০৯:৫৫ পি.এম
পাকিস্তানের ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনীর ফলে দেশের বিচার বিভাগের স্বাধীনতা কার্যত ক্ষুণ্ণ হয়েছে। এর ফলে বিচার বিভাগ এখন রাজনৈতিক শাখা ও নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে এসেছে। সরকারের কার্যক্রমের ওপর নজরদারি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রতিকার পাওয়ার ক্ষেত্রে বিচার বিভাগের সক্ষমতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। খবর আইসিজে
আন্তর্জাতিক কমিশন অব জুরিস্টসের (আইসিজে) একটি প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত ‘জুডিশিয়াল ক্যাপচার : ইনডিপেনডেন্স অব দ্য জুডিশিয়ারি ইন পাকিস্তান আফটার দ্য ২৬থ অ্যান্ড ২৭থ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক সাংবিধানিক ও আইনগত পরিবর্তনের ফলে পাকিস্তানের উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট এবং ফেডারেল সাংবিধানিক আদালতের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: সিরিয়ায় আইএসে যোগ দেওয়ার অভিযোগে ফ্রান্সে তিন নারীর কারাদণ্ড
আইসিজের মহাসচিব সান্তিয়াগো ক্যান্টন মন্তব্য করেছেন, ২৬তম ও ২৭তম সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলোকে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। বিচার বিভাগ যদি নিয়ন্ত্রণে চলে যায়, তবে সরকারকে জবাবদিহির আওতায় রাখার মতো কার্যকর প্রতিষ্ঠান আর থাকে না। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরাও প্রতিকার পাওয়ার সুযোগ হারান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংশোধনী দুটি বাস্তবায়নের সম্মিলিত প্রভাবে পাকিস্তানের সর্বোচ্চ আদালতগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (আইসিসিপিআর) এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত জাতিসংঘের মৌলিক নীতিমালার নির্ধারিত মানদণ্ড পূরণ করতে পারছে না।
আইসিজের মতে, পাকিস্তানে গণতন্ত্রের পশ্চাৎযাত্রা এবং মানবাধিকার সুরক্ষার অবনতির পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতাও দ্রুত ক্ষয় হচ্ছে। এতে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের কার্যকর আইনি প্রতিকার পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে বিচারক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে। তবে আদালতের ক্ষমতার অপব্যবহারের অভিযোগকে কাজে লাগিয়ে সরকার বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছে সংস্থাটি।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের সবচেয়ে বড় হুমকি: আইইএ
এ পরিস্থিতি থেকে উত্তরণে ২৬তম ও ২৭তম সংশোধনীর আন্তর্জাতিক আইন ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী ধারাগুলো সংশোধন অথবা বাতিলের সুপারিশ করেছে আইসিজে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন