০৫:১২ পি.এম
পিরোজপুরের জিয়ানগরে গৃহবধূর পরকীয়ার জেরে শাশুড়ীকে হত্যার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকার জামাল কাজীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী কামাল পঞ্চায়েত (৫৫) জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
উল্লেখ্য, গত (২৮ মে) জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামের রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী নমিতা রানী পালকে পুত্রবধূ বন্যা রানী পাল ও তার পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় পরদিন ২৯ মে নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র জিয়ানগরের ইন্দুরকানী থানায় বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এ সময় ওই গৃহবধূ বন্যা রানী (৩২) ও তার মামা তাপস দেবনাথকে (৪৪) গ্রেপ্তার করে।
পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বন্যা রানী ও কামাল পঞ্চায়েতের মধ্যে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক থাকায় শাশুড়ি প্রায় সময় বাধা দিত। ঘটনার দিন অন্তরঙ্গ অবস্থায় তাদের দেখে ফেলায় অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী কামাল পঞ্চায়েত গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন এবং বার বার স্থান পরিবর্তন করছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে থাকায় তার শেষ রক্ষা হয়নি। রোববার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সদস্যরা ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানু এলাকায় অভিযান চালিয়ে সেখানে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহব্বত খান বলেন, রাত ৯টার দিকে ভাণ্ডারিয়া উপজেলা থেকে হত্যা মামলার প্রধান আসামি কামালকে র্যাব-৮ সদস্যরা গ্রেফতার করেছেন। পরে গ্রেফতারকৃত আসামীকে ইন্দুরকানী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে আসামী কামালকে হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন