ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

কয়েনের বদলে চকলেট, তৈরি হচ্ছে ‘সাপে-নেউলে’ সম্পর্ক


কয়েনের বদলে চকলেট, তৈরি হচ্ছে ‘সাপে-নেউলে’ সম্পর্ক

দোকানে পণ্য কেনার পর দাম মেটানোর পর ক্রেতার কাছে বাকি টাকা ফেরত পাওয়ার প্রত্যাশা থাকে। কিন্তু খুচরা কয়েনের অভাবের অজুহাতে ক্রেতাদের হাতে চকলেট তুলে দেওয়া হচ্ছে। ফার্মেসিতে ওষুধ কেনার সময় ভাংতি না পাওয়ার কারণে বাধ্য হয়ে ভিটামিন-সি ট্যাবলেট ‘সিভিট’ নিতে হচ্ছে।

এছাড়া, সব জায়গায় চকলেট বা সিভিটও পাওয়া যায় না, ফলে সাধারণ ক্রেতাদের পাওনা টাকা না পেয়ে খালি হাতে দোকান ছাড়তে হচ্ছে। এই ছোট অংকের লেনদেনে ক্রমাগত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। এর ফলে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বৈরিতা তৈরি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক দাবি করছে, দেশে এক ও পাঁচ টাকার কয়েনের কোনো ঘাটতি নেই; বাণিজ্যিক ব্যাংকগুলোতে পর্যাপ্ত মজুত রয়েছে। মূল সমস্যা হলো সুষম বণ্টনের অভাব, ব্যাংকের শাখাগুলোর সরবরাহে অনীহা এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে কয়েন নেওয়ার অনীহা। তবে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তার মতে, দুই টাকার কয়েনের কিছুটা সংকট রয়েছে।

আরও পড়ুন: ১৯ দিন ধরে জ্বলতে থাকা আগুন নেভাতে প্রস্তুত বাপেক্স, গ্যাসের সন্ধান হবে পরে

রাজধানীর একাধিক ব্যাংকে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, ভল্টে পর্যাপ্ত কয়েন মজুত থাকা সত্ত্বেও গ্রাহকদের তা দেওয়া হচ্ছে না। কোথাও কোথাও সরাসরি জানানো হচ্ছে কয়েন নেই।

সম্প্রতি গ্রাহক সেজে ডাচ-বাংলা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় গেলে ব্যাংক কর্মকর্তারা জানান, তাদের কাছে কোনো কয়েন নেই। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ওই শাখায় এক টাকার ৮০০টি, দুই টাকার ১৩ হাজার এবং পাঁচ টাকার ৪ হাজার ৮০০ কয়েন মজুত রয়েছে। কিন্তু কয়েন গোনার ঝামেলার কারণে সংশ্লিষ্টরা তা এড়িয়ে যাচ্ছেন।

ডাচ-বাংলা ব্যাংকের মুখপাত্র নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। পরে প্রধান কার্যালয়ে তার দপ্তরে গেলে তিনি এ বিষয়ে কোনো কথা না বলে অন্য কোনো শাখায় যোগাযোগের পরামর্শ দেন।

মতিঝিলের সোনালী ও রূপালী ব্যাংকের করপোরেট শাখায় একই চিত্র দেখা যায়। সোনালী ব্যাংকের লোকাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইয়েদা মনোয়ারা খাতুন বলেন, "আমাদের কাছে এখন কোনো কয়েন নেই, কোথা থেকে দেব? বাংলাদেশ ব্যাংক যখন আমাদের দেয়, তখন আমরা গ্রাহকদের দিই।"

আরও পড়ুন: ঢাকা থেকে চুরি হওয়া ২১ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা ভোলায় উদ্ধার

এদিকে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, দেশে এক ও পাঁচ টাকার পর্যাপ্ত কয়েন ও নোট রয়েছে, কেবল দুই টাকার কিছু ঘাটতি আছে। তিনি বলেন, "গ্রাহক বা দোকানদারদের মধ্যেও কয়েন নেওয়ার প্রবণতা কমে গেছে। ফলে কয়েনগুলো বাজারে স্বাভাবিকভাবে ঘুরছে না।"

রাজধানীর মুদি দোকান, ফার্মেসি ও চায়ের দোকানে এই সংকটের প্রভাব সবচেয়ে বেশি। মতিঝিলের চা বিক্রেতা নুরু মিয়া বলেন, "আমাদের কাছে পর্যাপ্ত ভাংতি থাকে না। ক্রেতারা বড় নোট দিলে বাকি টাকা ফেরত দেওয়ার মতো কয়েন পাওয়া যায় না। ব্যাংক থেকেও প্রয়োজনমতো খুচরা টাকা সংগ্রহ করা কঠিন।"

তার দাবি, অনেক সময় পণ্যের দাম এমনভাবে নির্ধারণ করা হয়, যাতে খুচরা ফেরত দেওয়ার প্রয়োজন পড়ে, আর ভাংতি না থাকায় বাধ্য হয়ে চকলেট ধরিয়ে দিতে হয়।

মানিকনগরের এক ফার্মেসির দোকানি তারেক বলেন, "কাস্টমারকে দুই বা পাঁচ টাকা ফেরত দেওয়ার মতো কয়েন বা খুচরা নোট থাকে না। বাধ্য হয়ে সিভিট দিতে হয়। ব্যাংকেও গেলে খুচরা টাকা দিতে চায় না।"

আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি সুইজারল্যান্ডের

মতিঝিলে রিকশাচালক হাবিব বলেন, "দোকানদারকে ১০ টাকা দিলে দুই টাকা ফেরত না দিয়ে চকলেট দেয়। এ বয়সে কি আমি চকলেট খাব? এ নিয়ে প্রায়ই দোকানদারদের সঙ্গে কথা কাটাকাটি হয়।"

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, কোনো গ্রাহক ব্যাংকে এসে কয়েন চাইলে ব্যাংক তা সরবরাহ করতে বাধ্য। একইভাবে কোনো গ্রাহক কয়েন জমা দিতে চাইলে তাও গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা স্পষ্ট করে বলেন, "গ্রাহক রিকশাচালক হোন কিংবা সাধারণ মানুষ—ব্যাংকে কয়েন চাওয়া বা জমা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের কোনো সুযোগ নেই। ব্যাংকে মজুত থাকা সত্ত্বেও গ্রাহককে তা দিতে অস্বীকার করা যাবে না।"

প্রসঙ্গত, গত ২০২৪ সালের ১৮ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে এক, দুই ও পাঁচ টাকার কয়েন নির্বিঘ্নে বিনিময়ের নির্দেশ দেয়। স্থানীয় ও ফিডিং শাখায় নির্দিষ্ট পরিমাণে কয়েন সংরক্ষণের কড়া নির্দেশও দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: সহকারী উপজেলা শিক্ষা অফিস অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক মাহফুজ

বাংলাদেশে নিজস্ব কারখানায় কয়েন উৎপাদন হয় না বিধায় এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, এক টাকার একটি কয়েন আমদানিতে তিন থেকে চার টাকা পর্যন্ত খরচ পড়ে। ২০১০ সালের পর থেকে দেশে নতুন কোনো কয়েন আমদানি হয়নি। দীর্ঘদিন নতুন সরবরাহ না থাকায় বাজারে থাকা কয়েনের একটি অংশ মানুষের ঘরে আটকে গেছে, আবার কিছু অংশ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, "একসময় ব্যাংকগুলো কয়েন জমা রাখতে চাইত না বলে উল্টো অভিযোগ ছিল। মানুষ বস্তায় বস্তায় কয়েন নিয়ে ব্যাংকে আসত। কিন্তু এখন কেন মানুষ কয়েন নিতে চাইছে না, তা বোধগম্য নয়।"

তিনি আরও বলেন, "কোনো কয়েন সরকারিভাবে নিষিদ্ধ না হলে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর সুযোগ নেই। ব্যাংকে মজুত থাকা সত্ত্বেও গ্রাহককে না দিলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ঢাকাকে বাসযোগ্য করতে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত নাগরিকের যুক্ত করার পরিকল্পনা: শাহে আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীরা আগের চেয়ে অধিক স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন: ব্যারিস্টার খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


ব্যবসায়ীরা আগের চেয়ে অধিক স্বাচ্ছন্দ্যে ব্যবসা করছেন: ব্যারিস্টার খোকন

ব্যবসায়ীরা বর্তমানে আগের তুলনায় অধিক স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করছেন এবং লাভবান হচ্ছেন, এমন মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

তিনি উল্লেখ করেন, "বিএনপি সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়।" দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

শনিবার (১৪ নভেম্বর) বেলা দুইটায় গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকায় ‘প্রজাপতি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন পিন্টু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী এ জি মাহফুজুর রহমান মানু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক এবং টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন এই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারটি স্থানীয় বাসিন্দাদের খাবারের চাহিদা পূরণের পাশাপাশি বিভিন্ন সামাজিক, পারিবারিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কেন্দ্র হিসেবে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বি রেডি’ ক্যাম্পেইনে ব্রিটেনে টিনজাত খাবার ও রেডিও কিনতে উপচে পড়া ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


‘বি রেডি’ ক্যাম্পেইনে ব্রিটেনে টিনজাত খাবার ও রেডিও কিনতে উপচে পড়া ভিড়

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে নিজেদের প্রস্তুত রাখতে যুক্তরাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত নাগরিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বি রেডি’ (Be Ready)। এই ক্যাম্পেইনের আওতায় ইংল্যান্ড ও ওয়েলসের সাধারণ জনগণ সুপারমার্কেটগুলোতে টিনজাত খাবার, হ্যান্ড-ক্র্যাঙ্ক রেডিও (হাতে ঘোরানো রেডিও), টর্চলাইট এবং পাওয়ার ব্যাংক কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। তবে প্রশ্ন উঠেছে—এই প্রস্তুতি কি শুধুমাত্র আতঙ্কের ফল, নাকি এটি সময়ের বাস্তব প্রয়োজন?

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও এই ক্যাম্পেইনের অন্যতম মুখপাত্র ওয়েস স্ট্রিটিং (Wes Streeting) জানিয়েছেন, সরকারের মূল উদ্দেশ্য হলো জনগণকে আতঙ্কিত না করে বরং সতর্ক ও প্রস্তুত রাখা। ইউরোপীয় কমিশনের ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’-এর আদলে এবং সুইডেন, ফিনল্যান্ড ও পোল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোর সংকটকালীন প্রস্তুতির অনুকরণে যুক্তরাজ্যে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা একা নিজেদের চালিয়ে নেওয়ার সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে।

এই ক্যাম্পেইনের প্রভাবে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সুপারমার্কেট চেইন ‘আইসল্যান্ড’ জানায়, ক্যাম্পেইনের প্রথম সপ্তাহান্তেই তাদের টিনজাত পণ্যের বিক্রি প্রায় ৪০ শতাংশ বেড়ে গেছে। এছাড়া টুনা মাছ, মাংস এবং সবজির টিনের চাহিদা এক লাফে অনেকখানি বৃদ্ধি পেয়েছে।

তবে এই উদ্যোগের সমালোচনাও কম নয়। প্রায় ১৮০ জনেরও বেশি বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান এবং কমিউনিটি ফুড লিডার একটি খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন যে, ব্রিটিশ জনগণের প্রায় ২৯ শতাংশের পক্ষেই তিন দিনের খাবার মজুত করার সামর্থ্য নেই। তারা সাধারণ মানুষের ব্যক্তিগত প্রস্তুতির ওপর সম্পূর্ণ নির্ভর না করে বরং জাতীয়, আঞ্চলিক ও কমিউনিটি পর্যায়ে খাদ্য মজুত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরের বাদেরটেকে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

‎নিজস্ব প্রতিবেদক, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


বিশ্বম্ভরপুরের বাদেরটেকে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাদেরটেক গ্রামে উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মেধাবিকাশ আদর্শ কিন্ডারগার্টেন’-এর আয়োজনে স্থানীয় স্কুলের পার্শ্ববর্তী মাঠে এই সভায় এলাকার নারী-পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‎মো. রজব আলী মাষ্টারের সঞ্চালনায় এবং ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. শওকত। প্রধান অতিথির বক্তব্যে মোহন মিয়া বাচ্চু বলেন, বাদেরটেক একটি সর্ববৃহৎ ও জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও উচ্চ বিদ্যালয় না থাকায় এবং যাতায়াত সমস্যার কারণে এখানকার অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ছে। এলাকার শিক্ষার আলো ছড়াতে এখানে দ্রুত একটি পাবলিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা জরুরি।
‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিজুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মো. জামাল ভাণ্ডারী, আব্দুল মান্নান, মো. আছমদ মিয়া, মো. বসীর উদ্দিন, মো. শাহীনূর, রনজিত তালুকদার, রাজিব মিয়া এবং বিদ্যালয় পরিষদের পক্ষে আবদুস সালাম।
‎সভায় জমিদাতা আব্দুর রহমান-এর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিদ্যালয় প্রতিষ্ঠায় জমি দানের ঘোষণা দেন, যা উপস্থিত সবাই সাধুবাদ জানান।
‎বক্তারা এলাকার শিক্ষা সংকট নিরসনে দ্রুত বাদেরটেক গ্রামে একটি সরকারি উচ্চ বিদ্যালয় স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব: আমান উল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। এ কারণে, শিক্ষা ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে এক লক্ষ ৩৬ হাজার কোটি টাকার সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে শিক্ষাক্ষেত্রে এ ধরনের বরাদ্দ দেওয়ার কোনো নজির পূর্বে দেখা যায়নি। এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকেরা এখন শতভাগ বেতন ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের আদলে প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক প্রদান করছেন এবং তাদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করছেন। এই উদ্যোগের ফলে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি করবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া খেলোয়াড়দের সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও উল্লেখ করেন, যে আস্থা নিয়ে দেশের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভোট দিয়ে ছিলেন, তিনি আজ সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও ধর্মীয় পুরোহিতদের সম্মানী ভাতা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবকদের খেলাধুলার জন্য সারাদেশে মাঠের ব্যবস্থা করা হচ্ছে।

আমান বলেন, কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে তিনি ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ফ্যাসিস্টদের আমলে তারা পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপজেলায় ডেকে তাদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে। তবে একমাত্র হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নাম পরিবর্তন করতে পারেনি। গত ১৭ বছরে এই কলেজের কোনো উন্নয়নই ফ্যাসিস্টরা করেনি। ভবিষ্যতে এই কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত হবে ইনশাল্লাহ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের প্রতিষ্ঠাতা কালীন অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, বর্তমান অধ্যক্ষ তালুকদার মোঃ নুরুল আলম, মোঃ খোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহারসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%