ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব: আমান উল্লাহ আমান


বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব: আমান উল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন যে, বিএনপি সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব সরকার। এ কারণে, শিক্ষা ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে এবারের বাজেটে এক লক্ষ ৩৬ হাজার কোটি টাকার সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে শিক্ষাক্ষেত্রে এ ধরনের বরাদ্দ দেওয়ার কোনো নজির পূর্বে দেখা যায়নি। এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকেরা এখন শতভাগ বেতন ভাতা পাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের আদলে প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক প্রদান করছেন এবং তাদের জন্য মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করছেন। এই উদ্যোগের ফলে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতি করবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের হযরতপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া খেলোয়াড়দের সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও উল্লেখ করেন, যে আস্থা নিয়ে দেশের জনগণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভোট দিয়ে ছিলেন, তিনি আজ সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও ধর্মীয় পুরোহিতদের সম্মানী ভাতা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুবকদের খেলাধুলার জন্য সারাদেশে মাঠের ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার

আমান বলেন, কেরানীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে তিনি ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু ফ্যাসিস্টদের আমলে তারা পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উপজেলায় ডেকে তাদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে। তবে একমাত্র হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের নাম পরিবর্তন করতে পারেনি। গত ১৭ বছরে এই কলেজের কোনো উন্নয়নই ফ্যাসিস্টরা করেনি। ভবিষ্যতে এই কলেজটি বিশ্ববিদ্যালয় কলেজে পরিণত হবে ইনশাল্লাহ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক। এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজের প্রতিষ্ঠাতা কালীন অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, বর্তমান অধ্যক্ষ তালুকদার মোঃ নুরুল আলম, মোঃ খোরশেদ আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহারসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ শিক্ষক পদ শূন্য, পাঠদান ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ শিক্ষক পদ শূন্য, পাঠদান ব্যাহত

শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এমপিওভুক্ত ৩৩টি বিদ্যালয়ে, যেখানে শিক্ষক সংকটের প্রভাব শিক্ষার্থীদের ফলাফলে পড়ছে। শিক্ষক না থাকার কারণে শিক্ষার্থীদের ক্লাস সঠিকভাবে নেওয়া সম্ভব হচ্ছে না। পটুয়াখালীর কলাপাড়ায় ৩২টি এমপিও ভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে ১০৮টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। বিশেষ করে ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে। এর ফলে শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে।

দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকলেও কার্যকর উদ্যোগ না নেওয়ার কারণে সংকট আরো বাড়ছে। একজন শিক্ষককে একাধিক শ্রেণি ও বিষয়ের ক্লাস নিতে বাধ্য হতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত ক্লাস না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থী কোচিং সেন্টার ও ইউটিউবের পাঠের ওপর নির্ভর করছে। এ নিয়ে অভিভাবকদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১০৮ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে।

সরেজমিনে জানা গেছে, শিক্ষক সংকটের কারণে অনেক শিক্ষককে সপ্তাহে ২৫ থেকে ২৭টি ক্লাস নিতে হচ্ছে, অথচ সাধারণত তাঁদের ১৫ থেকে ১৭টি ক্লাস নেওয়ার কথা। বিদ্যালয়ে শূন্য পদে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া হলে শিক্ষক সংকট নিরসন সম্ভব হবে। এর প্রভাব শিক্ষার মান ও পরীক্ষার ফলাফলে পড়ছে।

সম্প্রতি এলাকার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে জানা গেছে, বিদ্যালয় ভিত্তিক তথ্যে দেখা গেছে, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা ও ইংরেজি বিষয়ে দুটি এবং সামাজিক বিজ্ঞানে তিনটি পদসহ জেনারেল ইলেকট্রিক্যাল বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে।

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও সহকারী প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। হাজী আবদুস সোবহান শিকদার মডেল একাডেমিতে আইসিটি এবং চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, সমাজবিজ্ঞান, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে শিক্ষক সংকট বিদ্যমান। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি, শরীরচর্চা, চারু ও কারুকলা এবং সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। মধ্যটিয়াখালী এ কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।

লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক এবং ল্যাব অপারেটরের পদ শূন্য রয়েছে। উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই। পূর্ব মধুখালী মাধ্যমিক বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। লালুয়া এস কে জে বি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। তোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়েও পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট বিদ্যমান।

পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সমাজবিজ্ঞান, বাংলা, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য রয়েছে। মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।

পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। মহিপুর কে-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষক সংকট বিদ্যমান। মুসল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি, সহকারী প্রধান শিক্ষক, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক নেই।

আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়ে আইসিটি, বিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়ে রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট বিদ্যমান। ধানখালী এস এইচ অ্যান্ড আশরাফ একাডেমিতে পদার্থবিজ্ঞান, রসায়ন ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক নেই।

ধানখালী গাজী এ মান্নান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গণিত, ভৌতবিজ্ঞান, আইসিটি ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট রয়েছে। শিশু পল্লী একাডেমিতে আইসিটি ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। তুলাতুলি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সংকট বিদ্যমান।

ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। চরচাপলি ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য রয়েছে। হাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক নেই। ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান ও চারু ও কারুকলা বিষয়ের পদ শূন্য রয়েছে।

শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। একজন শিক্ষককে একাধিক দায়িত্ব পালন করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীদের যথাযথ পাঠদান নিশ্চিত করা যাচ্ছে না। বিভিন্ন বিদ্যালয়ে অভিভাবকরা বলেন, বিদ্যালয়ে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেওয়া উচিত। শিক্ষক সংকট নিরসনের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে আসছি। এ বিষয়ে সরকারের গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান জানান, ইতোমধ্যে শিক্ষক নিবন্ধনের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অষ্টম নিবন্ধনের জন্য শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে এসব পদে শিক্ষক পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে হায়দার আলী হত্যা: ১২ দিনের মাথায় দুই আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

(নওগাঁ) প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


বদলগাছীতে হায়দার আলী হত্যা: ১২ দিনের মাথায় দুই আসামি গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে হায়দার আলী হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ দিন পর গত ১২ নভেম্বর দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মো. সামসুদ্দিন (৪১) ও সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মো. সোহেল রানা (৪২)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বারাতৈল গ্রামে নিজ বাড়ি থেকে সামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য ও সহযোগিতায় রাত পৌনে দুইটার দিকে দাউদপুর গ্রামে নিজ বাড়ি থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের থানায় নিয়ে মামলার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর উপজেলার পাহাড়পুর বাজারের তিন রাস্তার মোড় থেকে হায়দার আলীকে জোরপূর্বক অটোভ্যানে তুলে নিয়ে দফায় দফায় মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত হায়দার আলী জয়পুরহাট সদর উপজেলার দেওনাহার গ্রামের মৃত কহির মণ্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে ২ নভেম্বর বদলগাছী থানায় হত্যা মামলা করেন। মামলার নম্বর ০৬।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে পাহাড়পুর বাজার থেকে হায়দার আলীকে তুলে নিয়ে বিভিন্ন স্থানে মারধর করা হয়। স্থানীয়দের দাবি, তাঁকে মথুরাপুর ইউনিয়নের রামপুর স্কুল এলাকায় নেওয়ার পর বদলগাছী সদর ও থানা-সংলগ্ন এলাকায়ও নির্যাতন করা হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এর আগে এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নিহতের স্বজনরা অভিযোগ করেছিলেন, তাঁরা ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র ও সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় পুলিশকে জানালেও দীর্ঘ সময়েও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশেষ করে হায়দার আলীকে হাসপাতালে নেওয়ার সময় ভ্যানচালক হিসেবে উপস্থিত সামসুদ্দিন ও তাঁর ছেলে সৌমিক বাবুর ভূমিকা তদন্তের দাবি জানিয়েছিলেন তাঁরা।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, হায়দার আলী হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সামসুদ্দিন ও সোহেল রানাকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা কী উদ্দেশ্যে হায়দার আলীকে তুলে নিয়ে নির্যাতন করেছিল এবং ঘটনায় আর কারা জড়িত, তা উদ্ঘাটনের দাবি এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

বুলবুল আহম্মেদ বুলু
নওগাঁ জেলা প্রতিনিধি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের সুলভ মূল্যে চাল সরবরাহের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকার সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন।

আফরোজা খানম রিতা বলেন, গার্মেন্টস শ্রমিকেরা যাতে কম দামে চাল কিনতে পারেন, সেই উদ্দেশ্যে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এই কর্মসূচি চলমান থাকবে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, সরকার এই সেতু নির্মাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে সেতুর সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা রাখার বিষয়েও সরকারের পরিকল্পনা ও উদ্যোগ রয়েছে।

কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি বলেন, কৃষকেরা যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সেই বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং ঢাকা-২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দীন।

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। শনিবার সকালে সে মাদ্রাসায় যায়। ছুটির পর বাড়ি ফিরে মায়ের কাছে শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে শিক্ষক সাইফুলকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে মারধর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%