ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হামের টিকা নিয়ে গাফিলতি রয়েছে, তদন্তের প্রয়োজন নেই


হামের টিকা নিয়ে গাফিলতি রয়েছে, তদন্তের প্রয়োজন নেই

অন্তর্বর্তী সরকারের গাফিলতির জন্যই হামের টিকা দেওয়া যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি আরও বলেছেন, “এটি জানার জন্য আলাদা করে তদন্ত করার প্রয়োজন নেই।” কীভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে তা সরকারের চিন্তার বিষয়।

রোববার (২১ জুন) সচিবালয়ে সকালের দিকে ইউরোপ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, “এখানে তদন্তের কী আছে। অপারেশনাল প্ল্যান বাদ দিয়ে এটাকে ডিপিপিতে মাইগ্রেট করা হয়েছে।” তিনি ব্যাখ্যা করেন, তখন হয়তো ধারণা করা হয়েছিল, ডিপিপিগুলোকে এপ্রুভ করার জন্য এক মাস দেড় মাসের মধ্যে তারা এপ্রুভ করতে পারবে এবং টাকা এভেলেবল হবে। কিন্তু বাস্তব চিত্র হলো, এক বছরেও অনেক ডিপিপি আপনার প্রিপারেশন সম্ভব হয়নি। এর ফলে, স্বাভাবিক ফান্ড ফ্লো ওপির মাধ্যমে হচ্ছিল, সেইটা বন্ধ হয়ে যায় এবং এই ঘাটতি, এই ঘাটতির বোঝা তো আমরা জাতি হিসেবে এখনও বহন করছি।

আরও পড়ুন: পুলিশের ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে

তিনি আরও বলেন, “আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জায়গাতে স্টক আউট, সেগুলো আমরা কীভাবে দ্রুত সময়ের মধ্যে ক্রয় করতে পারি, সেগুলো নিয়ে মন্ত্রীসহ সবাই কাজ করছে।” তিনি উল্লেখ করেন যে, “এই যে আজ আমি কথা বলছি, মন্ত্রী আপনার কোপেনহেগেন, ডেনমার্কের ইউনিসেফের যে সাপ্লাই ডিভিশনের হেডকোয়ার্টার সেখানে যাচ্ছেন তাদের সঙ্গে আলাপ করার জন্য; যাতে করে আমাদের অন্যান্য যে এসেনশিয়াল প্রোডাক্ট, সেগুলোও দ্রুত কেনা যায় এবং ঘাটতি পূরণ করা যায়—এজন্য আমরা দিন-রাত পরিশ্রম করছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


রাজবাড়ীতে নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোছা. মিরা বেগমের ওপর হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ আল-আমীন শেখ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে। এতে আগে রবিবার (২১ জুন) সকালে রাজবাড়ী থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরিচয় জানা গেছে, তিনি মো. সোনামদ্দিন শেখ সোনাইয়ের ছেলে, গোয়ালন্দ মোড়ের আহলাদীপুর গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার অনুযায়ী, মিরা বেগম শহীদ ওহাবপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে গঠিত সংরক্ষিত আসনের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম ও গণসংযোগ করে আসছিলেন। এ কারণেই স্থানীয় আল-আমীন শেখ তার প্রতি ক্ষুব্ধ ছিলেন।

এজাহারে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে গত ২০ জুন রাত সাড়ে ৯টার দিকে মিরা বেগম যখন গোয়ালন্দ মোড় কাঁচাবাজার থেকে বাড়ি ফিরছিলেন, তখন শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড় হাজী মার্কেটের শামসুর পানের দোকানের সামনে পৌঁছালে আল-আমীন শেখ সুযোগ বুঝে তাকে হামলা করেন। রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মিরা বেগমকে গুরুতর আহত করেন। হামলার এক পর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলে আল-আমীন তার ভ্যানিটি ব্যাগে থাকা তিন হাজার টাকা ছিনিয়ে নেন।

এ সময় মিরা বেগমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানিয়েছেন, ‘আল-আমীন শেখকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


কুড়িগ্রামে দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

কুড়িগ্রামের দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানির উচ্চতা বৃদ্ধি অব্যাহত রয়েছে, যা উজান থেকে আসা ঢল ও বৃষ্টিপাতের কারণে হচ্ছে। তবে এখনও জেলার সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে এবং বিভিন্ন এলাকায় নদীভাঙনও দেখা দিয়েছে। রবিবার (২১ জুন) পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি ২৪ দশমিক ৭০ মিটারে স্থিতিশীল রয়েছে, যা বিপৎসীমার ১ দশমিক ৯৮ মিটার নিচে অবস্থান করছে। তালুকশিমুলবাড়ী পয়েন্টে পানি কিছুটা হ্রাস পেয়ে ২৯ দশমিক ৬৮ মিটারে গিয়ে পৌঁছেছে, যা বিপৎসীমার ১ দশমিক ১৯ মিটার নিচে অবস্থান করছে।

দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টে পানি বেড়ে ২৮ দশমিক ৬১ মিটারে পৌঁছেছে, যা বিপৎসীমার ৯৯ সেন্টিমিটার নিচে রয়েছে। ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া ও চিলমারী পয়েন্টে পানির উচ্চতা যথাক্রমে ২৩ দশমিক ৮২ মিটার ও ২১ দশমিক ৪৬ মিটার রেকর্ড করা হয়েছে। উভয় পয়েন্টেই পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, জেলার বিভিন্ন স্থানে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার কুড়িগ্রাম পয়েন্টে ৩০ মিলিমিটার, পাটেশ্বরীতে ২৫ মিলিমিটার এবং কাউনিয়ায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

পানি বৃদ্ধির কারণে জেলায় প্রায় ৩৫টি স্থানে নদীভাঙন ঘটেছে। এর মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগ ফেলে নদীভাঙন প্রতিরোধের চেষ্টা চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে। নদীর পানি বাড়তে শুরু করায় নিম্নাঞ্চলের কৃষিজমিতেও প্রভাব পড়তে শুরু করেছে। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের বুড়িরবাধ এলাকার কৃষক আনোয়ার হোসেন জানিয়েছেন, তিস্তার পানি বৃদ্ধির কারণে তার বাদামক্ষেত তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে ক্ষতির হাত থেকে বাঁচতে তাকে অপরিপক্ব বাদাম তুলতে বাধ্য হতে হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, আগামী ৭২ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি আরো বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কাও রয়েছে।

জেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারির প্রতিশ্রুতি দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে

জাতীয় সংসদে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিসিএস পরীক্ষার ভাইভা বা মৌখিক পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি জানানো হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বিসিএস পরীক্ষার ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে ভাইভার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে।

রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ১১তম দিনে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১১ ডিসেম্বরে প্রকাশিত একটি বিশেষ প্রজ্ঞাপনের (এস.আর.ও. নং ৪১২-আই/২০২৪) মাধ্যমে এই নিয়ম কার্যকর করা হয়েছে।

এই প্রজ্ঞাপনের বিধি ১৮-এর উপ-বিধি (১)-এর টেবিল অনুযায়ী ভাইভার এই নম্বর পরিমার্জন করা হয়। চলমান ৪৭তম বিসিএস থেকেই ১০০ নম্বরের এই নতুন নিয়মে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। মন্ত্রী আরও জানিয়েছেন, বিশেষ বিসিএস হিসেবে পরিচিত ৪৮তম ও ৪৯তম বিসিএসেও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।

এটি মূলত ২০২৫ সালের ২৭ মে প্রকাশিত সংশোধিত বিধিমালা ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’-এর বিশেষ বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছিল। আসন্ন ৫০তম বিসিএস এবং এর পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বিসিএস পরীক্ষা আরও স্বচ্ছ, গতিশীল ও বৈষম্যহীন হবে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বলিভিয়ায় তীব্র বিক্ষোভের মুখে জরুরি অবস্থা ঘোষণা, সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


বলিভিয়ায় তীব্র বিক্ষোভের মুখে জরুরি অবস্থা ঘোষণা, সেনা মোতায়েন

বলিভিয়ায় টানা ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকা সরকারবিরোধী বিক্ষোভ ও রাস্তা অবরোধের প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন বিক্ষোভকারীরা।

শনিবার (২০ জুন) টেলিভিশনে দেওয়া এক ভাষণে, প্রেসিডেন্ট রদ্রিগো পাজ জানান যে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার সব পথ শেষ হয়ে যাওয়ার পর তিনি দেশের সব স্থানে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছেন।

এই সময়ের মধ্যে, গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে লাতিন আমেরিকার এই দেশটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, প্রেসিডেন্ট রদ্রিগো পাজ একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সমর্থিত এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে গত মে মাসের প্রথম দিকে দেশজুড়ে আন্দোলন শুরু করে দেশের প্রধান ট্রেড ইউনিয়ন ফেডারেশন ‘বলিভিয়ান ওয়ার্কার্স সেন্ট্রাল’ (সিওবি)।

দীর্ঘদিনের অচলাবস্থার পর, সরকার প্রধান শুক্রবার (১৯ জুন) শ্রমিক ইউনিয়ন সিওবি-র সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে সাক্ষর করেন। এই চুক্তির শর্ত অনুযায়ী, সরকার কোনো সরকারি প্রতিষ্ঠান বেসরকারীকরণের প্রতিশ্রুতি দেয়নি। এরপর সিওবি-র পক্ষ থেকে দেশব্যাপী আন্দোলন বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই চুক্তিতে সকল খাতের শ্রমিকরা সন্তুষ্ট ছিলেন না।

সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ইভো মোরালেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত চাপারে অঞ্চলের শ্রমিক গোষ্ঠী ও কোকা চাষিরা এই চুক্তিকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে দেখছেন। তারা চুক্তি অমান্য করেই রাস্তা অবরোধ ও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে দেশের প্রায় ৫০টি স্থানে অবরোধ বজায় রয়েছে।

দীর্ঘ দেড় মাস ধরে চলতে থাকা এই আন্দোলনের কারণে বলিভিয়ার রাজধানী লা পাজসহ অন্যান্য প্রধান শহরগুলোতে জ্বালানি, খাদ্য এবং জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য, প্রেসিডেন্ট রদ্রিগো পাজ পুলিশ ও সশস্ত্র বাহিনীকে রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা এখনো অবরোধ ধরে রেখেছে বা সহিংসতা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মাত্র সাত মাস আগে মধ্য-ডানপন্থী নেতা রদ্রিগো পাজ বলিভিয়ার ক্ষমতায় প্রবেশ করেন। তার এই জয় দেশের ২০ বছরের সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটিয়েছিল। তবে ক্ষমতা গ্রহণের পরপরই শ্রমিক, কৃষক, খনি শ্রমিক ও শিক্ষকরা তার অর্থনৈতিক সংস্কারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। প্রেসিডেন্টের দাবি, মাদক-সন্ত্রাসী ও আত্মগোপনে থাকা সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের হাত রয়েছে এই বিক্ষোভের পেছনে। সূত্র: আল-আরাবিয়া, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%