০২:০৯ পি.এম
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার বড় কাপন পয়েন্টে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস ও সিএনজি মালিক সমিতির দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে সিএনজিতে যাত্রী উঠানোর সময় বাস মালিক সমিতি ও সিএনজি মালিক সমিতির লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের এই ঘটনাটি ঘটে। এর ফলে সড়কে যানবাহন আটকে গিয়ে যানজটের সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয়দের তথ্যমতে, বড় কাপন পয়েন্টে তিন জন যাত্রী জাউয়া বাজারে যাওয়ার জন্য দক্ষিণ বড় কাপন গ্রামের সাদিক মিয়ার সিএনজি গাড়িতে ওঠেন। এ সময় একই পয়েন্টের বাস মালিক সমিতির ম্যানেজার, যিনি ওই গ্রামের বাসিন্দা ছাত্তার মিয়া, সিএনজি চালক সাদিক মিয়াকে যাত্রী ওঠাতে নিষেধ করেন। এ নিয়ে কথোপকথনের এক পর্যায়ে সাদিক মিয়া এবং তার বাবাকে মারপিট করা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুনামগঞ্জে নতুন কুঁড়ির ভার্চুয়াল উদ্বোধনে অংশ নিলেন নূরুল ইসলাম এমপি
বড় কাপন পয়েন্টের সিএনজি শ্রমিক সমিতির সভাপতি কপিল উদ্দিন জানান, যাত্রী ওঠানোর কারণে প্রথমে সাদিক মিয়াকে মারপিট করা হয়। পরে তার বাবাকেও মারধর করেন ছাত্তার মিয়া, তার ছেলে ও অন্যরা। সংঘর্ষের ফলে আমাদের পক্ষ থেকে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ছাত্তার মিয়ার লোকজন আমাদের ১৫ থেকে ২০টি সিএনজি গাড়ি ভাংচুর করেছে।
সুনামগঞ্জ-সিলেট সড়কের চারটি বাস মালিক সমিতির বড় কাপন পয়েন্টের ম্যানেজার ছাত্তার মিয়া পাল্টা অভিযোগ করে জানান, তাদের বাসের সিলেটের তিন জন যাত্রী সিনএজিতে ওঠিয়েছিল। এই বিষয়টি নিয়ে কথা কাটাকাটির জের ধরে মারামারি হয়েছে। আমাদের ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। আমরা কোন সিএনজি ভাংচুর করিনি। তারা নিজেদের দোষ ঢাকার জন্য আমাদের উপর দিচ্ছে।
এ প্রসঙ্গে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের বড় কাপন পয়েন্টে সিএনজিতে যাত্রী ওঠানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ১০ জন আহত হয়েছে এবং ৮ থেকে ১০টি সিএনজি গাড়ি ভাংচুর হয়েছে বলে জানা গেছে। কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মদনে বাছুরকে বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে প্রাণ গেল বৃদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন