নির্দেশনায় স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
উত্তেজনাপূর্ণ এ ম্যাচটি শেষ পর্যন্ত গোল সমতায় শেষ হয়। খেলা শেষে দুই দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন মামুন শিকদার। পুরো ম্যাচজুড়ে তিনি দর্শকদের সঙ্গে মাঠে বসে খেলা উপভোগ করেন।
স্থানীয়রা মনে করছেন, মুরুব্বিদের অংশগ্রহণে এমন ব্যতিক্রমী ক্রীড়া আয়োজন শুধু বিনোদনেরই নয়, বরং সামাজিক সম্প্রীতি ও প্রজন্মের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিরও এক অনন্য উদাহরণ।
আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন