০৬:১০ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, রাজধানী ঢাকাকে বাসযোগ্য করে তোলার লক্ষ্যে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত নাগরিককে ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
তিনি শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী উল্লেখ করেছেন, সরকার ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা প্রকল্পের আওতায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজধানীজুড়ে ২০টি কমিটি গঠন করা হয়েছে, যেখানে বিভিন্ন দফতরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
আরও পড়ুন: জাবিসাস-এর নতুন উপদেষ্টা অধ্যাপক মো. শফিকুল ইসলাম
শাহে আলম জানান, কমিটি গঠন করার পর থেকে বেশ কিছু আপডেট এসেছে। কমিটি ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেছে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ৩৯ হাজার অবসরপ্রাপ্ত সিনিয়ার সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে, কারণ তারা অভিজ্ঞতাসম্পন্ন।
এছাড়া, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে একটি আলাদা উইং গঠন করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না থাকলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে। তিনি বলেন, "আমরা বলতে চাই না যে, ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানাব। আমরা বলতে চাই, সরকার ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে।"
আরও পড়ুন: সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ করেছেন ডা. জুবাইদা রহমান
তিনি জনগণকে সরকারের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, "সবার সম্মিলিত সহযোগিতায়ই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গড়ে তোলা সম্ভব।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন