বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:১৭ পি.এম
বিশ্বের তিনটি প্রধান পারমাণবিক শক্তিধর দেশ—চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতাদের মধ্যে ইতিহাসের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে এই ঐতিহাসিক বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিন দেশের মিত্রতার কথা স্মরণ করে সংঘাত এড়িয়ে সহযোগিতার আহ্বান জানান। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি সামনে আনেন। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে পুতিন যোগ দিলে এই তিন নেতার মধ্যে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রতা ও শান্তির বার্তা
বৈঠকটিকে ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ উল্লেখ করে সি চিন পিং ৮০ বছরেরও বেশি সময় আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই তিন দেশের ‘কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই’ করার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ‘ইতিহাস আমাদের বলে, যখন বড় দেশগুলো মিলেমিশে থাকে, তখন বিশ্ব শান্তি উপভোগ করে; আর যখন বড় দেশগুলো সংঘাতে জড়ায়, তখন বিশ্ব অস্থিরতায় পতিত হয়।’
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্যমতে, সি চিন পিং বলেন, বিশ্বের প্রধান শক্তি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের উচিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করা এবং যৌথভাবে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। তিনি আরও বলেন, ‘বড় দেশগুলোর মধ্যে ইতিবাচক যোগাযোগ কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি বাধ্যতামূলক দায়িত্ব।’
পারমাণবিক অস্ত্র হ্রাসে ট্রাম্পের জোর
বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টিতে গুরুত্ব দেন। তিনি বলেন, ‘বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্রের ঝুঁকি হ্রাসের বিষয়ে আলোচনা করার জন্য এক অনন্য অবস্থানে রয়েছে।’
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চীনের কাছে আনুমানিক ৬২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। সংস্থাটি জানিয়েছে, বেইজিং বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে তাদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে। এর বিপরীতে, যুক্তরাষ্ট্রের মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা ৫ হাজার ৪২টি (যার মধ্যে ৩ হাজার ৭০০টি সামরিক মজুতে রয়েছে) এবং রাশিয়ার মোট ওয়ারহেডের সংখ্যা ৫ হাজার ৪২০টি (যার মধ্যে ৪ হাজার ৪০০টি সামরিক মজুতে রয়েছে)।
দ্বিপক্ষীয় বৈঠক ও নেপথ্যের প্রেক্ষাপট
ত্রিপক্ষীয় এই শীর্ষ বৈঠকের আগে সি চিন পিং পৃথকভাবে পুতিন ও ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বুধবার পুতিনের সঙ্গে বৈঠকে সি দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে বলেন, ‘ঝড়-বৃষ্টির মধ্যেও চীন-রাশিয়া সম্পর্ক পাহাড়ের মতো অটল রয়েছে।’ অন্যদিকে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে সি চিন পিং দুই দেশের মধ্যে ‘গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতা’ গড়ে তোলার ওপর জোর দেন এবং তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান।
চীন সফরের আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি এই বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরান যুদ্ধ নিয়ে আলোচনা করতে চান। তবে বেইজিং দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দেওয়ার চাপ প্রত্যাখ্যান করে আসছে। চীনের যুক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিশাল ভান্ডারের তুলনায় তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা অনেক কম। উল্লেখ্য, বিশ্বের মোট মজুতকৃত পারমাণবিক ওয়ারহেডের প্রায় ৮৩ শতাংশই রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের দখলে।
এদিকে, পশ্চিমা গণমাধ্যমগুলো এই শীর্ষ বৈঠককে ১৯৪৫ সালের ‘ইয়াল্টা সম্মেলনের’ সঙ্গে তুলনা করে ‘ইয়াল্টা ২.০’ হিসেবে অভিহিত করলেও চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম এর তীব্র বিরোধিতা করেছে। বেইজিং জানিয়েছে, তারা ‘বৃহৎ শক্তিগুলোর যৌথ শাসনের’ বিরোধী, বরং প্রধান দেশগুলোর মধ্যে বৃহত্তর সমন্বয় ও সহযোগিতার পক্ষে। ইউক্রেন যুদ্ধ এবং গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে জ্বালানি ও তেলের সরবরাহে বড় ধরনের অস্থিরতার প্রেক্ষাপটে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সূত্র: সিনহুয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন মাইলফলক অর্জিত হয়েছে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে। প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে কেন্দ্রটির প্রথম ইউনিট, যা জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সমন্বয় করা হয়েছে। এই সময়ের মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহকৃত বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা।
এই সাফল্য শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের পরিসংখ্যান নয়; এটি বাংলাদেশের জ্বালানি ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে। আধুনিক পারমাণবিক প্রযুক্তির বাস্তব প্রয়োগের পাশাপাশি দেশের নিজস্ব কর্মকর্তা, প্রকৌশলী ও পরিচালনাকারীদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণও পাওয়া গেছে। রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে তাঁরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় নতুন অভিজ্ঞতা অর্জন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আরশাদ মোমেন এই অর্জনকে স্বাগত জানিয়ে বলেন, “রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিনের অপেক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর এই সাফল্য বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় আধুনিক পারমাণবিক প্রযুক্তি, নতুন সক্ষমতা ও অভিজ্ঞতা যুক্ত করেছে।
তিনি আরও বলেন, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। এতে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং কমার পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন বাড়বে এবং গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর চাপ কমবে।
দেশের অর্থনৈতিক বাস্তবতা ও ভবিষ্যতের জ্বালানি চাহিদা বিবেচনায় পারমাণবিক বিদ্যুতকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করে ড. আরশাদ মোমেন বলেন, “ছোট আয়তনের দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই বিকল্প জ্বালানি উৎস হিসেবে পারমাণবিক বিদ্যুৎ আমাদের জন্য উপযোগী। তবে এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে বাংলাদেশি কর্মকর্তা, প্রকৌশলী ও অপারেটররা যে অভিজ্ঞতা অর্জন করছেন, তা ভবিষ্যতে নিজস্ব জনবলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতা গড়ে তুলতে সহায়ক হবে। এজন্য দক্ষ জনশক্তি তৈরিতে এখন থেকেই বিনিয়োগ ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। উত্তর ও পশ্চিমের দেশগুলোর ওপর নির্ভর না করে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস ও দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের ফেলো অধ্যাপক ড. আখতার হোসেন বলেন, “দেশে বিদ্যুৎ সংকটের এই মুহূর্তে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়া অত্যন্ত আনন্দের এবং স্বস্তির বিষয়। বিদ্যুতের ঘাটতির কারণে সরকার ইতোমধ্যে কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি।
তিনি আশা প্রকাশ করেন, প্রথম ইউনিটের উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে বাড়বে। পাশাপাশি দ্বিতীয় ইউনিট চালুর প্রচেষ্টাও চলছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। বিশেষ করে শিল্পকারখানায় উৎপাদন বাড়বে এবং বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ওপর নির্ভরতা কমবে।
এ সাফল্যের পেছনে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনাকারীদের অবদানেরও প্রশংসা করেন অধ্যাপক ড. আখতার হোসেন। তিনি বলেন, রুশ পরিচালনাকারী সংস্থা সিআরইএ-এর বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশি জনবল পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, “রুশ বিশেষজ্ঞদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছেন। দেশের নিজস্ব পারমাণবিক জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা অত্যন্ত সংবেদনশীল ও জটিল কারিগরি প্রক্রিয়া। জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় এবং স্থিতিশীলভাবে বিদ্যুৎ উৎপাদন বজায় রাখতে প্রতিটি পর্যায়ে সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব প্রয়োজন। বাংলাদেশি পরিচালনাকারীরা রুশ বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিতভাবে এসব দায়িত্ব পালন করে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছেন।
ড. জাহেদুল হাসানের মতে, বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারীরা শুধু বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় অংশ নিচ্ছেন না, বরং ভবিষ্যতে নিজস্ব দক্ষ জনবলের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার ভিত্তিও গড়ে তুলছেন। তাঁদের পেশাগত উৎকর্ষ ও দায়িত্ববোধ দেশের পারমাণবিক বিদ্যুৎ খাতকে আরও এগিয়ে নেবে।
এনপিসিবিএলের ডেপুটি চিফ সুপারিনটেনডেন্ট এস এম মাহমুদ আরাফাত বলেন, “রূপপুরের এই সাফল্যের পেছনে বিশেষভাবে প্রশংসার দাবিদার এনপিসিবিএলের কর্মকর্তা-কর্মচারী ও পরিচালনাকারীরা। রুশ পরিচালনাকারী সংস্থা সিআরইএ-এর বিশেষজ্ঞদের সঙ্গে মিলেমিশে তাঁরা পেশাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান ও সমন্বিত কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশি জনবল পারমাণবিক নিরাপত্তা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের সমন্বয় বা গ্রিড সিনক্রো নাইজেশনের মতো জটিল কারিগরি প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে। এই অর্জন ভবিষ্যতে নিজস্ব জনবলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সক্ষমতাকে আরও সুদৃঢ় করবে।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, এক সময় বাংলাদেশের কাছে পারমাণবিক প্রযুক্তি ছিল সম্পূর্ণ নতুন ও চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক সহযোগিতা ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে এখন দেশের প্রকৌশলী ও পরিচালনাকারীরা এই প্রযুক্তির বাস্তব পরিচালনায় অভিজ্ঞতা অর্জন করছেন। তাঁদের এই অভিজ্ঞতা দেশের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা বিকাশের পথ সুগম করছে।
সব মিলিয়ে রূপপুরের প্রথম ইউনিটের ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের সাফল্য কেবল প্রযুক্তিগত অর্জন নয়; এটি পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় বাংলাদেশের নিজস্ব জনশক্তির দক্ষতা, আত্মবিশ্বাস ও সক্ষমতা অর্জনেরও এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
খাদ্যমন্ত্রী আফরোজা খানম দেশের প্রচলিত আইনগুলোকে কার্যকর ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেছেন, যা জনস্বার্থ নিশ্চিত করবে। তিনি উল্লেখ করেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি আইনকে আরও কঠোর ও যুগোপযোগী করা হবে, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব জনগণের কল্যাণ নিশ্চিত করা। প্রতিটি দপ্তরকে তাদের নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে এবং জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে আরও সক্রিয় হতে হবে।
খাদ্যে ভেজাল প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, বিদ্যমান আইনে পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান থাকলেও তা অসাধু ব্যবসায়ীদের জন্য যথেষ্ট নয়। অপরাধীদের আরও কঠোর শাস্তির আওতায় আনতে আইনকে যুগোপযোগী ও কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মানিকগঞ্জের বিসিক শিল্পনগরী সম্পর্কে মন্ত্রী বলেন, অব্যবহৃত কারখানা ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোর অবস্থা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে হবে। প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিতে হবে, যাতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিতে হবে। সড়ক দুর্ঘটনা, বিশেষ করে মোটরসাইকেল ও সেলফি-সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
খাদ্যমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দিয়ে বলেন, সামান্য সমস্যার কারণে কোনো প্রকল্প দীর্ঘদিন আটকে রাখা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।
এর আগে সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শিশু পার্ক’ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। পরে বিকেলে তিনি শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন এবং সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জামিয়া ইসলামিয়া ও মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই লক্ষ্যণীয়। বিশেষ করে, তিনি কেন বিয়ে করেননি, সে বিষয়ে আলোচনা বিভিন্ন সময়ে হয়েছে। একাধিক সম্পর্কের মধ্যে জড়ালেও, সাবেক এই বিশ্বসুন্দরী এখনও বিয়ের পিঁড়িতে বসেননি। বিয়ে না করার কারণ সম্পর্কে ২০২২ সালে তিনি একটি সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেছিলেন। তবে, ২০২৬ সালে বিয়ে নিয়ে নতুন মন্তব্যও করেছেন সুস্মিতা।
আজ ১৯ নভেম্বর, সুস্মিতা সেনের ৫১তম জন্মদিন। ১৯৭৫ সালের এই দিনে ভারতের হায়দরাবাদে তার জন্ম হয়। জন্মদিন উপলক্ষে, অভিনেত্রীর বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আগের আলোচনাগুলো নতুন করে সামনে এসেছে।
যে কারণে বিয়ে করেননি
২০২২ সালে টুইঙ্কল খান্নার সঙ্গে ‘টুইক ইন্ডিয়া’র ‘দ্য আইকনস’ অনুষ্ঠানে সুস্মিতা তার বিয়ে না করার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘সৌভাগ্যক্রমে জীবনে বেশ কয়েকজন আকর্ষণীয় পুরুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। কিন্তু তাদের কাছ থেকে হতাশ হতে হয়েছে। এটাই আমার বিয়ে না করার একমাত্র কারণ।’
সাক্ষাৎকারে সুস্মিতা আরও জানান, তিনি তিনবার বিয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলেন। তবে, প্রতিবারই শেষ পর্যন্ত বিয়ে থেকে সরে আসেন। তার বিশ্বাস, ঈশ্বর তাকে এবং তার দুই মেয়েকে জটিল সম্পর্ক থেকে রক্ষা করেছেন।
বিয়ে নিয়ে নতুন কী বললেন সুস্মিতা
২০২২ সালের সাক্ষাৎকারের পর, ২০২৬ সালের জানুয়ারিতে বিয়ে নিয়ে আবারও কথা বলেন সুস্মিতা। ইনস্টাগ্রাম লাইভে এক ভক্তের প্রশ্নের জবাবে তিনি জানান, তিনিও বিয়ে করতে চান। তবে, তার জন্য একটি উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া জরুরি। তিনি শুধু বিয়ে করার জন্য বিয়ে করতে চান না।
এরপর, ২০২৬ সালের আগস্টে আরেকটি ইনস্টাগ্রাম লাইভে এক ভক্ত জানতে চান, কবে বিয়ে করবেন সুস্মিতা। মজার ছলে অভিনেত্রী বলেন, ‘এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকবেন আপনি আর আমিও।’ তার মন্তব্যে বিয়ের বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়নি।
মেয়েদের কখনো সম্পর্কের বাধা মনে করেননি তিনি। ২০০০ সালে রেনেকে দত্তক নেন সুস্মিতা। এরপর ২০১০ সালে তার দ্বিতীয় মেয়ে আলিসা পরিবারে আসে। দুই মেয়েকে নিয়েই একক মা হিসেবে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী। ২০২২ সালের সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছিলেন, সন্তানরা কখনো তার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং, তার জীবনে আসা মানুষদের দুই মেয়ে আন্তরিকভাবে গ্রহণ করেছে।
রোহমান শলের সঙ্গে বিচ্ছেদ
মডেল রোহমান শলের সঙ্গেও সুস্মিতা সম্পর্কে ছিলেন। ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিচ্ছেদের খবর জানান অভিনেত্রী। সে সময় তিনি বলেছিলেন, বন্ধুত্ব দিয়ে তাদের সম্পর্কের শুরু হয়েছিল, বন্ধুত্ব দিয়েই তা থাকবে। প্রেমের সম্পর্ক শেষ হলেও ভালোবাসা রয়ে গেছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জেতেন সুস্মিতা সেন। ১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ‘বিবি নম্বর ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ও ‘ফিজা’র মতো সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি পান। পরে ‘আরিয়া’ ওয়েব সিরিজের মাধ্যমেও প্রশংসা অর্জন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকায় একটি বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যা নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ছাত্রদলের উদ্যোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভে অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে বেলা ২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিক্ষোভ শাহবাগে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ চলাকালীন ছাত্রদল নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
বিস্তারিত আসছে....
তালাশ বিডি/মিডিয়া লিঃ